আজকের আধুনিক জীবনে প্লাস্টিক যেন অপরিহার্য একটি উপাদান। কিন্তু এই প্লাস্টিকের যাত্রা শুরু হয়েছিল বহু আগেই, প্রাকৃতিক উপাদানের ব্যবহার থেকে ধীরে ধীরে বিজ্ঞানভিত্তিক আবিষ্কারের মধ্য দিয়ে। মানবসভ্যতার ইতিহাসে প্লাস্টিকের বিকাশ একদিকে যেমন উদ্ভাবনের গল্প, অন্যদিকে তেমনি এর পরিবেশগত প্রভাবও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
প্রাকৃতিক প্লাস্টিকের শুরু
মানুষ বহু হাজার বছর ধরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আসছে, যেগুলোর বৈশিষ্ট্য প্লাস্টিকের মতো। রাবার, অ্যাম্বার, পশুর শিং, গাছের গাম ও শেলাক—এসব উপাদান সহজে আকার দেওয়া যেত এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। তবে এগুলো ছিল প্রাকৃতিক উৎসভিত্তিক, সম্পূর্ণ কৃত্রিম নয়।
প্রথম কৃত্রিম পদার্থের আবির্ভাব
১৯শ শতকে এসে শুরু হয় কৃত্রিম প্লাস্টিক তৈরির চেষ্টা। ১৮৬২ সালে ইংল্যান্ডের রসায়নবিদ আলেকজান্ডার পার্কস একটি নতুন ধরনের উপাদান তৈরি করেন, যার নাম দেন ‘পার্কেসিন’। এটি ছিল সেলুলোজভিত্তিক এবং সহজে আকার দেওয়া যেত। অনেকেই তাকে প্লাস্টিকের জনক হিসেবে মনে করেন। কিন্তু ব্যবসায়িক সাফল্য না পাওয়ায় তার এই আবিষ্কার টিকতে পারেনি এবং তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এরপর মার্কিন উদ্ভাবক জন ওয়েসলি হায়াট ও তার ভাই আইজাইয়া হায়াট সেলুলোজ নাইট্রেটে ক্যাম্ফর যোগ করে তৈরি করেন ‘সেলুলয়েড’। এটি চলচ্চিত্রসহ নানা ক্ষেত্রে ব্যবহার শুরু হলেও এর বড় সমস্যা ছিল সহজে আগুন ধরে যাওয়া।
বেকেলাইটের যুগান্তকারী আবিষ্কার
প্লাস্টিকের প্রকৃত বিপ্লব আসে ১৯০৭ সালে। বেলজিয়ামে জন্ম নেওয়া রসায়নবিদ লিও বেকেল্যান্ড ফরমালডিহাইড ও ফেনল মিশিয়ে তৈরি করেন প্রথম সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক, যার নাম দেন ‘বেকেলাইট’। এই উপাদান তাপে সহজে আকার নেওয়ার পর শক্ত হয়ে যেত এবং দীর্ঘস্থায়ী ও সস্তা ছিল।
বেকেলাইট দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং নানা ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হতে থাকে। এটিকে তখন ‘হাজারো ব্যবহারের উপাদান’ বলা হতো, যা একেবারেই অতিরঞ্জন ছিল না।
পরিবেশের নতুন চ্যালেঞ্জ
২০শ শতকে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও এর পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতনতা অনেক পরে তৈরি হয়। আজ প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী একটি বড় সমস্যা, যা নতুন করে ভাবতে বাধ্য করছে—উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করা যায়।
প্লাস্টিকের আবিষ্কার মানব উদ্ভাবনের এক অনন্য উদাহরণ হলেও, এর দীর্ঘমেয়াদি প্রভাব আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রয়েছে।












