বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস ঘরেই সপরিবারে উদ্যাপন করেছেন দশেরা। তাঁদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মিষ্টি সাজ আর পূজার নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের নজর কেড়েছে পরিবারের ঐতিহ্যবাহী আয়োজন, বিশেষ করে ছোট্ট মালতীর গলায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না ও হাতে রঙিন চুড়ি।
প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যরা ঘরেই পূজার আয়োজন করেছেন। শিবলিঙ্গে অভিষেকের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আচার। এরপর হয় হোম। একটি ছবিতে নিককে মালতীর পা ধুয়ে দিতে দেখা যায়, যা কন্যাপূজার প্রচলিত রীতির কথা মনে করিয়ে দেয়।
ছবিগুলোর সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, মা দুর্গার শক্তি, প্রার্থনার পবিত্রতা ও দশেরার চেতনা যেন আজ, আগামীকাল এবং সব সময় সবার সঙ্গে থাকে।
উৎসব উপলক্ষে প্রিয়াঙ্কা, নিক ও মালতীর পোশাকেও ছিল মিল। সবুজ রঙের পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে। নিক পরেছিলেন সবুজ কুর্তা, আর প্রিয়াঙ্কার পরনে ছিল ঐতিহ্যবাহী সবুজ পোশাক। অন্যদিকে ছোট্ট মালতীকে দেখা যায় সুন্দর একটি ফ্রক, হাতে চুড়ি ও গলায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না পরে।
পরিবারটির উৎসব উদ্যাপনের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। নিকের ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং মালতীর সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেছেন তাঁরা। কেউ বলেছেন, প্রিয়াঙ্কার প্রভাবে নিক পুরোপুরি দেশি হয়ে উঠেছেন। আবার কেউ মালতীর হাতে ছোট্ট চুড়ি ও ঐতিহ্যবাহী সাজের প্রশংসা করেছেন।
আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা
এদিকে দীর্ঘ আট বছরের বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’তে অভিনয় করবেন তিনি। এতে আরও রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
সিনেমাটির বাজেট প্রায় এক হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচিত এই ছবিতে পৌরাণিক কাহিনির সঙ্গে কল্পবিজ্ঞান ও সময় ভ্রমণের উপাদান যুক্ত থাকার কথা জানা গেছে।
প্রিয়াঙ্কার ভাষায়, সিনেমাটি তাঁর আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। স্বামী নিক জোনাসের সঙ্গে একটি পডকাস্টে তিনি জানান, প্রায় ১৪ মাস ধরে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। রাজামৌলি সাধারণত সিনেমা নির্মাণে দীর্ঘ সময় নেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, এটি বিশ্বজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অভিযান, যেখানে সময়ের মধ্য দিয়েও যাত্রা রয়েছে। ছবিতে তাঁর বেশ কিছু ধীরগতির অ্যাকশন দৃশ্যও থাকছে। তবে সিনেমাটির বিষয়ে এর বেশি কিছু প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
সবকিছু ঠিক থাকলে ‘বারাণসী’ ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।












