যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে। হোয়াইট হাউসের একটি ভিডিওতে তার গান ব্যবহারের ঘটনায় তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এমন ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন।
সম্প্রতি হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে অভিবাসন কর্মকর্তাদের বিভিন্ন ব্যক্তিকে আটক ও হাতকড়া পরানোর দৃশ্য দেখানো হয়। ভিডিওটির সঙ্গে যুক্ত ছিল একটি বার্তা, যেখানে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশাসনের সাফল্যের দাবি করা হয়। সেই ভিডিওতে ব্যবহার করা হয় আরিয়ানা গ্রান্দের জনপ্রিয় গান ‘বাই’।
ভিডিওটি প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানান এই শিল্পী। তিনি মন্তব্য করেন যে তার সংগীতকে এমন একটি বিষয়ের সঙ্গে যুক্ত করা উচিত নয়, যাকে তিনি নিষ্ঠুর, অমানবিক ও নিন্দনীয় বলে মনে করেন। তার আপত্তির পর ভিডিও থেকে গানটি সরিয়ে নেওয়া হয়।

শিল্পীদের ক্ষোভ বাড়ছে
এটি প্রথম ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে একাধিক শিল্পী অভিযোগ করেছেন যে তাদের অনুমতি ছাড়াই রাজনৈতিক বার্তা বা অভিবাসন-সংক্রান্ত প্রচারণায় তাদের গান ব্যবহার করা হয়েছে।
বিভিন্ন শিল্পী প্রকাশ্যে জানিয়েছেন, তাদের সংগীত বিভাজন, ঘৃণা বা বিতর্কিত রাজনৈতিক অবস্থানকে সমর্থন করার জন্য তৈরি হয়নি। অনেকেই এমন ব্যবহারে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কৌশল?
বিশ্লেষকদের মতে, জনপ্রিয় শিল্পীদের গান ব্যবহার করে বিতর্ক তৈরি করা এখন সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রাজনৈতিক কৌশলের অংশ হয়ে উঠেছে। এর ফলে একদিকে রাজনৈতিক বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, অন্যদিকে শিল্পীদের প্রতিক্রিয়াও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই ধরনের ঘটনায় প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ধরনের বিতর্ক তৈরি হয়, যা সংশ্লিষ্ট ভিডিও বা বার্তার প্রচার আরও বাড়িয়ে দেয়। ফলে রাজনৈতিক প্রচারণা ও জনপ্রিয় সংস্কৃতির সংঘাত নতুন মাত্রা পাচ্ছে।

সংগীতে ব্যস্ত আরিয়ানা
বিতর্কের মধ্যেই নিজের সংগীতজীবনের নতুন অধ্যায় নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরিয়ানা গ্রান্দে। আগামী ৩১ জুলাই তার অষ্টম স্টুডিও অ্যালবাম প্রকাশের কথা রয়েছে। এরই মধ্যে অ্যালবামের প্রধান গানটি বিভিন্ন সংগীত তালিকায় শীর্ষ অবস্থান দখল করে ব্যাপক সাড়া ফেলেছে।
সংগীতের সাফল্যের পাশাপাশি সামাজিক ও মানবিক বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করে আবারও আলোচনায় এলেন এই বিশ্বখ্যাত শিল্পী।
সারাক্ষণ রিপোর্ট 



















