ভারতে চরম দারিদ্র্যের হার ১২ বছরে ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। একই সময়ে নিম্নমধ্যম আয়ের দেশগুলোর জন্য নির্ধারিত দৈনিক ৪ ডলার ২০ সেন্টের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের হার ৫৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে হয়েছে ১৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে দারিদ্র্য হ্রাসের এই বিশাল সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের একটি অংশ। তাঁদের মতে, ভারতে দারিদ্র্য কমেছে—এটি স্বীকার করার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু মাত্র এক যুগে দারিদ্র্যের এমন নাটকীয় পতন কতটা বাস্তব উন্নতির প্রতিফলন, আর কতটা জরিপ পদ্ধতির পরিবর্তনের ফল, তা নিয়ে সংশয় রয়েছে।
বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর ‘ইন্ডিয়া পোভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
১২ বছরে দারিদ্র্যের বড় পতন
বিশ্বব্যাংকের হিসাবে, দৈনিক ৩ ডলারের কম আয়ে জীবনযাপনকারী মানুষের অনুপাত ২০১১ সালে ছিল ২৭ দশমিক ১ শতাংশ। ২০২৩ সালে তা নেমে আসে ২ দশমিক ৬ শতাংশে।
অন্যদিকে, দৈনিক ৪ ডলার ২০ সেন্টের কম আয়ে বসবাসকারী মানুষের হার একই সময়ে ৫৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, ২০২৮ সালের মধ্যে এই হার আরও কমে ১২ দশমিক ১ শতাংশ হতে পারে।
বিশ্বব্যাংকের মূল্যায়নে, গত এক দশকে আয়ভিত্তিক ও অনায়ভিত্তিক—উভয় ধরনের দারিদ্র্য কমাতে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের দ্রুততম দারিদ্র্য হ্রাসের ঘটনাগুলোর একটি হিসেবেও দেশটির অগ্রগতিকে বিবেচনা করেছে সংস্থাটি।
জরিপ পদ্ধতির পরিবর্তন নিয়ে প্রশ্ন
বিশ্বব্যাংকের হিসাব তৈরি হয়েছে ভারতের সরকারি পারিবারিক ভোগব্যয় জরিপের তথ্যের ভিত্তিতে। ২০২৩-২৪ সালের জরিপে ২ লাখ ৬১ হাজার ৯৫৩টি পরিবার অন্তর্ভুক্ত ছিল।
তবে আগের জরিপের সঙ্গে সাম্প্রতিক জরিপের পদ্ধতিগত পার্থক্য থাকায় তুলনার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ ফেলো ঈশানি কান্ডপাল মনে করেন, ভারতে চরম দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু দারিদ্র্যের হার ৯০ শতাংশের বেশি কমে যাওয়ার হিসাবকে পুরোপুরি তথ্যনির্ভর বলে ধরে নেওয়ার আগে জরিপের পরিবর্তনগুলো বিবেচনা করা প্রয়োজন।
২০১১-১২ সালের জরিপে ভোগ্যপণ্যের তালিকায় ছিল ৩৪৭টি পণ্য। ২০২২-২৩ ও ২০২৩-২৪ সালের জরিপে তা বাড়িয়ে ৪০৫টি করা হয়েছে। নতুন তালিকায় সকালের নাশতার বিভিন্ন খাবার, কাপ নুডলস, ফেসওয়াশ ও ডিওডোরেন্টের মতো পণ্য যুক্ত হয়েছে।
আরেকটি বড় পরিবর্তন হলো, আগে নমুনা পরিবারের সঙ্গে একবার সাক্ষাৎকার নেওয়া হলেও নতুন জরিপে তিনবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
কান্ডপালের মতে, প্রশ্নের সংখ্যা ও বিস্তারিত তথ্য সংগ্রহের পরিমাণ বাড়ায় আগে বাদ পড়ে যাওয়া কিছু ভোগব্যয়ের তথ্যও এবার উঠে এসেছে। ফলে প্রকৃত ব্যয় একই অনুপাতে না বাড়লেও জরিপে মানুষের ভোগব্যয় বেশি দেখা যেতে পারে। এতে পুরোনো ও নতুন তথ্যের তুলনায় দারিদ্র্য হ্রাসের মাত্রা বাস্তবের চেয়ে বেশি মনে হওয়ার ঝুঁকি রয়েছে।
দারিদ্র্যসীমার ওপরে উঠলেই কি স্বচ্ছলতা?
অজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও সহযোগী অধ্যাপক দীপা সিনহা মনে করেন, শুধু ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্য পরিমাপ করলে মানুষের জীবনযাত্রার পূর্ণ চিত্র পাওয়া যায় না।
শিশুদের অপুষ্টি, প্রকৃত মজুরি বৃদ্ধির স্থবিরতা, উচ্চশিক্ষিত তরুণদের সীমিত কর্মসংস্থান এবং চিকিৎসার বাড়তি ব্যয় এখনো ভারতের মানুষের জীবনযাত্রায় বড় চাপ তৈরি করছে।
তাঁর মতে, কোনো ব্যক্তি নির্ধারিত দারিদ্র্যসীমার সামান্য ওপরে উঠে এলেই তাঁর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। আয় ও ভোগব্যয়ের পাশাপাশি কর্মসংস্থান, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার ব্যয়ও বিবেচনায় নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, দারিদ্র্য হ্রাসের পুরো কৃতিত্ব একটি সরকারের পক্ষে দাবি করা যুক্তিসংগত নয়। বিভিন্ন সময়ে নেওয়া নীতির প্রভাব পরবর্তী সময়েও অর্থনীতিতে থেকে যেতে পারে।
সরকারি তথ্য প্রকাশ না হওয়ায় বিতর্ক
ভারতের দারিদ্র্য পরিমাপ নিয়ে বিতর্কের অন্যতম কারণ সরকারি তথ্যের দীর্ঘ বিরতি।
সর্বশেষ প্রকাশিত সরকারি জাতীয় দারিদ্র্য হিসাব অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে দেশটির দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৯ শতাংশ। সে সময় ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার।
২০১৭-১৮ সালের ভোগব্যয় জরিপ তথ্যের মান নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ করেনি নরেন্দ্র মোদি সরকার। এরপর এক দশকেরও বেশি সময় ধরে নতুন কোনো সরকারি জাতীয় দারিদ্র্য হিসাব প্রকাশ করা হয়নি।
দীপা সিনহার মতে, ২০১৭-১৮ সালের জরিপ প্রকাশিত হলে ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার আগে ও পরে দারিদ্র্য হ্রাসের প্রকৃত চিত্র তুলনা করা সহজ হতো।
অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিশ্বব্যাংকের দারিদ্র্য হ্রাসের তথ্যকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য হিসেবে তুলে ধরেছেন।
অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল কারা পাচ্ছে?
ইনস্টিটিউট অব লেবার ইকোনমিকসের উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন।
তাঁর মতে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রবৃদ্ধির সুফল সংগঠিত ও অসংগঠিত—উভয় খাতেই ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরবর্তী দশকে পরিস্থিতি বদলেছে। সংগঠিত খাত এগোলেও অসংগঠিত খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেহরোত্রার যুক্তি, মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার জন্য কর্মসংস্থান ও প্রকৃত আয় বাড়া প্রয়োজন। কিন্তু ভারতের সরকারি তথ্যেই এই দুই ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতির প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক দারিদ্র্যসীমা নিয়েও আপত্তি তুলেছেন। তাঁর মতে, গ্রামীণ ও শহুরে ভারতের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য এই হিসাব যথাযথভাবে প্রতিফলিত করে না। তাই ভারতের নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হালনাগাদ জাতীয় দারিদ্র্যসীমা নির্ধারণ প্রয়োজন।
দারিদ্র্য হ্রাসের হিসাবের পাশাপাশি প্রয়োজন জীবনমানের মূল্যায়ন
বিশ্বব্যাংকের এই হিসাব এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন বিভিন্ন দেশে দারিদ্র্য হ্রাসের প্রবণতা এক রকম নয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, বাংলাদেশের চরম দারিদ্র্যের হার ২০২২ সালের ৫ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ১০ দশমিক ১ শতাংশ হতে পারে। ঘানায় দৈনিক ৪ ডলার ২০ সেন্টের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের হারও ২০২৫ সালের ৫৬ দশমিক ৩ শতাংশ থেকে ২০২৬ সালে প্রায় অপরিবর্তিত ৫৬ দশমিক ২ শতাংশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারতের ক্ষেত্রে দারিদ্র্য হ্রাসের অগ্রগতি গুরুত্বপূর্ণ হলেও এই পরিসংখ্যানের ব্যাখ্যা নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। জরিপ পদ্ধতির পরিবর্তন, সরকারি তথ্যের ঘাটতি, কর্মসংস্থান এবং প্রকৃত মজুরির প্রবণতা—সবকিছু মিলিয়েই দেশটির অর্থনৈতিক অগ্রগতির মূল্যায়ন প্রয়োজন।












