স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। গত বছরের ১৮ নভেম্বর সিআইডি তাঁর বিরুদ্ধে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করে। স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
সিআইডির আর্থিক অপরাধ ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় মামলাটি করে। সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
সিআইডি জানায়, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনার মাধ্যমে দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে প্রতিষ্ঠানটির মাধ্যমে চোরাই স্বর্ণ ও হীরা সংগ্রহের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
মামলার এজাহার অনুযায়ী, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের স্বত্বাধিকারী হিসেবে দিলীপ আগরওয়ালা দীর্ঘদিন ধরে স্বর্ণ ও হীরার ব্যবসার আড়ালে দেশে-বিদেশে অর্থ পাচার ও চোরাচালানে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তে দেখা গেছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি ঋণপত্রের মাধ্যমে বিদেশ থেকে বৈধভাবে ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১১ টাকা ৫২ পয়সা মূল্যের স্বর্ণের বার, গয়না, হীরা ও অন্যান্য সামগ্রী আমদানি করে। একই সময়ে স্থানীয় বাজার থেকে কেনাকাটা ও বিনিময়ের মাধ্যমে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের স্বর্ণ ও হীরা সংগ্রহ করা হয়।
তবে এসব স্বর্ণ ও হীরার উৎস এবং সরবরাহকারীদের বিষয়ে প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখাতে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০২৫ সালের ১ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান।












