জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় চীনের বই ও সংস্কৃতি ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক পাঠকদের আগ্রহ। ইতিহাস, সাহিত্য, ঐতিহ্য এবং আধুনিক জীবনধারার গল্প তুলে ধরতে এবার মেলায় অংশ নিয়েছে চীনের প্রায় ১৭০টি প্রকাশনা প্রতিষ্ঠান। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে রয়েছে আলোচনা, নতুন বই প্রকাশ এবং প্রকাশকদের মধ্যে মতবিনিময়সহ প্রায় ৫৫টি অনুষ্ঠান।

লেবাননের প্রকাশনা প্রতিষ্ঠান ডিজিটাল ফিউচারের প্রধান নির্বাহী মোহামাদ এল খতিবের মতে, বিশেষ করে আরব দেশগুলোতে চীন সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে। পরিবার, জীবন ও মা-বাবার প্রতি সম্মানের মতো মূল্যবোধ চীনা সংস্কৃতির সঙ্গে আরব সমাজের মিল তৈরি করেছে।

ফ্রাঙ্কফুর্ট কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিনা ভেরুম-ওয়াং মনে করেন, বইয়ের মাধ্যমে চীনকে জানার সুযোগ পান পাঠকেরা। মেলায় চীনা বইয়ের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ করছে পান্ডার খেলনা ও ডিজিটাল গেমও।

গেম নির্মাতা প্রতিষ্ঠান হোয়োভার্সের এক প্রতিনিধি জানান, ভিডিও গেমের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হতে পারে, যা মানুষকে বই পড়া ও সাংস্কৃতিক আয়োজন উপভোগে উৎসাহিত করে।

বই, অনুবাদ ও ডিজিটাল মাধ্যমের এই সমন্বয় চীনের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি করছে।
সিএমজি বাংলা













