গ্র্যামিজয়ী মার্কিন পপ তারকা মাইলি সাইরাস বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ও ড্রামার ম্যাক্স মোরান্ডোকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘনিষ্ঠ পরিসরে ব্যক্তিগত আয়োজনে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সাদা-কালো ছবি প্রকাশ করে ২২ নভেম্বর ভক্তদের এ খবর জানান ৩৩ বছর বয়সী এই সংগীতশিল্পী।
বিয়ের ছবির ক্যাপশনে মাইলি লিখেছেন, ‘এম + এম’ এবং ‘২১.১১.২৬’। অর্থাৎ ২১ নভেম্বর তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবিতে মাইলিকে পেছন খোলা সাদা সিল্কের গাউনে দেখা গেছে। অন্যদিকে ২৮ বছর বয়সী ম্যাক্স পরেছিলেন কালো স্যুট ও সাদা শার্ট।
বিয়ের অনুষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে দম্পতির প্রতিনিধিরা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
পাঁচ বছরের সম্পর্ক, পরিচয় অন্ধ-সাক্ষাতে
মাইলি ও ম্যাক্সের পরিচয় ২০২১ সালে এক অন্ধ-সাক্ষাতের মাধ্যমে। ২০২৩ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, তাঁর কাছে পরিচয়টি অন্ধ-সাক্ষাৎ হলেও ম্যাক্সের কাছে বিষয়টি তেমন ছিল না।
প্রায় পাঁচ বছর ধরে চলা এই সম্পর্কের পরিণতি হলো বিয়ে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে অংশ নিয়ে ম্যাক্সের সঙ্গে বাগদানের কথাও জানিয়েছিলেন মাইলি।
বিয়ের প্রায় এক মাস আগে হলিউড বোলের মঞ্চে একসঙ্গে ‘লেটস গেট ম্যারিড’ গানটি পরিবেশন করেছিলেন তাঁরা। গানটি মাইলির সর্বশেষ অ্যালবাম ‘বাস পারসুয়েডস’-এর অন্তর্ভুক্ত।
সংগীতজগতের পরিচিত মুখ ম্যাক্স
ম্যাক্স মোরান্ডো লস অ্যাঞ্জেলেসভিত্তিক বিকল্প রক ব্যান্ড ‘লিলি’র ড্রামার। ব্যান্ডটি আটলান্টিক রেকর্ডসের সঙ্গে যুক্ত।
অন্যদিকে ‘ফ্লাওয়ার্স’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্য পরিচিত মাইলি সাইরাস। এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ২০১৯ সালে লিয়াম লস অ্যাঞ্জেলেসে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
দীর্ঘদিনের সম্পর্কের পর ম্যাক্সের সঙ্গে নতুন জীবন শুরু করলেন মাইলি। বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সংগীতজগতের পরিচিত ব্যক্তিরা।












