ভারতে গত ২৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন হতে যাচ্ছে গমের আবাদি জমির পরিমাণে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম মৌসুমি বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা কমে যাওয়া এবং বিকল্প ফসলের তুলনায় গম চাষে কম লাভের কারণে কৃষকেরা এবার গমের বদলে ছোলা, সরিষা ও ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন। এতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশটির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক খাদ্যবাজারেও।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের গড় পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে ভারতে গমের আবাদি জমি গত বছরের রেকর্ড ৩ কোটি ৩৬ লাখ হেক্টরের তুলনায় প্রায় ৬ শতাংশ কমে ৩ কোটি ১৫ লাখ ৮০ হাজার হেক্টরে দাঁড়াতে পারে। এমনটি হলে ২০০০-০১ মৌসুমের পর এটিই হবে গমের আবাদে সবচেয়ে বড় বার্ষিক পতন। একই সঙ্গে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে গমের আবাদ।
বৃষ্টির অভাবে বিপাকে গমচাষ
ভারতের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে বৃষ্টিপাত গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এল নিনোর প্রভাবে দেশটির গুরুত্বপূর্ণ গম উৎপাদনকারী কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়েছে।
পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতের ঘাটতি সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলে এসব অঞ্চলের কৃষিজমিতে মাটির আর্দ্রতা কমে গেছে। গম চাষের জন্য প্রয়োজনীয় পানির সংকটও তীব্র হয়েছে।
মহারাষ্ট্রের জলনা জেলার কৃষক ভিলাস ভুটেকার জানান, গম উৎপাদনে অন্তত চার থেকে পাঁচবার সেচ দিতে হয়। কিন্তু এবার জমিতে বীজ বপনের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। তাই তিনি গমের পরিবর্তে কম পানিতে উৎপাদন সম্ভব এমন ছোলা চাষের সিদ্ধান্ত নিয়েছেন।
কৃষি বাণিজ্য প্রতিষ্ঠান ওলাম অ্যাগ্রি ইন্ডিয়ার উপপ্রধান নিতিন গুপ্তের মতে, বিকল্প ফসলের তুলনায় গমের পানির চাহিদা বেশি। কিন্তু এ বছর বিভিন্ন অঞ্চলে পানির সংকট থাকায় কৃষকেরা গমের আবাদ কমিয়ে দিতে পারেন।
ছোলা, সরিষা ও ভুট্টায় বেশি লাভ
ভারতে শীতকালীন প্রধান ফসল গম। তবে একই মৌসুমে সরিষা, ছোলা ও ভুট্টার সঙ্গেও জমির জন্য প্রতিযোগিতা করতে হয় গমকে।
এবার এসব বিকল্প ফসলের বাজারদর তুলনামূলক বেশি হওয়ায় কৃষকেরা সেদিকে ঝুঁকছেন। উত্তর প্রদেশভিত্তিক একটি আটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক সন্দীপ বনসালের মতে, সাধারণত কৃষকদের প্রথম পছন্দ থাকে গম। কিন্তু এবার বিকল্প ফসল থেকে বেশি আয় হওয়ার সম্ভাবনা থাকায় চাষের সিদ্ধান্ত বদলাচ্ছেন তাঁরা।
সরকারি তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর পর্যন্ত ভারতে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে গমের বীজ বপন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ১৫ দশমিক ৩ শতাংশ কম।
তবে পাঞ্জাব ও হরিয়ানার মতো উত্তরাঞ্চলীয় রাজ্যে গমের আবাদ মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। এসব রাজ্যে সেচের পানি তুলনামূলক সহজলভ্য। বিপরীতে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যে গমের জমি কমার আশঙ্কা বেশি।
সরকারি সহায়তা নিয়েও প্রশ্ন
গম চাষে কৃষকদের আগ্রহ কমার পেছনে সরকারি ক্রয়মূল্য বৃদ্ধির হারও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের সরকারি সংস্থা ফুড করপোরেশন অব ইন্ডিয়া কৃষকদের কাছ থেকে নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে গম সংগ্রহ করে। চলতি বছর প্রতি ১০০ কেজি গমের এই মূল্য বাড়িয়ে ২ হাজার ৬১০ রুপি করা হয়েছে। বৃদ্ধির হার মাত্র ১ শতাংশ, যা ২০০২-০৩ মৌসুমের পর সর্বনিম্ন।
সাধারণত সরকার প্রতিবছর গমের সংগ্রহমূল্য ৫ থেকে ৬ শতাংশ বাড়িয়ে থাকে। এবার মাত্র ১ শতাংশ বৃদ্ধির কারণে কৃষকদের কাছে গম চাষের আর্থিক আকর্ষণ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এল নিনো বাড়াচ্ছে উৎপাদনঝুঁকি
শুধু আবাদি জমি কমে যাওয়াই নয়, শক্তিশালী এল নিনোর আবহাওয়াগত প্রভাবও গম উৎপাদনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বৃষ্টির ঘাটতি ও মাটির আর্দ্রতা কমে যাওয়ার কারণে ফলনও কমতে পারে।
আবাদি জমি কমার পাশাপাশি হেক্টরপ্রতি উৎপাদন কমে গেলে ভারতের মোট গম উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে গমের সরবরাহ কমে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতের সরকারের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। গম দেশটির প্রধান খাদ্যশস্যগুলোর একটি। তাই উৎপাদন কমে গেলে আটা ও গমজাত পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের গম উৎপাদনের এই অনিশ্চয়তা আন্তর্জাতিক খাদ্যবাজারের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম প্রধান উৎপাদক দেশে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হলে বৈশ্বিক গমের দামেও ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হতে পারে।












