দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানিয়ে শনিবার একটি চিঠি দিয়েছে ভারতের ‘হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’।
হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ধরনের একটি চিঠি তারা পেয়েছেন।
ব্যবসায়িক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অভিযোগ
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, ভারতের ব্যবসায়ীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতীয় হিলি স্থলবন্দর পিছিয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সেখানকার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, হিলি স্থলবন্দরে সৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি না করার পাশাপাশি বাংলাদেশ থেকেও কোনো পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।
যা বলছেন ভারতীয় ব্যবসায়ীরা
শনিবার রাতে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডল জানান, বন্দর ব্যবহারকারীরা যৌথভাবে বৈঠক করে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষ্য, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও হিলি স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারা প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন। ফলে অন্য বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
বিকাশ মণ্ডল বলেন, এ অবস্থায় রোববার থেকে বাংলাদেশে কোনো ধরনের পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও কোনো পণ্য আমদানি করা হবে না। ব্যবসায়িক স্বার্থ বজায় রাখার পরিস্থিতি তৈরি না হলে সিদ্ধান্তটি অনির্দিষ্টকাল বহাল থাকবে।

ইমিগ্রেশন চলবে স্বাভাবিক
তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের এই সিদ্ধান্তের প্রভাব হিলি ইমিগ্রেশন চেকপোস্টের যাত্রী চলাচলে পড়ছে না। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলে যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পারবেন। প্রতিদিনের মতো ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা
হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ব্যবসায়িক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অভিযোগ তাদের।
সারাক্ষণ রিপোর্ট 


















