চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে জাহিদ ও তাসিন নামে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এখুলিয়া শিকদার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু জাহিদ ও তাসিন স্থানীয় এখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর চার শিশু কাছের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে জাহিদ ও তাসিন পানিতে ডুবে যায়।
পুকুরে দুই শিশুকে পানিতে হাবুডুবু খেতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের উদ্ধারে এগিয়ে আসেন। ইয়াকুব নামে ওই ব্যক্তি পানিতে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন।
হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু
উদ্ধারের পর জাহিদ ও তাসিনকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার জানান, দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়।
সারাক্ষণ রিপোর্ট 



















