সাবেক ওয়ান ডিরেকশন সতীর্থ লিয়াম পেইনের স্মৃতিতে লেখা একটি অপ্রকাশিত গান প্রথমবারের মতো পরিবেশন করেছেন ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলস। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিজের কনসার্টে ‘হোয়াট ইজ এনাফ’ শিরোনামের গানটি গেয়ে প্রয়াত বন্ধুকে স্মরণ করেন তিনি।
লিয়াম পেইনের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে গানটি পরিবেশন করেন স্টাইলস। ২০২৪ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের বারান্দা থেকে পড়ে মারা যান পেইন।
নিউইয়র্কে ‘টুগেদার, টুগেদার’ ট্যুরের অংশ হিসেবে আয়োজিত কনসার্টে দর্শকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন স্টাইলস। তিনি বলেন, তাঁর জীবনে এমন অনেক বন্ধু ও সহকর্মী রয়েছেন, যাঁদের সহযোগিতা ছাড়া তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। দুই বছর আগে তিনি তাঁদেরই একজনকে হারিয়েছেন।
এরপর অ্যাকুস্টিক ঘরানার গানটি পরিবেশনের আগে উপস্থিত দর্শকদের একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই গায়ক। শোক ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদের প্রতি সহমর্মিতা দেখানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মূল বিষয়টি হলো একে অপরের যত্ন নেওয়া।
স্টাইলস ও পেইন দুজনই ওয়ান ডিরেকশনের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। ২০১০ সালে ‘দ্য এক্স ফ্যাক্টর’ প্রতিযোগিতার মাধ্যমে গড়ে ওঠা এই ব্যান্ডে তাঁদের সঙ্গে ছিলেন নাইল হোরান, লুই টমলিনসন ও জেইন মালিক।
২০১৬ সালে ব্যান্ডটির কার্যক্রম স্থগিত হওয়ার পর স্টাইলস একক সংগীতজীবনে মনোযোগ দেন। পরে একাধিক গ্র্যামি পুরস্কার অর্জন করেন তিনি। তাঁর অ্যালবাম ‘হ্যারি’স হাউস’ বছরের সেরা অ্যালবাম বিভাগে গ্র্যামি জেতে।
লিয়াম পেইনের স্মরণে নতুন গান পরিবেশনের মধ্য দিয়ে স্টাইলস শুধু পুরোনো বন্ধুকে শ্রদ্ধা জানাননি, শোকের সময়ে মানুষের পারস্পরিক সহমর্মিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।












