ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে পড়া একটি অ্যাম্বুলেন্সের ভেতর সন্তান প্রসব করেছেন এক অন্তঃসত্ত্বা নারী। ডাকাতদের ভয়ে আতঙ্কিত হয়ে প্রসববেদনা শুরু হওয়ার পর তিনি গাড়িতেই সন্তানের জন্ম দেন। তবে শেষ পর্যন্ত নবজাতককে বাঁচানো যায়নি। রোববার (২২ নভেম্বর) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবারটির কাছ থেকে নগদ এক লাখ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।
গাছ ফেলে অ্যাম্বুলেন্সের পথ আটকায় ডাকাতরা
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ভোররাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার সিংদাহ গ্রামের গন্না-নিমতলা সড়কে এ ঘটনা ঘটে। সড়কের ওপর গাছ ফেলে সাত থেকে আটজনের একটি মুখোশধারী ডাকাত দল অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে।
অনলাইন সংবাদমাধ্যম চুয়াডাঙ্গা পোস্টের উপদেষ্টা সম্পাদক আবদুল্লাহ আল নোমান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সে যশোর যাচ্ছিলেন। পথে ডাকাতরা তাঁদের গাড়ি থামিয়ে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসব
আবদুল্লাহ আল নোমান জানান, ডাকাতির সময় তাঁর স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর প্রসববেদনা শুরু হয়। অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি সন্তান প্রসব করেন। কিন্তু নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর গাছ ফেলে রাখার প্রমাণ পায়। ডাকাতরা একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।
তিনি জানান, ওই নারী গুরুতর রক্তক্ষরণে ভুগছিলেন। তবে নবজাতকের মৃত্যুর বিষয়টি তখন নিশ্চিত করতে পারেননি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন। নবজাতকের মৃত্যুর খবরও তিনি শুনেছেন বলে জানান।
পুলিশ সুপার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। ভুক্তভোগী পরিবারকে কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।












