সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্যে জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
সামান্য বিরোধ থেকে সংঘর্ষ
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে সকালে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের লোকজনও বিবাদে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের মধ্যে আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন কোপ দিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে।
বুকে ছুরিকাঘাতে মৃত্যু
একপর্যায়ে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।
ময়নাতদন্তের প্রস্তুতি, মামলা প্রক্রিয়াধীন
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।












