দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের নেতৃত্ব এবং মিত্রবাহিনীর বিজয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু এই বিজয়ের পেছনে যে শিল্পকারখানা, প্রকৌশল, উৎপাদনব্যবস্থা এবং বিপুলসংখ্যক শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টা কাজ করেছিল, তার অন্যতম প্রধান সংগঠক হেনরি জে. কাইজার আজ অনেকটাই বিস্মৃত। অথচ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের শিল্পশক্তিকে যে গতিতে সামরিক সরঞ্জাম উৎপাদনে রূপান্তর করা হয়েছিল, তার কেন্দ্রীয় চরিত্র ছিলেন এই উদ্যোক্তা।
কাইজার শুধু জাহাজ নির্মাতা ছিলেন না। সড়ক, সেতু, বাঁধ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি, উড়োজাহাজ, আবাসন, হোটেল এবং স্বাস্থ্যসেবাসহ বহু খাতে তিনি ব্যবসা গড়ে তুলেছিলেন। তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল—যে প্রয়োজন অন্যরা সমস্যার কারণে এড়িয়ে যেত, তিনি সেটিকেই ব্যবসা ও উদ্ভাবনের সুযোগ হিসেবে দেখতেন। নিজের সীমাবদ্ধতা স্বীকার করলেও নতুন ক্ষেত্রে প্রবেশ করতে তাঁর দ্বিধা ছিল না। বরং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য অভিজ্ঞ অংশীদার খুঁজে নিয়ে কাজ শুরু করতেন।
যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন শিল্পায়নের ইতিহাসে তাঁর অবদান তাই কেবল উৎপাদনের পরিমাণ দিয়ে বিচার করা যায় না। তিনি দেখিয়েছিলেন, পরিকল্পনা, প্রযুক্তির নতুন প্রয়োগ, শ্রমিক সংগঠন এবং রাষ্ট্রের সঙ্গে কার্যকর সহযোগিতা একত্র হলে শিল্প উৎপাদনের প্রচলিত সীমা কত দ্রুত অতিক্রম করা সম্ভব।
যে আত্মবিশ্বাস তাঁকে সাধারণ কর্মচারী থেকে শিল্পপতি করেছিল
কাইজারের জীবন শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। ১৮৮২ সালে জন্ম নেওয়া এই মার্কিন উদ্যোক্তা মাত্র ১৩ বছর বয়সে পরিবারের আর্থিক দায়িত্ব সামলাতে পড়াশোনা ছেড়ে দেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরে তিনি শুকনো পণ্যের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। বয়স তখন ১৮। কিন্তু তাঁর উচ্চাকাঙ্ক্ষা ছিল প্রচলিত চাকরির সীমা ছাড়িয়ে যাওয়ার।
১৯০১ সালে তিনি জানতে পারেন, লেক প্লাসিডের একটি আলোকচিত্র স্টুডিওতে অংশীদার হওয়ার সুযোগ রয়েছে। পুঁজি না থাকলেও তিনি মালিককে এক অভিনব প্রস্তাব দেন। এক বছর বিনা বেতনে কাজ করবেন, শুধু থাকা-খাওয়ার ব্যবস্থা দিতে হবে। ওই সময়ের মধ্যে স্টুডিওর ব্যবসা তিন গুণ বাড়াতে পারলে প্রতিষ্ঠানের অর্ধেক মালিকানা তাঁকে দিতে হবে।
মালিক প্রস্তাবে রাজি হন। কাইজার দীর্ঘ সময় কাজ করেন, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং ব্যবসা সম্প্রসারণে নানা উদ্যোগ নেন। এক বছরের মধ্যেই তিনি প্রতিশ্রুতি পূরণ করেন। পরে বাকি অংশ কিনে নিয়ে নিজেই ব্যবসা পরিচালনা শুরু করেন।
এই ঘটনার মধ্যেই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে—সুযোগের জন্য অপেক্ষা না করে নিজের শর্তে সুযোগ তৈরি করা।
ব্যক্তিগত জীবনেও একই দৃঢ়তা দেখা যায়। ১৯০৫ সালে বেস ফসবর্গের সঙ্গে পরিচয়ের পর তাঁকে বিয়ে করতে চাইলে বেসের বাবা কয়েকটি শর্ত দেন। কাইজারকে এক হাজার ডলার সঞ্চয় করতে হবে, মাসে অন্তত ১২৫ ডলার আয়ের একটি স্থায়ী চাকরি পেতে হবে এবং মেয়ের জন্য একটি বাড়ি তৈরি করতে হবে। কাইজার শর্তগুলোকে অসম্ভব মনে করেননি। তিনি পশ্চিম যুক্তরাষ্ট্রে চলে যান, স্পোকেন শহরে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানে চাকরি নেন এবং দ্রুত বিক্রয় ব্যবস্থাপনার দায়িত্বে উন্নীত হন। দুই বছরের মধ্যে তিনি শর্ত পূরণ করে বেসকে বিয়ে করেন।
এই আত্মবিশ্বাস পরবর্তী সময়ে তাঁকে আরও বড় ঝুঁকি নিতে সাহায্য করে। তাঁর কাছে ব্যবসা মানে শুধু পুঁজি বিনিয়োগ করে মুনাফা অর্জন নয়; বরং এমন একটি প্রয়োজন চিহ্নিত করা, যার সমাধান অন্যরা এখনো দিতে পারেনি।
সড়ক ও বাঁধ নির্মাণে নতুন অধ্যায়
বিশ শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে মোটরগাড়ির ব্যবহার দ্রুত বাড়ছিল। কিন্তু বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ভালো সড়কের অভাব ছিল বড় সমস্যা। কাইজার বুঝতে পারেন, গাড়ির সংখ্যা বাড়লে পাকা রাস্তার চাহিদাও বাড়বে। তিনি সড়ক নির্মাণের কাজে যুক্ত হন এবং ধীরে ধীরে প্রকল্প পরিচালনা, দরপত্র আহ্বান ও নির্মাণ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেন।
১৯১৪ সালে তিনি যে নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছিলেন, সেটি বড় একটি চুক্তি পাওয়ার পর দেউলিয়া হয়ে যায়। অন্য কেউ হয়তো চাকরি হারানোর আশঙ্কায় পিছিয়ে যেতেন। কাইজার বরং প্রতিষ্ঠানটি কিনে নিয়ে অসমাপ্ত কাজ শেষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর নিজের কাছে প্রয়োজনীয় অর্থ, যন্ত্রপাতি কিংবা শ্রমিক ছিল না। ছিল একটি চুক্তি এবং সেটি বাস্তবায়নের পরিকল্পনা।
তিনি ভ্যাঙ্কুভারের একটি ব্যাংকে গিয়ে ২৫ হাজার ডলার ঋণ চান। ব্যাংক কর্মকর্তা প্রথমে বিস্মিত হন। তাঁর সামনে বসা তরুণের কোনো প্রতিষ্ঠান নেই, নির্মাণ সরঞ্জাম নেই, শ্রমিক নেই। শুধু একটি চুক্তি ও ব্যবসার ধারণা রয়েছে। এত কিছুর পরও ব্যাংক শেষ পর্যন্ত তাঁকে ঋণ দেয়। কাইজার সেই অর্থ কাজে লাগিয়ে নিজের নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তোলেন।
১৯২০-এর দশকের শুরুতে তাঁর প্রতিষ্ঠান ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায় শত শত মাইল সড়ক নির্মাণ করে। এরপর বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা তাঁকে বাঁধ নির্মাণের দিকে নিয়ে যায়।
১৯২৬ সালে ক্যালিফোর্নিয়ার বাট কাউন্টিতে ফিলব্রুক বাঁধ নির্মাণের কাজ পান তিনি। বাঁধটি আকারে খুব বড় না হলেও নির্মাণপদ্ধতির কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কয়েক মাসের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি এটি ছিল এমন একটি বাঁধ, যা সম্পূর্ণ যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ঘোড়া বা খচ্চরের ওপর নির্ভর করতে হয়নি।
পরের বছর কিউবায় ২০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে কাজের সুযোগ পান কাইজার। এর আওতায় ২০০ মাইল সড়ক ও ৫০০টি সেতু নির্মাণ করতে হতো। এই প্রকল্প তাঁর প্রতিষ্ঠানকে বড় নির্মাণ ব্যবসার জগতে প্রতিষ্ঠিত করে।
তবে তাঁর সবচেয়ে বড় সুযোগটি আসে যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগেই। কলোরাডো নদীর ব্ল্যাক ক্যানিয়নে বিশাল একটি বাঁধ নির্মাণের জন্য সরকার দরপত্র আহ্বান করেছিল। প্রকল্পটি ছিল এত বড় যে, সে সময়ের নির্মাণশিল্পে এটি ছিল এক অভূতপূর্ব চ্যালেঞ্জ। কাইজার বুঝতে পারেন, একা এই কাজ নেওয়া সম্ভব নয়। তিনি আরও কয়েকটি বড় নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ‘সিক্স কোম্পানিজ’ নামে একটি জোট গঠন করেন এবং এর চেয়ারম্যান হন।
জোটটি ৪ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ৯৫৫ ডলারের দরপত্র জমা দেয়, যা বৈধ প্রস্তাবগুলোর মধ্যে সর্বনিম্ন ছিল। প্রকল্পটির নাম ছিল বোল্ডার ড্যাম, যা পরে হুভার ড্যাম নামে পরিচিত হয়।
হুভার ড্যাম: অসম্ভবকে সময়ের আগেই সম্পন্ন করা
হুভার ড্যাম নির্মাণ ছিল শুধু একটি বাঁধ তৈরির প্রকল্প নয়; এটি ছিল প্রকৌশল, শ্রম ব্যবস্থাপনা এবং সংগঠনক্ষমতার বিশাল পরীক্ষা। নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়া, পাথর সরানো, বিপুল পরিমাণ কংক্রিট ঢালাই এবং হাজার হাজার শ্রমিকের আবাসনের ব্যবস্থা—প্রতিটি কাজেই ছিল নতুন চ্যালেঞ্জ।
প্রকল্পের শ্রমিকদের থাকার জন্য একটি নতুন শহর গড়ে তুলতে হয়েছিল, যার নাম দেওয়া হয় বোল্ডার সিটি। সেখানে ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। মরুভূমির প্রচণ্ড গরম ছিল আরেকটি বড় বাধা। ১৯৩১ সালে নির্মাণ শুরুর প্রথম গ্রীষ্মে দিনের তাপমাত্রা প্রায়ই ১২০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাত। এক সপ্তাহেই অতিরিক্ত গরমের কারণে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়।
এত বিপর্যয়ের মধ্যেও কাজ থামেনি। ১৯৩৩ সালের জুনে বাঁধের মূল কাঠামোয় প্রথম বড় আকারের কংক্রিট ঢালাই শুরু হয়। শেষ পর্যন্ত প্রকল্পে ৩০ লাখ ঘনগজের বেশি কংক্রিট ব্যবহার করা হয়। ১৯৩৫ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে বাঁধটি উদ্বোধন করেন। পরের বছর মার্চে নির্ধারিত সময়ের দুই বছর আগেই প্রকল্পটি সরকারের কাছে হস্তান্তর করা হয়।
হুভার ড্যাম যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় পরিবর্তন আনে। বাঁধের জলাধার লেক মিডের পানি ব্যবহার করে স্থাপিত টারবাইনগুলো বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিশাল এই স্থাপনাটি দ্রুত প্রকৌশল বিস্ময় হিসেবে পরিচিতি পায়।
এরপর কাইজার ও তাঁর অংশীদারেরা কলাম্বিয়া নদীর ওপর বনভিল লক অ্যান্ড ড্যাম এবং গ্র্যান্ড কুলি ড্যামের মতো আরও বড় প্রকল্পে যুক্ত হন। গ্র্যান্ড কুলি ড্যাম শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার জন্য নয়, শ্রমিকদের স্বাস্থ্যসেবার নতুন ব্যবস্থার জন্যও উল্লেখযোগ্য হয়ে ওঠে।
শ্রমিকের স্বাস্থ্যসেবা: শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বের নতুন ধারণা
গ্র্যান্ড কুলি ড্যাম নির্মাণের সময় কাইজারের ছেলে এডগার গারফিল্ড নামে এক চিকিৎসকের স্বাস্থ্যসেবা মডেলের কথা জানতে পারেন। চিকিৎসক সিডনি গারফিল্ড দূরবর্তী নির্মাণকাজের স্থানে শ্রমিকদের জন্য একটি সংগঠিত চিকিৎসাব্যবস্থা গড়ে তুলেছিলেন। এডগার বাবাকে সেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
কাইজার প্রস্তাবটি গ্রহণ করেন। প্রতিষ্ঠান শ্রমিকদের কর্মস্থলে হাসপাতাল নির্মাণের খরচ বহন করে। বিনিময়ে শ্রমিকদের বেতন থেকে সামান্য অর্থ কেটে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। প্রয়োজন হলে তাঁরা চিকিৎসা নিতে পারতেন।
এই উদ্যোগ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কাইজার ও গারফিল্ডের অংশীদারত্বে গড়ে ওঠা ব্যবস্থাটিই পরবর্তী সময়ে কাইজার পার্মানেন্টে স্বাস্থ্যসেবা কর্মসূচির ভিত্তি তৈরি করে।
এখানে কাইজারের ব্যবসায়িক দর্শনের আরেকটি দিক প্রকাশ পায়। তিনি শ্রমিকদের শুধু উৎপাদনের উপকরণ হিসেবে দেখেননি; তাঁদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাকেও উৎপাদনব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করেছিলেন।
১৯৩৮ সালের মধ্যে কাইজার এক হাজারের বেশি প্রকল্পে যুক্ত হয়েছিলেন। সেগুলোর মোট মূল্য ছিল ৪০ কোটি ডলার। তখন তাঁর বয়স ৫৬ বছর। চাইলে তিনি অবসর নিতে পারতেন। কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচিতি তখনো তৈরি হয়নি।
যুদ্ধের প্রয়োজন থেকে জাহাজ নির্মাণে প্রবেশ
১৯৪০ সালে ইউরোপে যুদ্ধের বিস্তার ব্রিটেনের জন্য সমুদ্রপথে সরবরাহ নিশ্চিত করাকে কঠিন করে তোলে। জার্মানির সাবমেরিন বহর মিত্রবাহিনীর পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিচ্ছিল। ব্রিটেনের কাছে যত জাহাজ ছিল, তার চেয়ে দ্রুত সেগুলো হারিয়ে যাচ্ছিল।
কাইজার বুঝতে পারেন, এই সংকটের সমাধান হতে পারে দ্রুত জাহাজ নির্মাণ। কিন্তু তাঁর নিজের জাহাজ নির্মাণের কোনো অভিজ্ঞতা ছিল না। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও তখন বড় আকারের জাহাজ নির্মাণের উপযোগী শিপইয়ার্ড ছিল না।
তিনি অভিজ্ঞ জাহাজ নির্মাতা জোসেফ টডের সঙ্গে অংশীদারত্ব করেন। ১৯৪০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মেরিটাইম কমিশন ক্যালিফোর্নিয়ার রিচমন্ডে একটি জরুরি শিপইয়ার্ড নির্মাণের অনুমতি দেয়। পরবর্তী দুই বছরে ব্রিটেনের জন্য ৩০টি পণ্যবাহী জাহাজ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়।
জাহাজগুলো ছিল জরুরি পণ্য পরিবহনের জন্য তৈরি ইসি-২ শ্রেণির জাহাজ। পরে এগুলোই ‘লিবার্টি শিপ’ নামে পরিচিতি পায়।
কাইজার ও তাঁর প্রধান প্রকৌশলী ক্লে বেডফোর্ড প্রচলিত জাহাজ নির্মাণপদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তখন সাধারণত একটি নির্দিষ্ট শ্রমিক দল জাহাজের কিল বা তলদেশ থেকে শুরু করে পুরো জাহাজ তৈরি করত। এতে সময় লাগত অনেক বেশি।
কাইজার ও বেডফোর্ড গাড়ি কারখানার উৎপাদনব্যবস্থা দেখে অন্য পথ খুঁজে পান। তাঁরা জাহাজের বিভিন্ন অংশ আলাদাভাবে তৈরি করে পরে সেগুলো জোড়া লাগানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ কারখানার উৎপাদন লাইনের মতো মডিউলার পদ্ধতিতে জাহাজ নির্মাণ শুরু হয়। পাশাপাশি রিভেটের পরিবর্তে ওয়েল্ডিং প্রযুক্তি ব্যবহার করা হয়।
এই পরিবর্তনে নির্মাণের সময় কমে যায়। ওয়েল্ডিংয়ের জন্য রিভেটিংয়ের তুলনায় কম বিশেষায়িত দক্ষতা প্রয়োজন হওয়ায় নতুন শ্রমিকদেরও কাজে যুক্ত করা সম্ভব হয়। যুদ্ধের কারণে বহু পুরুষ সেনাবাহিনীতে যোগ দেওয়ায় নারীরা শিপইয়ার্ডে কাজ করতে আসেন। কাইজারের কারখানায় তাঁদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
জাতিগত বিভাজনের ক্ষেত্রেও তাঁর প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অগ্রসর অবস্থান নেয়। বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ শ্রমিক রিচমন্ডে কাজের জন্য আসতে শুরু করলে স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের আবাসন নির্মাণে অনীহা দেখায়। কাইজার নিজেই শ্রমিকদের জন্য বাড়ি, স্কুল ও গির্জা নির্মাণের উদ্যোগ নেন। শ্রমিকদের স্বাস্থ্যসেবার জন্য আবারও সিডনি গারফিল্ডকে যুক্ত করেন।
এই শিল্প সম্প্রসারণের ফলে রিচমন্ডের জনসংখ্যা দ্রুত বেড়ে প্রায় এক লাখে পৌঁছায়। যুদ্ধের প্রয়োজন মেটানোর পাশাপাশি একটি নতুন শিল্পনগরী গড়ে ওঠে।
লিবার্টি শিপ: উৎপাদনের গতিতে যুদ্ধের সমীকরণ বদল
১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে জাপানের হামলার পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দেয়। তখন জাহাজ নির্মাণের কাজ আরও দ্রুত বাড়ানো হয়। কাইজারের শিপইয়ার্ডগুলো একের পর এক উৎপাদন রেকর্ড গড়তে থাকে।
১৯৪২ সালের সেপ্টেম্বরে তাঁর ওরেগন শিপবিল্ডিং ইয়ার্ড মাত্র ১০ দিনে একটি লিবার্টি শিপের কাজ শেষ করে। এর আগে জাহাজ নির্মাণের রেকর্ড ছিল ২৪ দিন। একই বছরের নভেম্বরে রিচমন্ডের দ্বিতীয় শিপইয়ার্ডে আরেকটি জাহাজ নির্মাণ শেষ হয় মাত্র চার দিন ১৫ ঘণ্টায়।
এই গতি শুধু সংবাদপত্রের শিরোনাম তৈরি করেনি; মিত্রবাহিনীর সরবরাহব্যবস্থায় বাস্তব পরিবর্তন এনেছিল। লিবার্টি শিপের মাধ্যমে ব্রিটেন ও অন্যান্য মিত্রদেশে খাদ্য, জ্বালানি, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পৌঁছানো সম্ভব হয়।
১৯৪১ থেকে ১৯৪৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ৭০০টির বেশি লিবার্টি শিপ তৈরি হয়। কাইজারের প্রতিষ্ঠান রিচমন্ডসহ পশ্চিম উপকূলের বিভিন্ন শিপইয়ার্ডে এর এক-তৃতীয়াংশেরও বেশি নির্মাণ করে। পরে আরও দ্রুতগতির ভিক্টরি শিপ নির্মাণেও তাঁর প্রতিষ্ঠান যুক্ত হয়।
প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে কাইজারের সম্পর্কও এ সময় গভীর হয়। রুজভেল্ট সাধারণত বড় শিল্পপতিদের প্রতি খুব একটা আস্থাশীল ছিলেন না। কিন্তু কাইজারের কর্মদক্ষতা, নতুন ধারণা এবং দ্রুত উৎপাদনের ক্ষমতা তাঁকে মুগ্ধ করেছিল। তাঁদের সম্পর্ক শুধু সরকারি চুক্তি ও ব্যবসায়িক স্বার্থের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দুজনই নিজেদের গণতন্ত্র রক্ষার বৃহত্তর যুদ্ধের অংশীদার হিসেবে দেখতেন।
ব্রিটেনের পক্ষ থেকেও কাইজারের কাজের স্বীকৃতি আসে। ব্রিটিশ শিপিং মিশনের প্রধান আর্থার সল্টার তাঁর আত্মবিশ্বাস ও উদ্যোগের প্রশংসা করেছিলেন। কারণ, জাহাজ নির্মাণের মূল লক্ষ্য ছিল শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান সম্প্রসারণ নয়; সমুদ্রপথে মিত্রবাহিনীর টিকে থাকার সক্ষমতা নিশ্চিত করা।
উড়োজাহাজ ও বিমানবাহী জাহাজের উচ্চাকাঙ্ক্ষা
জাহাজ নির্মাণে সাফল্যের পর কাইজার আরও বড় একটি পরিকল্পনা করেন। তাঁর ধারণা ছিল, সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি এমন একটি বিশাল কার্গো উড়োজাহাজের নকশা নিয়ে কাজ শুরু করেন, যা ৭৫০ জন সশস্ত্র সেনা অথবা দুটি ৩০ টন ওজনের ট্যাংক বহন করতে পারবে।
প্রকল্পটির নাম দেওয়া হয় এইচকে-১। বিমান নির্মাতা ও উদ্যোক্তা হাওয়ার্ড হিউজ এর নকশা তৈরিতে যুক্ত হন। মার্কিন যুদ্ধ উৎপাদন বোর্ডও প্রথমে প্রকল্পটির পক্ষে সম্মতি দেয় এবং ৫০০টি উড়োজাহাজ তৈরির পরিকল্পনা অনুমোদন করে।
কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের পথে প্রযুক্তিগত ও সরবরাহসংক্রান্ত জটিলতা দেখা দেয়। এত বড় উড়োজাহাজ তৈরি, প্রয়োজনীয় ইঞ্জিন সংগ্রহ এবং শিপইয়ার্ডকে দ্রুত বিমান কারখানায় রূপান্তর করা সহজ ছিল না। হিউজের সঙ্গে কাইজারের মতপার্থক্যও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ১৯৪৩ সালে কাইজার প্রকল্প থেকে সরে দাঁড়ান। হিউজ পরে নিজ উদ্যোগে একটি উড়োজাহাজ তৈরি করেন, যা ‘স্প্রুস গুজ’ নামে পরিচিত হয়। যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৭ সালে সেটি একবার উড্ডয়ন করেছিল।
এই ব্যর্থতা কাইজারের উচ্চাকাঙ্ক্ষার সীমা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নতুন ধারণা ও দৃঢ় আত্মবিশ্বাস বড় সাফল্য এনে দিতে পারে, কিন্তু প্রযুক্তিগত বাস্তবতা ও সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা উপেক্ষা করলে শুধু সাহস দিয়ে প্রকল্প সফল করা যায় না।
তবে একই সময়ে তাঁর আরেকটি উদ্যোগ সফল হয়। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী জাহাজের ঘাটতি দেখা দিয়েছিল। কাইজার ছোট আকারের এসকর্ট ক্যারিয়ার নির্মাণের প্রস্তাব দেন। তাঁর দাবি ছিল, দুই বছরের মধ্যে ৫০টি জাহাজ তৈরি করা সম্ভব।
নৌবাহিনীর কর্মকর্তারা প্রথমে সন্দিহান ছিলেন। কিন্তু কাইজার প্রেসিডেন্ট রুজভেল্টের সমর্থন আদায় করেন। তাঁর ভ্যাঙ্কুভার শিপইয়ার্ড ১৯৪৩ সালের এপ্রিল থেকে ১৯৪৪ সালের মে পর্যন্ত ৫০টি এসকর্ট ক্যারিয়ার নির্মাণ করে।
এই জাহাজগুলো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর—দুই যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আটলান্টিকে এগুলো জার্মান সাবমেরিনের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী কয়েকটি শিকারি দলের অংশ ছিল। প্রশান্ত মহাসাগরে ১৯৪৪ সালের লেইটে উপসাগরের যুদ্ধে এসকর্ট ক্যারিয়ারগুলোর একটি দল জাপানের শক্তিশালী নৌবহরের মুখোমুখি হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও মার্কিন বাহিনী জাপানি জাহাজ ডুবিয়ে দিতে এবং প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করতে সক্ষম হয়।
এই সাফল্য কাইজারের যুদ্ধকালীন অবদানের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। রুজভেল্ট একসময় তাঁকে নিজের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও বিবেচনা করেছিলেন। কিন্তু কাইজার রাজনীতিতে আগ্রহী ছিলেন না। তাঁর পরিচয় ছিল নির্মাতা হিসেবে।
যুদ্ধের পর নতুন শিল্প, নতুন ব্যর্থতা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কাইজার নতুন একটি লক্ষ্য নির্ধারণ করেন। তাঁর ধারণা ছিল, যুদ্ধোত্তর যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য কম দামের ছোট গাড়ির প্রয়োজন হবে। তিনি জোসেফ ফ্রেজারের সঙ্গে অংশীদারত্ব করে কাইজার-ফ্রেজার মোটর কোম্পানি গঠন করেন।
১৯৪৬ সালে প্রতিষ্ঠানটি গাড়ি বাজারে আনে। নকশা ছিল আধুনিক, কিছু মডেলে সামনের চাকা দিয়ে চলার প্রযুক্তিও ব্যবহার করা হয়। কিন্তু যুদ্ধোত্তর মূল্যস্ফীতির কারণে প্রত্যাশিত কম দামে গাড়ি উৎপাদন সম্ভব হয়নি। একই সঙ্গে ফোর্ড, জেনারেল মোটরস ও ক্রাইসলারের মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর প্রতিযোগিতার মুখে নতুন প্রতিষ্ঠানটি টিকে থাকতে পারেনি। কাইজারের ব্যবসায়িক জীবনের বড় ব্যর্থতা হয়ে ওঠে এই উদ্যোগ।
তবে একটি ব্যর্থতা তাঁর সামগ্রিক শিল্পদর্শনকে ম্লান করেনি। তিনি বরাবরই ঝুঁকি নিতে পছন্দ করতেন। নতুন প্রকল্পের সম্ভাবনা সম্পর্কে নিজের ধারণার ওপর আস্থা রাখতেন এবং প্রয়োজন হলে সম্পূর্ণ নতুন শিল্পে প্রবেশ করতেন।
ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাতেও তাঁর দূরদর্শিতা দেখা যায়। যুদ্ধের সময়ই তিনি ক্যালিফোর্নিয়ায় ম্যাগনেশিয়াম কারখানা এবং ইস্পাত কারখানা স্থাপন করেন। পরে স্পোকেনের কাছে অ্যালুমিনিয়াম কারখানা গড়ে তোলেন। তাঁর ধারণা ছিল, যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রে শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণের কারণে কাঁচামালের চাহিদা বাড়বে।
পরবর্তী সময়ে এই বিনিয়োগগুলো কাইজার ইন্ডাস্ট্রিজ, কাইজার অ্যালুমিনিয়াম ও কাইজার স্টিলের মতো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করে। ১৯৬০-এর দশকের মাঝামাঝি এসব প্রতিষ্ঠানের সম্মিলিত আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ৫০টি কোম্পানির মধ্যে জায়গা করে নেয় কাইজারের ব্যবসায়িক সাম্রাজ্য।
জীবনের শেষ পর্যায়ে তিনি হাওয়াইয়ে হোটেল ব্যবসায় প্রবেশ করেন। সেখানে নির্মাণ করেন বিশাল পর্যটনকেন্দ্র হাওয়াইয়ান ভিলেজ, যা পরে হিলটনের কাছে বিক্রি করা হয়।
যে উত্তরাধিকার আজও বেঁচে আছে
১৯৬৭ সালের ২৪ আগস্ট ৮৫ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা যান হেনরি জে. কাইজার। তাঁর মৃত্যুর পরও তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠান ও উদ্যোগের অনেকগুলো টিকে থাকে। তবে সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয় কাইজার পার্মানেন্টে স্বাস্থ্যসেবা কর্মসূচি।
১৯৩০-এর দশকে বাঁধ নির্মাণের শ্রমিকদের জন্য যে চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেটিই পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপ নেয়। বর্তমানে আটটি অঙ্গরাজ্যে এর আট মিলিয়নের বেশি সদস্য রয়েছে।
এখানেই কাইজারের জীবন ও উত্তরাধিকারের একটি তাৎপর্যপূর্ণ বৈপরীত্য রয়েছে। তাঁর নামে নির্মিত বাঁধ, জাহাজ বা শিল্পকারখানা হয়তো অনেকেই চেনেন না। তাঁর প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুবিধাভোগীরাও অনেক সময় জানেন না, এর পেছনে থাকা মানুষটির নাম কী।
কাইজারের জীবনকে শুধু একজন সফল উদ্যোক্তার গল্প হিসেবে দেখলে তাঁর প্রকৃত গুরুত্ব ধরা পড়বে না। তিনি ছিলেন এমন এক শিল্পসংগঠক, যিনি জাতীয় প্রয়োজনকে উৎপাদনের পরিকল্পনায় রূপ দিতে পেরেছিলেন। তাঁর সাফল্যের পেছনে ছিল নতুন প্রযুক্তি গ্রহণের মানসিকতা, দ্রুত সিদ্ধান্ত, ঝুঁকি নেওয়ার সাহস এবং বড় পরিসরে শ্রমিক ও সম্পদ সংগঠিত করার ক্ষমতা।
তবে তাঁর সব উদ্যোগ সফল হয়নি। উড়োজাহাজ প্রকল্প এবং গাড়ি ব্যবসা দেখিয়েছে, আত্মবিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষারও সীমা রয়েছে। কিন্তু ব্যর্থতার আশঙ্কায় নতুন শিল্পে প্রবেশ না করার যে প্রবণতা ব্যবসায়িক জগতে প্রায়ই দেখা যায়, কাইজার তার বিপরীত উদাহরণ ছিলেন।
ইতিহাসে অনেক সময় যুদ্ধের বিজয়কে সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের কৃতিত্ব হিসেবে তুলে ধরা হয়। কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে শিল্পভিত্তি, উৎপাদনক্ষমতা ও সরবরাহব্যবস্থা প্রয়োজন, সেগুলো গড়ে তোলেন এমন মানুষরাই। হেনরি জে. কাইজার ছিলেন তাঁদের একজন—যাঁর অবদান ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের শিল্পগত প্রস্তুতির ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়।
তাঁকে স্মরণ করার কারণ শুধু তিনি শত শত জাহাজ, বাঁধ কিংবা কারখানা নির্মাণ করেছিলেন, তা নয়। বরং তিনি প্রমাণ করেছিলেন, শিল্পের শক্তি কেবল যন্ত্রপাতি ও অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিক সময়ে প্রয়োজন বুঝতে পারা, প্রচলিত পদ্ধতিকে প্রশ্ন করা এবং মানুষকে একটি বড় লক্ষ্যের জন্য সংগঠিত করতে পারাই একজন নির্মাতাকে ইতিহাসের অংশ করে তোলে।












