শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতা বাড়তে থাকায় ওজন কমানোর ওষুধের পরিবর্তে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও আচরণগত সহায়তার ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশুদের স্থূলতা নিয়ে প্রথম বৈশ্বিক নির্দেশিকায় সংস্থাটি বিশেষ করে ১০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ওষুধ, অস্ত্রোপচার বা চিকিৎসা-যন্ত্র ব্যবহারের পরিবর্তে জীবনযাপনে পরিবর্তনকে অগ্রাধিকার দিয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ৪০ কোটি শিশু ও কিশোর অতিরিক্ত ওজনের সমস্যায় ছিল। এর মধ্যে প্রায় ১৭ কোটি স্থূলতায় আক্রান্ত। ১৯৯০ সালের তুলনায় এই বয়সী জনগোষ্ঠীর মধ্যে স্থূলতার হার প্রায় চার গুণ বেড়েছে।
সংস্থাটির মতে, শিশুদের স্থূলতা মোকাবিলার মূল ভিত্তি হওয়া উচিত স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড এবং দীর্ঘমেয়াদি আচরণগত পরিবর্তনে সহায়তা। এসব কর্মসূচিতে শিশুদের পাশাপাশি অভিভাবক বা পরিচর্যাকারীদেরও যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
১০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ওষুধ নয়
ডব্লিউএইচও বলেছে, ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য স্থূলতার চিকিৎসায় ওজন কমানোর ওষুধ, অস্ত্রোপচার বা এ ধরনের যন্ত্র ব্যবহারের পক্ষে এখনো পর্যাপ্ত নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি কার্যকারিতার প্রমাণ নেই। তাই এ বয়সী শিশুদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস, শারীরিক কর্মকাণ্ড এবং আচরণগত সহায়তার সমন্বিত কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া উচিত।
ডব্লিউএইচওর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক লুজ মারিয়া দে রেগিল বলেন, শিশু ও কিশোরদের স্থূলতায় জিএলপি-১ শ্রেণির ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই। নতুন গবেষণা ও পরীক্ষার ফল হাতে এলে এ বিষয়ে ভবিষ্যতে সংস্থার মূল্যায়ন পরিবর্তিত হতে পারে।
কিশোরদের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ওষুধ
১০ থেকে ১৯ বছর বয়সী স্থূল কিশোরদের ক্ষেত্রে ওজন কমানোর ওষুধ বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছে ডব্লিউএইচও। তবে তার আগে চিকিৎসকের তত্ত্বাবধানে খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও আচরণগত পরিবর্তনের মতো অন্যান্য ব্যবস্থা নেওয়া এবং সেগুলো ব্যর্থ হওয়া প্রয়োজন।
গুরুতর স্থূলতায় আক্রান্ত এবং শারীরিক ও মানসিকভাবে পরিপক্ব কিশোরদের ক্ষেত্রে অন্তত ছয় মাসের চিকিৎসা প্রচেষ্টা সফল না হলে কিছু পরিস্থিতিতে ওজন কমানোর অস্ত্রোপচার বিবেচনা করা যেতে পারে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
বর্তমানে কিছু জিএলপি-১ ওষুধ অল্পবয়সী রোগীদের জন্যও অনুমোদিত। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু ক্ষেত্রে ১২ বছর বা তার বেশি বয়সী কিশোরদের জন্য নোভো নরডিস্কের ওয়েগোভি ও স্যাক্সেন্ডা ব্যবহারের অনুমোদন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে নির্দিষ্ট পরিস্থিতিতে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য স্যাক্সেন্ডাও অনুমোদিত।
তবে কোনো নির্দিষ্ট ওষুধ অনুমোদিত হওয়া এবং তা সব শিশুর জন্য উপযুক্ত হওয়া এক বিষয় নয়। বয়স, শারীরিক অবস্থা, স্থূলতার মাত্রা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের তত্ত্বাবধানে সিদ্ধান্ত নেওয়ার ওপরই গুরুত্ব দিয়েছে ডব্লিউএইচও।
শুধু চিকিৎসা নয়, সহজলভ্য স্বাস্থ্যকর জীবনযাপনও জরুরি
ডব্লিউএইচও বলেছে, শিশুদের স্থূলতা কমাতে শুধু ব্যক্তিগত চিকিৎসা যথেষ্ট নয়। স্বাস্থ্যকর খাবার এবং শরীরচর্চার সুযোগও শিশুদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে। কারণ স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ সীমিত থাকলে শুধু ওষুধ বা চিকিৎসার মাধ্যমে বিশ্বজুড়ে বাড়তে থাকা স্থূলতা নিয়ন্ত্রণ করা কঠিন।
বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতা এখন অপুষ্টির একটি বড় রূপ হয়ে উঠছে। ফলে দীর্ঘমেয়াদে পরিবার, স্কুল, স্বাস্থ্যব্যবস্থা ও সমাজ—সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।












