সংগীতজগতে নতুন এক ইতিহাস গড়লেন কানাডিয়ান র্যাপ তারকা Drake। প্রথম শিল্পী হিসেবে একসঙ্গে বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টের শীর্ষ তিনটি স্থান দখল করেছেন তিনি। একই সময়ে প্রকাশিত তার তিনটি অ্যালবামই এখন চার্টের এক, দুই ও তিন নম্বরে অবস্থান করছে।
বিলবোর্ডের সর্বশেষ তালিকায় ড্রেকের নতুন অ্যালবাম ‘আইসম্যান’ শীর্ষে উঠে এসেছে। এটি তার ক্যারিয়ারের ১৫তম নাম্বার ওয়ান অ্যালবাম। এর মাধ্যমে একক পুরুষ শিল্পী হিসেবে সবচেয়ে বেশি চার্টজয়ী অ্যালবামের রেকর্ডেও এগিয়ে গেলেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল Jay-Z–এর দখলে।
টেইলর সুইফটের সঙ্গে সমতা
বর্তমানে একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি নাম্বার ওয়ান অ্যালবামের তালিকায় ড্রেক সমতায় রয়েছেন Taylor Swift–এর সঙ্গে। দুজনেরই এখন সমান সংখ্যক শীর্ষ অ্যালবাম রয়েছে। তবে সব মিলিয়ে এখনও এগিয়ে আছে কিংবদন্তি ব্যান্ড The Beatles, যাদের ঝুলিতে রয়েছে ১৯টি নাম্বার ওয়ান অ্যালবাম।
শীর্ষ তিনে তিন ভিন্ন রূপের ড্রেক
চার্টে দ্বিতীয় স্থানে রয়েছে ‘হাবিবতি’ এবং তৃতীয় স্থানে আছে ‘মেইড অব অনার’। সংগীত বিশ্লেষকদের মতে, এই তিনটি অ্যালবামের সাফল্য দেখাচ্ছে শ্রোতারা ড্রেকের ভিন্ন ভিন্ন আবেগ ও ধাঁচের গান পছন্দ করেন।
‘আইসম্যান’-এ আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ড্রেককে দেখা গেছে। ‘হাবিবতি’তে রয়েছে আবেগঘন ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। আর ‘মেইড অব অনার’ মূলত পার্টি ও বিনোদনধর্মী গানের জন্য আলোচনায় এসেছে।
ডিজিটাল যুগে বদলে গেছে হিসাব

সংগীত বাজারে ডিজিটাল স্ট্রিমিংয়ের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে বিলবোর্ডের হিসাব পদ্ধতিতেও এসেছে বড় পরিবর্তন। বিশ্লেষকদের মতে, বর্তমান নিয়মের কারণে একই শিল্পীর একাধিক অ্যালবাম একসঙ্গে চার্টের শীর্ষে ওঠার সুযোগ এখন অনেক বেশি।
এর আগে Michael Jackson–এর মৃত্যুর পর তার পুরোনো অ্যালবামগুলো নতুন করে জনপ্রিয়তা পেলেও সে সময়কার নিয়মের কারণে সেগুলো চার্টে পূর্ণ সুবিধা পায়নি। এখনকার ডিজিটাল যুগে স্ট্রিমিং, ডাউনলোড ও অনলাইন শ্রোতা সংখ্যার ওপর ভিত্তি করে চার্ট নির্ধারণ হওয়ায় পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।
ড্রেকের এই অর্জনকে সংগীত ইতিহাসের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখছেন ভক্ত ও বিশ্লেষকরা। নতুন এই রেকর্ডের মাধ্যমে আবারও প্রমাণ হলো, বিশ্ব সংগীত অঙ্গনে তার জনপ্রিয়তা এখনও তুঙ্গে।
সারাক্ষণ রিপোর্ট 



















