চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে নগরের বটতলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটির। ঘটনার সময় সেটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আগুন লাগানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ট্রেনের আসনে কেরোসিন, পাওয়া যায় বোতল
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দাবি, ট্রেনের ভেতরে আগুন লাগার খবর পেয়ে তিনি ও রেলওয়ের এক কর্মচারী দ্রুত সেখানে ছুটে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ট্রেনের ভেতরে কেরোসিনের গন্ধ পান তাঁরা।
খোঁজাখুঁজির একপর্যায়ে ট্রেনের ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। শিক্ষার্থীর দাবি, ট্রেনের কয়েকটি আসনেও কেরোসিন মাখানো ছিল। তাঁর ধারণা, পরিকল্পিতভাবেই ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
নাশকতার আশঙ্কা, নিরাপত্তা বাড়ানোর অনুরোধ
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন জানান, রাত ৮টা ৫ মিনিটের দিকে বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা সাড়ে ৮টার শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার খবর রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের জানায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, ঘটনার সময় ট্রেনটি রেলওয়ে কর্তৃপক্ষের হেফাজতে ছিল। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত না হয়ে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনাটি মূলত নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে।
এ ঘটনায় শাটল ট্রেনের নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।












