রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে মসলা ও শুকনা ফলের দাম বাড়ছে। গত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে পণ্যভেদে কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে, বেশি দামে পণ্য কিনে বিক্রি করতে গিয়ে ক্রেতা হারানোর আশঙ্কায় রয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে মসলার এই মূল্যবৃদ্ধির চিত্র পাওয়া গেছে।
এলাচের দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা
কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়ার তথ্য অনুযায়ী, গত ১০ দিনে বেশ কয়েকটি মসলার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকা। অর্থাৎ কেজিতে বেড়েছে ৪০০ টাকা।
একই সময়ে লবঙ্গের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭০০ টাকা হয়েছে। জিরার দাম ৫৫০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ টাকা।
শুকনা ফলের মধ্যে কাজুবাদামের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ১ হাজার ৪০০ টাকা, পেস্তাবাদাম ৩ হাজার ৭০০ থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা এবং কিশমিশ ৮২০ থেকে বেড়ে ৮৮০ টাকা হয়েছে। এ ছাড়া ইসবগুলের ভুসির দাম ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।
সজীব মিয়া জানান, দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ দুই-তিনটি দোকানে দাম যাচাই করেও শেষ পর্যন্ত পণ্য কিনছেন না।
পাইকারি বাজারেও বাড়তি চাপ
ইব্রাহিমপুর কাঁচাবাজারের হাশেম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, কচুক্ষেতের পাইকারি বাজার থেকে জিরা কিনতে এখন কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা বিক্রি করতে হচ্ছে ৭০০ টাকায়। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে।
কারওয়ান বাজারের পাইকারি মসলার দোকান রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলও মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।
তিনি জানান, ভারত থেকে জিরা ও এলাচসহ বিভিন্ন ধরনের মসলা আমদানি করা হয়। ঢাকার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা তাঁর দোকান থেকে এসব পণ্য কিনে সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।
বিক্রি কমার আশঙ্কায় খুচরা ব্যবসায়ীরা
মিরপুরের পল্লবীর কালশী বাজারের খুচরা বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনেছিলেন। এবার একই পণ্য কিনতে হয়েছে ৬২০ টাকায়।
এ ছাড়া তিনি ২০ কেজি করে হলুদ ও মরিচ কিনেছেন। এসব পণ্যের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।
শাহীন শেখের ভাষ্য, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। দাম বাড়লে স্বাভাবিকভাবেই পণ্যের চাহিদা কমে যায়। এতে খুচরা ব্যবসায়ীদের বিক্রিও কমে আসে।
মসলার বাজারে এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি ক্রেতাদের নিত্যদিনের ব্যয় বাড়ানোর পাশাপাশি পাইকারি ও খুচরা ব্যবসার ওপরও চাপ তৈরি করছে।












