রাজধানীর বাজারে সবজি ও মাছের চড়া দাম অব্যাহত রয়েছে। মাত্র এক-দুই দিনের ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। যে পটল বুধবার ও বৃহস্পতিবার ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, শনিবার তা কিনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বেগুন, শিম, করলা, ঝিঙা ও কাঁচা মরিচের দামও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছের বাজারেও দেখা দিয়েছে ঊর্ধ্বগতির চাপ। সব মিলিয়ে নিত্যপণ্যের বাড়তি দামে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মেরাদিয়া, রামপুরা, খিলগাঁওসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, একবার কোনো পণ্যের দাম বাড়লে তা আর সহজে কমে না। শীতকাল সামনে থাকলেও বাজারে নতুন মৌসুমের কিছু সবজি আসার পরও দামের ক্ষেত্রে স্বস্তি মিলছে না।
মেরাদিয়া বাজারে শনিবার প্রতি কেজি পটল বিক্রি হয়েছে ১২০ টাকায়। কয়েক দিন আগেও এই পটলের দাম ছিল ৮০ টাকা। বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা। করলার দাম কেজিতে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি ঝিঙা ১২০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, শিম ২২০ থেকে ২৫০ টাকা, কচু ৮০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢ্যাঁড়স ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ২০০ টাকা এবং বরবটির কেজি ১২০ টাকা। বেগুনের দাম আরও বেশি—প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
সবজির পাশাপাশি মাছ কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে তাজা রুই মাছের কেজি ৩৮০ থেকে ৪২০ টাকা, যা কয়েক দিন আগেও ৩৬০ টাকা ছিল। অন্যান্য মাছের দামও চড়া। ডিমের দামেও মিলছে না স্বস্তি। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়।
মাংসের বাজারে অবশ্য মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা এবং লেয়ার মুরগি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮২০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা। বাজারে এসব পণ্যের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।
দাম বাড়লেও কমছে না, অভিযোগ ক্রেতাদের
বাজার করতে এসে ক্রেতাদের অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, কয়েক দিনের ব্যবধানে যেভাবে সবজির দাম বেড়েছে, তাতে পরিবারের দৈনন্দিন খাবারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। শীতের কিছু সবজি বাজারে এলেও দাম কমার কোনো লক্ষণ নেই।
ক্রেতা জসিম উদ্দিন বলেন, একবার কোনো পণ্যের দাম বাড়লে তা আর সহজে কমে না—এমন চিত্র বারবার দেখা যাচ্ছে। পটলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। এখন এই দাম কমতে কত দিন লাগে, সেটিই দেখার বিষয়।
নিজের আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের পক্ষে এখন আর প্রয়োজনমতো বাজার করা সম্ভব হচ্ছে না। অল্প অল্প করে পণ্য কিনে কোনোমতে সংসার চালাতে হচ্ছে।
বাজারে আসা আরেক ক্রেতা আরিফুর রহমানও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, আগের দিনের তুলনায় বাজারে তেমন কোনো স্বস্তি নেই। সবজির দাম বাড়ার পর তা কমার লক্ষণও দেখা যাচ্ছে না। তাঁর মতো অনেক পরিবারের জন্য বর্তমান বাজার পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
ডিমের দাম নিয়েও হতাশা প্রকাশ করেন আরিফুর রহমান। তাঁর ভাষ্য, ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ানোর পরও দাম কমেনি। এখন প্রতি ডজন ডিম ১৫৫ টাকা দিয়ে কিনতে হচ্ছে, যা পরিবারের নিয়মিত খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।
‘কোনটা রেখে কোনটা কিনব?’
নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালানোর অসুবিধার কথা তুলে ধরেন ক্রেতা কানিজ ফাতেমা। তিনি বলেন, বাজারে কোন পণ্যটি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন। প্রয়োজনীয় পণ্যও আর আগের মতো পরিমাণে কেনা যাচ্ছে না।
তিনি আরও বলেন, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দামও অনেক বেশি। এর সঙ্গে সবজি, মাছ ও মাংসের বাড়তি দাম যুক্ত হয়ে পরিবারের ব্যয় সামলানো কঠিন করে তুলেছে। সাধারণ মানুষ সব পণ্য সহজে কিনতে পারছে না; বরং কোনটি বাদ দিয়ে কোনটি কিনবে, সেই হিসাব করতে হচ্ছে।
কানিজ ফাতেমার মতে, সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় সাধারণ মানুষ চাপে পড়েছেন। আয় সীমিত থাকলেও খাবার ও রান্নার মতো প্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ নেই। ফলে বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য বেছে কেনাই এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীর বাজারের এই চিত্রে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের চাপ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলোকে খাবারের তালিকা ছোট করে কিংবা প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনে সংসার চালাতে হচ্ছে। ক্রেতাদের প্রত্যাশা, নিত্যপণ্যের বাজারে দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ অন্তত প্রয়োজনীয় খাবার সাধ্যমতো কিনতে পারেন।












