আগস্ট মাসের জন্য দেশে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১,৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১,৫২৮ টাকা। নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
যানবাহনের অটোগ্যাসের দামও বেড়েছে
শুধু গৃহস্থালির এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ৩ টাকা ২৭ পয়সা।

আন্তর্জাতিক বাজারের প্রভাব
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মানদণ্ডমূল্য, আমদানি ব্যয়, পরিবহন খরচ, ডলারের বিনিময় হার এবং অন্যান্য প্রযোজ্য ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হয়। আগস্ট মাসের মূল্যও সেই সূত্র অনুসারেই নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য সিলিন্ডারের দামেও পরিবর্তন
১২ কেজির পাশাপাশি অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নতুন হারে সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে কমিশন সতর্ক করেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাক্ষণ রিপোর্ট 



















