চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা একটি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি সিম কার্ড জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ক্ষেপণাস্ত্র ও রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন রাসায়নিকের এই বিপুল চালান ঘিরে পণ্যটির উৎস, মালিকানা এবং বাংলাদেশে সম্ভাব্য গ্রহীতা কারা—তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি চীনের লিয়ানিউনগাং বন্দর থেকে মোংলা বন্দরের দিকে যাচ্ছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে জাহাজটিকে আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। জাহাজটির মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল ৮ নভেম্বর দুপুরে।
সন্দেহজনক গতিবিধিতে আটক
ইন্দোনেশিয়ার নৌবাহিনী ২০ নভেম্বর এক বিবৃতিতে জাহাজটি আটকের তথ্য প্রকাশ করে। এর আগে বেলাওয়ানে নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ঘটনাটি জানানো হয়।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, মোংলায় যাওয়ার পথে জাহাজটি ইন্দোনেশিয়ার জলসীমায় পূর্বনির্ধারিত সূচির বাইরে থামে। জ্বালানি নেওয়ার প্রয়োজনের কথা বলে সেখানে অবস্থান করছিল জাহাজটি। এর গতিবিধিতে অসংগতি শনাক্ত হওয়ার পর ইন্দোনেশীয় নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সেটিকে আটকায়।
নৌবাহিনীর দাবি, যোগাযোগের জন্য বেতার সংকেত পাঠানো হলেও জাহাজটি সাড়া দেয়নি। পরিদর্শনে এর নিবন্ধন স্থগিত থাকার তথ্য পাওয়া যায়। পাশাপাশি জাহাজটির পরিবহন নথিতে জালিয়াতির আশঙ্কাও দেখা দিয়েছে।
৩৬ কনটেইনারে পাওয়া যায় রাসায়নিক ও সিম কার্ড
জাহাজটির ৩৬টি কনটেইনার তল্লাশি করে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি প্যালেটে ছিল লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান বলেন, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত জারক রাসায়নিক। রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে এটি ব্যবহার করা হয়। জব্দ করা পরিমাণ রাসায়নিক দিয়ে সর্বোচ্চ ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তবে রাসায়নিকের চালানটি কার জন্য পাঠানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আমদানিকারকের পরিচয় অজানা
সাধারণত জাহাজে থাকা পণ্যের আমদানিকারক ও পণ্যের বিবরণ আমদানি সাধারণ ইশতেহার বা আইজিএমে উল্লেখ থাকে। তবে জাহাজটি বাংলাদেশের বন্দরে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারকের পরিচয় নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজের নাবিক, পণ্যের তালিকায় থাকা অসংগতি এবং জব্দ করা মালামালের সম্ভাব্য গ্রহীতাদের বিষয়ে অনুসন্ধান করছে। এখন পর্যন্ত জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান, পণ্যের মালিক কিংবা চালানটির জন্য দায়ী পক্ষগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।
সোডিয়াম পারক্লোরেট কী
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক রাসায়নিক। শিল্পক্ষেত্রে রকেটের প্রপেল্যান্ট, বিস্ফোরক ও আতশবাজিজাতীয় পণ্য তৈরিতে এটি ব্যবহৃত হয়। এটি নিজে জ্বালানি বা বিস্ফোরক নয়; তবে নির্দিষ্ট পরিস্থিতিতে দহন প্রক্রিয়াকে তীব্র করতে পারে।
রাসায়নিকটির শিল্প ও গবেষণাগারভিত্তিক ব্যবহারও রয়েছে। তবে বিপুল পরিমাণে সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, কারণ অসতর্ক ব্যবস্থাপনায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।
মোংলাগামী জাহাজে এমন কৌশলগত রাসায়নিকের পাশাপাশি বিপুলসংখ্যক অনিবন্ধিত সিম কার্ড পাওয়ার ঘটনা আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহনের নিরাপত্তা ও নজরদারি নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।












