পবিত্র হজকে কেন্দ্র করে মক্কার অর্থনীতি ও অবকাঠামোতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে। এত দিন হজ ব্যবস্থাপনা, আবাসন ও পর্যটন অবকাঠামোয় সৌদি আরবের প্রাধান্য থাকলেও এবার সরাসরি বিনিয়োগের মাধ্যমে নতুন অবস্থান তৈরি করছে এশিয়ার দেশগুলো। এর সবচেয়ে বড় উদাহরণ ইন্দোনেশিয়ার ৫৩৩ মিলিয়ন ডলারে মক্কার একটি বিশাল হোটেল কমপ্লেক্স অধিগ্রহণ।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা তহবিল দানান্তারা ইন্দোনেশিয়া মক্কার নভোটেল থাখের মক্কা অধিগ্রহণ সম্পন্ন করেছে। ১ হাজার ৪৬১ কক্ষের এই হোটেলের পাশাপাশি উন্নয়নযোগ্য ১০ দশমিক ৯ একর জমিও কিনেছে প্রতিষ্ঠানটি। পুরো প্রকল্পে বিনিয়োগের লক্ষ্য ১০০ কোটি ডলারের বেশি।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ শুধু আবাসন ব্যবসায় মুনাফা অর্জনের উদ্যোগ নয়; বরং হজ ব্যবস্থাপনায় এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হজযাত্রীদের বড় অংশ এখন এশিয়ার
একসময় হজকে মূলত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ধর্মীয় আয়োজন হিসেবে দেখা হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই চিত্র বদলেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো থেকে হজযাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
২০২৪ সালে হজ পালনকারী প্রায় ১৮ লাখ মানুষের মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন মধ্যপ্রাচ্যের বাইরের এশীয় দেশগুলোর নাগরিক।
ইন্দোনেশিয়া প্রতিবছর সবচেয়ে বেশি হজযাত্রী পাঠানো দেশগুলোর একটি। দেশটি থেকে প্রতিবছর দুই লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবে যান।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর বিপুলসংখ্যক মুসলমানের জন্য হজ শুধু ধর্মীয় দায়িত্ব নয়, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। অনেক ক্ষেত্রে হজে যাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ইন্দোনেশিয়ার কোনো কোনো প্রদেশে অপেক্ষার তালিকা কয়েক বছর থেকে কয়েক দশক পর্যন্ত দীর্ঘ।
এই বিশাল চাহিদা হজকে ঘিরে আবাসন, পরিবহন, খাবার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যবসার পরিধি বাড়িয়ে তুলছে।
হজ ঘিরে ১ হাজার ২০০ কোটি ডলারের অর্থনীতি
হজ এবং সারা বছর চলা ওমরাহকে কেন্দ্র করে সৌদি আরবে প্রতিবছর আনুমানিক ১ হাজার ২০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়। দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ৭ শতাংশের সমপরিমাণ এই আয়।
একজন হজযাত্রী সাধারণত যাতায়াত, আবাসন, খাবার, পরিবহন এবং অন্যান্য স্থানীয় কেনাকাটায় কয়েক হাজার ডলার ব্যয় করেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিপুলসংখ্যক হজযাত্রীর কারণে এই অঞ্চল থেকে সৌদি আরবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রবাহিত হয়।
হজযাত্রীদের এই চাহিদাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখছে সৌদি সরকার। ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় হজ ও ওমরাহ পালনের সুযোগ সম্প্রসারণ, আবাসন সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটকদের ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফলে মক্কায় হোটেল, পরিবহন, খাবার ও অন্যান্য সেবার ব্যবসা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে।
ইন্দোনেশিয়ার বিনিয়োগে ধর্মীয় ও অর্থনৈতিক স্বার্থ
ইন্দোনেশিয়ার এই বিনিয়োগের বিশেষত্ব হলো, থাখের মক্কা এলাকায় কোনো বিদেশি রাষ্ট্রের সরাসরি সম্পত্তির মালিকানা অর্জনের প্রথম ঘটনা এটি।
দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সম্পৃক্ততায় উচ্চপর্যায়ের রাজনৈতিক আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে। ইন্দোনেশিয়া সরকারের বক্তব্য অনুযায়ী, দেশটির হজযাত্রীদের জন্য নির্দিষ্ট আবাসন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
দানান্তারা ইন্দোনেশিয়ার মূল লক্ষ্য জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো। সে বিবেচনায় দেশের বাইরে সৌদি আরবের আবাসন খাতে বিপুল অর্থ বিনিয়োগের বিষয়টি ব্যতিক্রমী মনে হতে পারে। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এমন উদ্যোগ আন্তর্জাতিকভাবে নতুন নয়।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সম্পদ তহবিল হোটেল, পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগ করে থাকে। চলতি বছরের সেপ্টেম্বরেই সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান জিআইসি জাপানে ম্যারিয়ট পরিচালিত কয়েকটি হোটেলের সম্পদ অধিগ্রহণ করেছে। কাতার ও আবুধাবির বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোরও বিশ্বের বিভিন্ন দেশে হোটেল ও অবকাশযাপন কেন্দ্র রয়েছে।
তবে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে বিনিয়োগটির সঙ্গে ধর্মীয় ও জাতীয় পরিচয়ের সম্পর্ক অনেক বেশি গভীর।
হজ ব্যবস্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর সুযোগ
ইন্দোনেশিয়ার বিপুল মুসলিম জনগোষ্ঠী এবং মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলে দেশটি থেকে হজযাত্রীর চাহিদা ভবিষ্যতেও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মক্কায় নিজস্ব হোটেল ও সেবাকেন্দ্রের মালিকানা থাকলে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানগুলো তাদের নাগরিকদের আবাসন, ব্যয় এবং সেবার মানের ওপর তুলনামূলক বেশি প্রভাব রাখতে পারবে।
এতে শুধু বিনিয়োগ থেকে আয় করার সুযোগ তৈরি হবে না, বরং সৌদি নিয়ন্ত্রিত অবকাঠামোর ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকার প্রয়োজনও কিছুটা কমবে।
হজযাত্রীদের যাতায়াত, আবাসন, খাবার, পরিচ্ছন্নতা, চিকিৎসা এবং ভাষাগত সহায়তার জন্য বিশাল সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। মধ্যযুগে ইউরোপের খ্রিষ্টান তীর্থযাত্রাকে কেন্দ্র করে যেমন পর্যটন ও যাতায়াত অবকাঠামোর বিকাশ হয়েছিল, আধুনিক যুগে হজও তেমন একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে।
ইসলামি ঐতিহ্য অনুযায়ী, হজের সূচনা হজরত ইব্রাহিমের সময় থেকে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই ধর্মীয় যাত্রা এখন নতুন অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।
এশিয়ার অন্য দেশগুলোও কি বিনিয়োগে আসবে?
ইন্দোনেশিয়ার এই উদ্যোগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে যেসব দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক হজযাত্রী সৌদি আরবে যান, তাদের জন্য মক্কায় আবাসন ও সেবাব্যবস্থায় সরাসরি বিনিয়োগের অর্থনৈতিক যুক্তি রয়েছে।
তবে ইন্দোনেশিয়ার বিনিয়োগ অন্য দেশগুলোর জন্য অনুসরণযোগ্য মডেল হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
একটি বিষয় স্পষ্ট, হজযাত্রীদের ভৌগোলিক উৎসের পরিবর্তন এখন মক্কার অর্থনৈতিক কাঠামোতেও প্রতিফলিত হচ্ছে। ধর্মীয় কারণে যে বিপুলসংখ্যক মানুষ প্রতিবছর মক্কায় সমবেত হন, তাঁদের ঘিরে তৈরি হওয়া অর্থনীতিতে এশিয়ার দেশগুলো আর শুধু ভোক্তা হিসেবে থাকতে চাইছে না। তারা এখন বিনিয়োগকারী ও অংশীদার হিসেবেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে আগ্রহী।












