বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানোর একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। গুলি চালানোর পর তিন ব্যক্তিকে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা যায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে জুহুর পুষ্পা পার্কের কাছে জামনাবাই নার্সি স্কুলের আশপাশে এ ঘটনা ঘটে। একটি ক্লাবে ফুটবল খেলে গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ।
ভিডিওতে গুলি চালানোর দৃশ্য
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। তাঁদের একজনকে একাধিকবার গুলি ছুড়তে দেখা যায়। অন্যজনও গুলি চালানোর চেষ্টা করেন বলে ভিডিওতে মনে হচ্ছে। এরপর দুজনকে আরেক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা যায়।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকারের দাবি
গুলির ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত অনিল পণ্ডিত ও হারমান সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
হিন্দি ভাষায় দেওয়া ওই পোস্টে তাঁরা দাবি করেন, টাইগার শ্রফকে আগে ফোন করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তাঁদের কথা বুঝতে পারেননি বলে অভিযোগ করেন তাঁরা।
পোস্টে আরও হুমকি দিয়ে বলা হয়, মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পের যাঁরা তাঁদের নির্দেশ মানবেন না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাঁদের পরবর্তী লক্ষ্য করা হবে। পোস্টটির সঙ্গে একটি কণ্ঠবার্তাও যুক্ত ছিল।
তবে হামলার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
আহত টাইগার শ্রফের চালক ও অটোরিকশাচালক
মুম্বাই পুলিশের উপকমিশনার মোহিত কুমার গর্গ জানিয়েছেন, গুলির ঘটনায় টাইগার শ্রফ সামান্য আঘাত পেয়েছেন। তাঁর গাড়ির চালক ফিরদৌসের বাঁ হাতে গুলি লেগেছে। দুজনকেই চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসা শেষে টাইগার শ্রফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর চালককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গুলিবিদ্ধ হাতের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
এ ঘটনায় ৩৫ বছর বয়সী উমেশ চাভান নামে এক অটোরিকশাচালকও বুকে গুলিবিদ্ধ হন। তাঁকে কুপার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বাঁ স্তনবৃন্তের প্রায় দুই সেন্টিমিটার নিচে গুলির ক্ষত রয়েছে। তাঁকে অস্ত্রোপচার বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর অবস্থা স্থিতিশীল।
হামলাকারীদের খুঁজছে পুলিশের ১৫টি দল
গুলির খবর পাওয়ার পর মুম্বাই পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাটি ঘিরে ফেলা হয় এবং গুলির খোসা সংগ্রহের জন্য ব্যালিস্টিক বিশেষজ্ঞদের ডাকা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ১৫টি দল গঠন করে অভিযান চালানো হচ্ছে। গুলির পেছনের কারণ ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। পরে সন্ধ্যায় এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকা থেকে একজনকে আটক করা হয়। তবে তাঁর পরিচয় ও হামলায় সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির এ ঘটনা বলিউডে উদ্বেগ তৈরি করেছে। চলচ্চিত্রশিল্পের পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা ব্যক্তিদের আগের হুমকি ও হামলার ঘটনাগুলোও নতুন করে আলোচনায় এসেছে।












