ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত নতুন চলচ্চিত্র দ্য ওডিসি বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ালেও, ছবিটির অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হোমারের ওডিসি-র অনুবাদক এমিলি উইলসন ছবিটির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি ছবির চিত্রনাটাকে দুর্বল, বর্ণনাশৈলীকে ‘গিমিকপূর্ণ’ এবং চরিত্র নির্মাণকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন।
লন্ডন রিভিউ অব বুকসে প্রকাশিত এক পর্যালোচনায় উইলসন লিখেছেন, তিনি এই ধরনের চিত্রনাটা লিখতে লজ্জা পেতেন। তাঁর ভাষায়, ছবির লেখনী অত্যন্ত দুর্বল এবং চরিত্রগুলোর কথা ও কাজের পেছনে বিশ্বাসযোগ্য প্রেরণা নেই। তিনি আরও বলেন, ছবিতে কোনো যৌন দৃশ্য নেই এবং খাবারের উপস্থাপনাও আকর্ষণহীন।
গভীরতার অভাবের অভিযোগ
২০১৭ সালে প্রকাশিত এমিলি উইলসনের ইংরেজি অনুবাদকে নোলান নিজেই তাঁর চলচ্চিত্র নির্মাণে প্রভাব হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু সেই অনুবাদকই এখন বলছেন, ছবিটিতে মনস্তাত্ত্বিক, আবেগিক, রাজনৈতিক ও নৈতিক গভীরতার ঘাটতি স্পষ্ট।

তিন ঘণ্টার এই মহাকাব্যিক চলচ্চিত্র নিয়ে উইলসন লিখেছেন, তিনি আশা করেছিলেন হোমারের বিষয়বস্তুর প্রতি নোলানের আগ্রহ তাঁকে নতুন সৃজনশীল উচ্চতায় পৌঁছে দেবে এবং আরও বিশ্বাসযোগ্য চরিত্র নির্মাণে সহায়তা করবে। কিন্তু তাঁর মতে, ছবিটি নোলানের পরিচিত আড়ম্বর ও উপরিতলীয় উপস্থাপনার পুনরাবৃত্তি। বড় বিস্ফোরণ ও দৈত্যাকৃতির দৃশ্য নির্মাণে সফল হলেও, বড় ধারণাগুলো যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে চলচ্চিত্রটি।
তবু চলচ্চিত্রটির ইতিবাচক প্রভাব স্বীকার
কঠোর সমালোচনার পরও এমিলি উইলসন স্বীকার করেছেন, দ্য ওডিসি মুক্তি পাওয়া নিজেই উদযাপনের একটি ঘটনা। তাঁর মতে, এই চলচ্চিত্র দর্শকদের আবার সিনেমা হলে ফিরিয়ে আনছে এবং হোমারের ওডিসি-র বিভিন্ন অনুবাদ, তাঁর নিজের অনুবাদসহ, নতুন করে পাঠকের আগ্রহ পাচ্ছে।
তিনি আরও আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি হয়তো বিশ্ববিদ্যালয়গুলোর সাহিত্য, ভাষা ও ইতিহাস বিভাগ সংকুচিত করার প্রবণতা পুনর্বিবেচনায়ও ভূমিকা রাখতে পারে। নোলান সাধারণ মানুষকে আবার বই পড়ার প্রতি আগ্রহী করার চেষ্টা করছেন বলেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিবারবান্ধব হলেও আবেগে ঘাটতি

উইলসন জানান, তাঁর কিশোর সন্তানরা ছবিটি উপভোগ করেছে। তবে তাঁর মতে, এটি মূলত একটি পরিবারবান্ধব অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী, যার আবেগ ও কাহিনির গভীরতা সীমিত। তিনি বলেন, উৎস উপাদানের কারণে নোলানের আগের চলচ্চিত্রগুলোর তুলনায় এতে নারী চরিত্রের সংখ্যা বেশি হলেও, কবিতায় যেভাবে তাদের ব্যক্তিত্ব ফুটে উঠেছে, সেই শক্তি চলচ্চিত্রে অনুপস্থিত।
নোলানের অনুপ্রেরণা ও সমালোচকদের ভিন্ন মূল্যায়ন
চলচ্চিত্রটির প্রচারণাকালে এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টোফার নোলান বলেন, এমিলি উইলসনের অনুবাদের প্রথম লাইন—“Tell me about a complicated man”—ম্যাট ডেমন অভিনীত ওডিসিউস চরিত্র নির্মাণে তাঁর জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে।
অন্যদিকে, অধিকাংশ চলচ্চিত্র সমালোচক দ্য ওডিসি-কে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। ওপেনহাইমারের পর নোলানের প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তিপ্রাপ্ত এই ছবি সম্পর্কে দ্য টেলিগ্রাফ একে ‘বছরের সেরা চলচ্চিত্র’ বলেছে। মেট্রো লিখেছে, এটি সিনেমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। দ্য টাইমস একে ‘সব দিক থেকেই একটি মাস্টারপিস’ আখ্যা দিয়েছে এবং দ্য স্ট্যান্ডার্ড ছবিটিকে ‘বিশাল মাপের সিনেমাটিক সৃষ্টি’ হিসেবে বর্ণনা করেছে।
চলতি মাসে মুক্তি পাওয়া দ্য ওডিসি-তে ম্যাট ডেমনের পাশাপাশি জেনডায়া, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথাওয়ে, শার্লিজ থেরন ও লুপিতা নিয়ঙ্গ’ও অভিনয় করেছেন। ট্রয় যুদ্ধের পর ইথাকার রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপজ্জনক স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনিই এই চলচ্চিত্রের মূল বিষয়।

সারাক্ষণ রিপোর্ট 



















