ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থল মেনতেং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে শতবর্ষী ঐতিহাসিক ভবন তুগু কুনস্টক্রিং পালেইস। শনিবার ভোরে রেস্তোরাঁ ও শিল্পকলা প্রদর্শনীর এই কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির প্রায় সব কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাকার্তার ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সি জানায়, শনিবার রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর মাত্র ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ২১টি ফায়ার ইঞ্জিন ও ১০৫ জন কর্মী মোতায়েন করা হয়।
দমকল বাহিনীর প্রচেষ্টায় ভোর ৩টা ৪৫ মিনিটের মধ্যে আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আসে। সকাল ৫টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।
প্রায় সব কক্ষ পুড়ে ক্ষতিগ্রস্ত
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জাকার্তার গভর্নর প্রামোনো আনুং। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তিনি দমকল বাহিনীর প্রশংসা করেন।
গভর্নর জানান, আগুনে ভবনটির প্রায় প্রতিটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
রেস্তোরাঁটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটি বন্ধ ছিল। ভেতরে কোনো অতিথি কিংবা কর্মী উপস্থিত ছিলেন না। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে ভবনটিতে সংরক্ষিত শিল্পকর্ম ও শিল্পসংগ্রহের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কিছু জানায়নি।
১৯১৪ সালে শিল্পকলার কেন্দ্র হিসেবে যাত্রা
তুগু কুনস্টক্রিং পালেইসের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। ভবনটি মূলত বাতাভিয়াশে কুনস্টক্রিং নামে পরিচিত ছিল। ১৯১৪ সালে তৎকালীন ডাচ ইস্ট ইন্ডিজে চারুকলার প্রসারের উদ্দেশ্যে স্থানীয় শিল্পীদের উদ্যোগে এটি নির্মিত হয়।
প্রথমদিকে এখানে ডাচ ইস্ট ইন্ডিজে বসবাসকারী নেদারল্যান্ডসের শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শন করা হতো। পরে ১৯৩০-এর দশকে ভবনটির গ্যালারিতে ভিনসেন্ট ভ্যান গঘ, পল গগাঁ ও পাবলো পিকাসোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের কাজ প্রদর্শিত হয়। ইন্দোনেশিয়ার ন্যাশনাল গ্যালারির তথ্যেও ভবনটির শিল্প-ঐতিহ্যের উল্লেখ রয়েছে।
পরবর্তী সময়ে ভবনটি সেন্ট্রাল জাকার্তা ইমিগ্রেশন অফিস হিসেবে ব্যবহৃত হয়। ২০০৩ সালে জাকার্তা প্রশাসন এটি অধিগ্রহণ করে। এরপর পিটি লিংকার সেনি ইন্দোনেশিয়ার কাছে ইজারা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ভবনটিকে রেস্তোরাঁ ও শিল্পকলা প্রদর্শনীর কেন্দ্রে রূপান্তর করে। ২০১৩ সালে তুগু কুনস্টক্রিং পালেইস নামে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
অগ্নিকাণ্ডের পর ঐতিহাসিক ভবনটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গভর্নর প্রামোনো আনুং জানিয়েছেন, রেস্তোরাঁটির পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জাকার্তা প্রশাসনের বিদ্যমান চুক্তির অবস্থা পর্যালোচনা করা হবে।
চুক্তির মেয়াদ শেষ হয়েছে, নাকি এখনো কিছু সময় বাকি রয়েছে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।












