নাটোরের লালপুরে বাড়ির কাছে নতুন খনন করা পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—ঈশ্বরপাড়া গ্রামের কৃষক আতীকুল ইসলামের মেয়ে সোহাঙ্গী খাতুন আতিয়ারা, বয়স ৯ বছর, এবং ছেলে আবু বকর, বয়স ৬ বছর। তারা ছংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে বাড়ির কাছেই নতুন খোঁড়া পুকুরটির পাড়ে কাদা নিয়ে খেলছিল দুই ভাই-বোন। খেলাধুলার একপর্যায়ে আবু বকর কাদা সংগ্রহ করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।
ছোট ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আতিয়ারাও পুকুরে ঝাঁপ দেয়। এরপর দুজনই পানিতে তলিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাদের খোঁজে পুকুরে তল্লাশি শুরু করেন।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনাটি জানাজানি হলে ঈশ্বরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। একই পরিবারের দুই শিশুর একসঙ্গে এমন মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোক ও আহাজারির সৃষ্টি হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















