খুলনার পাইকগাছায় এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ২০ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান বেগম নামে এক নারীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসমা খাতুন নামে আরেক নারীকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্মরণখালী এলাকায় জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাওয়ার পথে নুরজাহানকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তাঁর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়।
আটক নুরজাহান বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইসমাইলের স্ত্রী। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু গাজীর স্ত্রী আসমা খাতুনকেও আটক করা হয়।
পরে আটক দুই নারীর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি চালায় পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নুরজাহান বেগম এর আগেও ২০২৩ সালে জাল টাকাসহ আটক হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












