২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু থেকেই স্পেনকে শিরোপার সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম মারকার নিজস্ব পূর্বাভাস মডেল। টুর্নামেন্টের শেষ প্রান্তে এসে সেই মূল্যায়ন আরও শক্তিশালী হয়েছে। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৯ শতাংশ, যা পুরো আসরে দলটির সর্বোচ্চ সম্ভাবনা।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনালের ফলাফলের পর এই হিসাব কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে স্পেনই সবচেয়ে এগিয়ে রয়েছে বলে মনে করছে মারকার পূর্বাভাস ব্যবস্থা।
কীভাবে নির্ধারণ করা হচ্ছে সম্ভাবনা?
মারকার এই পূর্বাভাস একটি গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এতে অংশ নেওয়া ৪৮টি দলের সম্ভাবনা গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ধাপে ধাপে হিসাব করা হয়েছে।
এই মডেলের ভিত্তি হলো ‘ইলো রেটিং’ (Elo Rating) ব্যবস্থা। মূলত দাবা খেলার জন্য তৈরি হলেও বর্তমানে আন্তর্জাতিক ফুটবলেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কোনো দল শক্তিশালী প্রতিপক্ষকে হারালে তাদের রেটিং বেশি বাড়ে, আর দুর্বল দলের বিপক্ষে জয় তুলনামূলক কম মূল্য যোগ করে।

ফিফা র্যাঙ্কিংয়ের বদলে ইলো কেন?
মারকার ব্যাখ্যায় বলা হয়েছে, ফিফা র্যাঙ্কিংয়ে ম্যাচের সংখ্যা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার প্রভাব বেশি থাকে। অনেক সময় কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ম্যাচও অবস্থানকে প্রভাবিত করতে পারে।
অন্যদিকে ইলো রেটিং প্রতিটি ম্যাচের ফলের পরই হালনাগাদ হয় এবং সাম্প্রতিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেয়। বড় টুর্নামেন্টের ফলাফল পূর্বাভাসে বিভিন্ন গবেষণাতেও ইলো রেটিংকে ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় বেশি কার্যকর হিসেবে দেখা হয়েছে।
সম্ভাবনার হিসাব কীভাবে করা হয়?
প্রতিটি ম্যাচে দুই দলের ইলো রেটিংয়ের পার্থক্য বিশ্লেষণ করে জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়। তবে ফুটবলে ড্রয়ের সম্ভাবনাও গুরুত্বপূর্ণ হওয়ায় সেই বিষয়টিও আলাদা করে যুক্ত করা হয়েছে।
১৯৯৪ থেকে ২০২২ সালের বিশ্বকাপের তথ্য বিশ্লেষণ করে ড্রয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে। দুই দলের শক্তিমত্তা কাছাকাছি হলে ড্রয়ের সম্ভাবনা প্রায় ৩৩ শতাংশ ধরা হয়। আবার রেটিংয়ের ব্যবধান ৪০০ পয়েন্টের বেশি হলে ড্রয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও নিচে নেমে আসে।

উদাহরণ হিসেবে স্পেনের ইলো রেটিং ২১৫৫ এবং কাতারের ১৪২১ ধরা হলে দুই দলের ব্যবধান দাঁড়ায় ৭৩৪ পয়েন্ট। সে ক্ষেত্রে স্পেনের জয়ের সম্ভাবনা ৮৬ থেকে ৮৮ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ৬ শতাংশেরও কম বলে দেখায় মডেলটি।
এক লাখ সিমুলেশনের ভিত্তিতে পূর্বাভাস
মারকার এই পূর্বাভাস কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। পুরো টুর্নামেন্টকে ১ লাখ বার ভার্চুয়ালি সিমুলেশন চালিয়ে প্রতিটি দলের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে।
যদি কোনো দলের শিরোপা জয়ের সম্ভাবনা ১৫ শতাংশ দেখানো হয়, তার অর্থ হলো এক লাখ সিমুলেশনের মধ্যে প্রায় ১৫ হাজারবার সেই দল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ এটি কোনো নিশ্চিত ফল নয়, বরং বর্তমান শক্তিমত্তার ভিত্তিতে সম্ভাবনার পরিমাপ।
এ ছাড়া প্রতিদিন সকালে সর্বশেষ অফিসিয়াল ম্যাচের ফল যুক্ত করে ইলো রেটিং স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়। ফলে প্রতিটি দলের সম্ভাবনাও নিয়মিত পরিবর্তিত হয় এবং সর্বশেষ পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়।
সারাক্ষণ রিপোর্ট 


















