জাপানের ঐতিহ্যবাহী সিলমোহর নির্মাতা প্রতিষ্ঠান শাচিহাতা এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে প্রবেশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া সম্পাদিত ও ভুয়া ভিডিও শনাক্ত করতে নতুন প্রযুক্তিনির্ভর সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সংকুচিত হয়ে আসা প্রচলিত ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নাগোয়া শহরভিত্তিক প্রতিষ্ঠান শাচিহাতা দীর্ঘদিন ধরে জাপানের ঐতিহ্যবাহী হানকো বা নথিপত্রে স্বাক্ষরের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্যক্তিগত সিলমোহর তৈরির জন্য পরিচিত। কিন্তু নথিপত্রের ডিজিটাল ব্যবহার বাড়ায় এই পণ্যের চাহিদা কমছে। ফলে ব্যবসার ভবিষ্যৎ ধরে রাখতে প্রযুক্তিনির্ভর নতুন খাতে প্রবেশের কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন সেবাটির নাম ‘সাইনড সাউন্ড’। চলতি মাসের শেষ দিকে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
শব্দের ভেতরেই থাকবে ডিজিটাল পরিচয়
সাইনড সাউন্ড প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি ভিডিওর অডিও অংশে মানুষের কানে শোনা যায় না—এমন একটি বিশেষ সংকেত বা অ্যাকুস্টিক ওয়াটারমার্ক যুক্ত করে। পাশাপাশি মূল অডিওর স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তৈরি করে একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট।
পরবর্তী সময়ে কোনো ভিডিওর অডিও পরিবর্তন করা হয়েছে কি না, তা এই সংকেত ও ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলিয়ে শনাক্ত করা সম্ভব।
ভিডিওর কিছু অংশ কেটে ফেলা কিংবা অন্য ভিডিওর সঙ্গে জুড়ে দিলেও প্রযুক্তিটি সম্পাদনার চিহ্ন শনাক্ত করতে পারে। এমনকি জেনারেটিভ এআই দিয়ে তৈরি নকল কণ্ঠস্বরও শনাক্ত করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে এই শনাক্তকরণ মূলত সেই ভিডিওগুলোর ক্ষেত্রে কার্যকর হবে, যেগুলোর মূল অডিওতে আগে থেকেই শাচিহাতার ওয়াটারমার্ক যুক্ত রয়েছে।
রাজনীতিবিদদের বক্তব্য বিকৃতির ঝুঁকি
নতুন সেবাটি শুধু প্রযুক্তিগত বিশ্লেষণে সীমাবদ্ধ থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কোন পোস্ট দ্রুত জনপ্রিয় হচ্ছে, কোন রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যক্তি বা আলোচিত ব্যক্তির নাম ঘিরে আলোচনা বাড়ছে—এআই ব্যবহার করে সেসব বিষয়ও বিশ্লেষণ করবে প্রতিষ্ঠানটি।
এর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া সন্দেহজনক ভিডিওগুলো যাচাইয়ের জন্য অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে।
শাচিহাতার ব্যবসা উন্নয়ন বিভাগের কৌশলবিষয়ক পরিচালক ইওয়াকি কিশি জানিয়েছেন, রাজনীতিবিদ, রাজনৈতিক দল কিংবা স্থানীয় সরকারের প্রধানদের বক্তব্যের অংশবিশেষ মূল বক্তব্যের বাইরে নিয়ে ছড়িয়ে দেওয়ার ঘটনা রয়েছে। এতে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হতে পারে।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় রাজনৈতিক সংগঠন, স্থানীয় সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নতুন সেবাটির বিষয়ে আগ্রহ ও অনুসন্ধান পাচ্ছে শাচিহাতা।
ভবিষ্যতে মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন পদ্ধতিতে সেবাটি দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
ঐতিহ্যবাহী ব্যবসা থেকে প্রযুক্তিতে রূপান্তর
গত জুনে শেষ হওয়া অর্থবছরে শাচিহাতার মূল প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ ছিল ১৮ বিলিয়ন ইয়েন, যা প্রায় ১১ কোটি ৩০ লাখ ডলারের সমান। এর মধ্যে ডিজিটাল প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যবসার অবদান ছিল প্রায় ১০ শতাংশ।
জেনারেটিভ এআইয়ের বিস্তারে সামাজিক যোগাযোগমাধ্যমে আসল ও কৃত্রিমভাবে তৈরি ভিডিও কিংবা বক্তব্যের পার্থক্য নির্ণয় ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে ডিজিটাল কনটেন্টের সত্যতা যাচাইয়ের প্রযুক্তির চাহিদা বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
একসময় কাগজের নথিতে মানুষের পরিচয় ও অনুমোদনের নিশ্চয়তা দিত যে প্রতিষ্ঠান, এখন সেই প্রতিষ্ঠানই ডিজিটাল জগতে তথ্যের সত্যতা যাচাইয়ের ব্যবসায় নামছে। শাচিহাতার এই রূপান্তর জাপানের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিনির্ভর নতুন ব্যবসায় প্রবেশের একটি উল্লেখযোগ্য উদাহরণ।












