যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের জন্য সামরিক ব্যয় কমানোর উদ্যোগ দেশটির জাতীয় নিরাপত্তাকে দুর্বল করবে, অথচ এতে সরকারের আর্থিক সংকটের উল্লেখযোগ্য সমাধান হবে না। বরং সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের প্রতিরক্ষা নীতিকে অনুসরণ করে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সংস্কার আনার পরামর্শ দিয়েছেন দুই মার্কিন অর্থনীতি ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ।
২০ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে মাইকেল বসকিন ও রজার জাখেইম যুক্তি দিয়েছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট সংকুচিত করা কৌশলগত ভুল হবে। তাঁদের মতে, সামরিক শক্তি দুর্বল হলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থও ঝুঁকির মুখে পড়বে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি ব্যয়ের অর্থায়ন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে। রিপাবলিকানদের একাংশ সামরিক ব্যয় কমানোর পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যেও প্রতিরক্ষা খাতের অর্থ অন্য সামাজিক ও সরকারি কর্মসূচিতে ব্যবহারের দাবি রয়েছে।
লেখকদের মতে, দুই পক্ষের এই অবস্থানই দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে।
ঋণ কমানোর নামে প্রতিরক্ষা খাতে কাটছাঁটের পুরোনো ভুল
যুক্তরাষ্ট্র অতীতেও বাজেট ঘাটতি ও জাতীয় ঋণ নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গিয়ে প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট করেছে। ১৯৭০-এর দশকে নিক্সন প্রশাসনের সময়, ২০১০-এর দশকে বাজেট নিয়ন্ত্রণসংক্রান্ত পদক্ষেপ এবং ২০২৩ সালের ফিসকাল রেসপনসিবিলিটি আইনের ক্ষেত্রেও প্রতিরক্ষা ব্যয় সীমিত করার প্রবণতা দেখা গেছে।
কিন্তু এসব উদ্যোগে সরকারের ঋণ বৃদ্ধির প্রধান কারণগুলো যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। বরং সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেখকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজেটের বড় চাপ তৈরি করছে সামাজিক নিরাপত্তা, চিকিৎসাসেবা এবং জাতীয় ঋণের সুদ পরিশোধের মতো বাধ্যতামূলক ব্যয়। ফলে শুধু প্রতিরক্ষা খাতে অর্থ কমিয়ে সামগ্রিক আর্থিক সংকট সমাধান করা সম্ভব নয়।
রিগ্যানের সময়ে সামরিক শক্তি ও অর্থনৈতিক সংস্কার
১৯৮০-এর দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ক্ষমতায় আসার সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল বড় সংকটে। মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছেছিল, বেকারত্ব ছিল বেশি এবং ঋণের সুদের হার ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। একই সময়ে সোভিয়েত ইউনিয়নের সামরিক ও ভূরাজনৈতিক প্রভাব বাড়ছিল।
এ অবস্থায় রিগ্যান সামরিক ব্যয় কমানোর পরিবর্তে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে করব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি নিয়ন্ত্রণ কাঠামোয় সংস্কারের উদ্যোগ নেন।
১৯৮১ সালে তাঁর বাজেট ও ব্যবস্থাপনাবিষয়ক দপ্তরের পরিচালক ডেভিড স্টকম্যান বাজেট ঘাটতি কমাতে প্রতিরক্ষা কর্মসূচির বরাদ্দ হ্রাসের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রিগ্যান জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার অবস্থানে অনড় থাকেন।
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের শান্তিকালীন বাজেট ঘাটতি প্রায় ২০০ বিলিয়ন ডলারে পৌঁছালেও রিগ্যান সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা থেকে সরে আসেননি। পরবর্তী তিন বছরে প্রতিরক্ষা ব্যয় প্রায় এক-তৃতীয়াংশ বাড়ে। একপর্যায়ে তা মোট দেশজ উৎপাদনের প্রায় ৬ শতাংশে পৌঁছায়।
১৯৮৭ সালে শেয়ারবাজারে বড় ধসের পরও তিনি প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের কাটছাঁট মেনে নেননি। বরং ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের সঙ্গে সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সামরিক ব্যয়ের পরিকল্পনা এগিয়ে নেন।
এর পরের বছর সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ পূর্ব ইউরোপ থেকে সোভিয়েত সেনাবাহিনীর আক্রমণাত্মক ডিভিশন প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেন।
বুশের আমলেও অব্যাহত ছিল একই কৌশল
রিগ্যানের উত্তরসূরি জর্জ এইচ ডব্লিউ বুশও প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার নীতি অনুসরণ করেন। ১৯৯০ সালের বাজেট বাস্তবায়নসংক্রান্ত আইনের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সময় তিনি প্রতিরক্ষা খাতে বড় ধরনের কাটছাঁটের পরিবর্তে করসংক্রান্ত বিষয়ে ছাড় দেন।
উপসাগরীয় যুদ্ধের সামরিক ব্যয়কে প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতার বাইরে রাখার উদ্যোগও তাঁর কৌশলের অংশ ছিল। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থান শক্তিশালী হয় এবং প্রথম উপসাগরীয় যুদ্ধে দ্রুত বিজয় অর্জনে সহায়তা করে।
লেখকদের মূল্যায়নে, রিগ্যানের সামরিক বিনিয়োগ ও পরবর্তী অর্থনৈতিক সংস্কার যুক্তরাষ্ট্রকে স্নায়ুযুদ্ধে বিজয়ী হতে সাহায্য করে। একই সঙ্গে দেশটি দীর্ঘ সময়ের অর্থনৈতিক সম্প্রসারণ ও তুলনামূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরিবেশের সুবিধা পায়। ১৯৯০-এর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বাজেট উদ্বৃত্ত অর্জনের ক্ষেত্রেও অর্থনৈতিক সংস্কার ভূমিকা রাখে।
বর্তমান বাজেটে বড় চাপ সামাজিক নিরাপত্তা ও ঋণের সুদ
বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সরকারি ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ চলে যাচ্ছে বাধ্যতামূলক খাতে। এর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার এবং জাতীয় ঋণের সুদ পরিশোধ।
অন্যদিকে কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দশকের মধ্যে মোট সরকারি ব্যয়ের ১০ শতাংশেরও কম হবে প্রতিরক্ষা খাতের বরাদ্দ।
লেখকদের মতে, এই বাস্তবতায় সামরিক বাজেট থেকে অর্থ সরিয়ে অন্য খাতে ব্যয় করলেও জাতীয় ঋণের মূল সমস্যার সমাধান হবে না। বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যে সামরিক সক্ষমতা প্রয়োজন, তা দুর্বল হয়ে পড়বে।
ঋণ নিয়েও প্রতিরক্ষা বিনিয়োগের পক্ষে যুক্তি
১৯৮০ সালের নির্বাচনী প্রচারে রিগ্যান বলেছিলেন, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কারণে যদি বাজেট ঘাটতি তৈরি হয়, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে। বসকিন ও জাখেইম মনে করেন, বর্তমান পরিস্থিতিতেও এই নীতির প্রাসঙ্গিকতা রয়েছে।
তাঁদের মতে, সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ঋণ নেওয়া দায়িত্বশীল অর্থনৈতিক কৌশল হতে পারে, যদি একই সঙ্গে সরকারি অপচয় কমানো, প্রশাসনিক কার্যক্রম আধুনিক করা এবং সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়ায় দক্ষতা বাড়ানো হয়।
তাঁদের মূল বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিরক্ষা ব্যয় কমিয়ে সাময়িকভাবে বাজেটের চাপ সামলানোর চেষ্টা না করে সরকারের ব্যয়ের কাঠামোতে মৌলিক সংস্কার আনতে হবে।












