আজ অনলাইনে কেনাকাটা করে পরদিনই ঘরের দরজায় পণ্য পৌঁছে পাওয়া অনেকের কাছে স্বাভাবিক বিষয়। কিন্তু এই দ্রুত পণ্য সরবরাহ ব্যবস্থার পেছনে রয়েছে এক মানুষের দূরদর্শিতা, কর্মদক্ষতা এবং প্রতিদ্বন্দ্বীদের ছাড় না দেওয়ার কঠোর মানসিকতা। তিনি জেমস কেসি, বিশ্বের অন্যতম বৃহৎ পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) প্রতিষ্ঠাতা।
১৯০৭ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ছোট একটি বার্তাবাহক ও পণ্য সরবরাহের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন কেসি। সেই উদ্যোগই একসময় পরিণত হয় বিশ্বের অন্যতম বৃহৎ সরবরাহ ও লজিস্টিকস প্রতিষ্ঠানে। তাঁর ব্যবসায়িক কৌশল শুধু পণ্য পরিবহনের ধরন বদলায়নি, বদলে দিয়েছে মানুষের কেনাকাটা এবং আধুনিক বাণিজ্যের গতিপথও।
আড়ালে থাকা এক ব্যবসায়ী
জেমস কেসি ছিলেন প্রচলিত অর্থে একজন ব্যতিক্রমী ব্যবসায়ী। আধুনিক সময়ের অনেক প্রভাবশালী উদ্যোক্তার মতো তিনি প্রচার পছন্দ করতেন না। নিজের জীবন নিয়ে কোনো স্মৃতিকথা লেখেননি। রেখে যাননি ব্যক্তিগত চিঠিপত্রের উল্লেখযোগ্য সংগ্রহও। ১৯৮৩ সালে ৯৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
ব্যক্তিগত জীবনে তাঁর আগ্রহ ছিল অত্যন্ত সীমিত। কাজই ছিল তাঁর প্রধান মনোযোগ। এমনকি রবিবারেও নিজের গাড়ি নিয়ে পণ্য সরবরাহের বিভিন্ন পথ ঘুরে দেখতেন। চালকেরা কত সময়ে একটি নির্দিষ্ট পথে পণ্য পৌঁছে দিতে পারেন, তা নিজের হিসাবের সঙ্গে মিলিয়ে দেখতেন।
একটি সাময়িকীর বিরল সাক্ষাৎকারে তাঁকে নিয়ে বলা হয়েছিল, তিনি কেবল পার্সেল নিয়েই কথা বলেন।
এই রকম একজন ব্যক্তির জীবনী লেখা সহজ ছিল না। ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ মার্ক লেভিনসন তাঁর দ্য ইউপিএস ম্যান বইয়ে সেই কঠিন কাজটি করেছেন। ৩৩৬ পৃষ্ঠার বইটিতে কেসির জীবন ও ব্যবসায়িক দর্শনের পাশাপাশি বিশ্ববাণিজ্যের বিবর্তনে তাঁর অবদান তুলে ধরা হয়েছে।
ছোট ব্যবসা থেকে বৈশ্বিক সরবরাহব্যবস্থা
১৯০৭ সালে সিয়াটলে দোকান থেকে ক্রেতার বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার অনেক ছোট ব্যবসা ছিল। প্রতিটি পণ্য আলাদাভাবে দোকান থেকে ক্রেতার কাছে পৌঁছে দিতে হতো। এতে যাতায়াতের খরচ বেশি পড়ত, অথচ প্রতিটি সরবরাহ থেকে আয় হতো সামান্য।
কেসি বুঝতে পারেন, এই পদ্ধতিতে দীর্ঘমেয়াদে লাভ করা কঠিন। তাই তিনি পণ্য সরবরাহের ব্যবস্থায় পরিবর্তন আনেন।
তিনি বিভিন্ন খুচরা বিক্রেতাকে তাঁদের সব পণ্য একটি কেন্দ্রীয় স্থানে পাঠানোর ব্যবস্থা করতে বলেন। সেখানে গন্তব্য অনুযায়ী পণ্য বাছাই করে একসঙ্গে সরবরাহের জন্য সাজানো হতো। এতে একই পথে একাধিক পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। কম সময়ে বেশি পণ্য সরবরাহের সুযোগ তৈরি হয়।
এই ব্যবস্থার মাধ্যমে তিনি একই দিনে পণ্য পৌঁছে দেওয়ার বিশেষ সেবাও চালু করেন। পাশাপাশি খুচরা বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেন। ফলে দোকানগুলোকে নিজস্ব পরিবহনব্যবস্থা পরিচালনার জন্য ঘোড়া, গাড়ি ও অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করতে হতো না।
এতে ব্যবসায়ীরা পরিচালন ব্যয় কমাতে পারেন। অন্যদিকে কেসির প্রতিষ্ঠান পায় নিয়মিত কাজ, স্থিতিশীল আয় এবং দীর্ঘমেয়াদি গ্রাহক।
দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার
কেসির ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি ছিল প্রতিটি কাজকে আরও দ্রুত ও কার্যকর করার চেষ্টা।
১৯২০-এর দশকে তিনি জেনারেল মোটরস ও ফোর্ডে কাজ করা একজন প্রকৌশলীকে নিয়োগ দেন। তাঁর দায়িত্ব ছিল পার্সেল বাছাই ও সাজানোর কাজে সহায়ক যন্ত্রপাতি তৈরি করা।
ট্রাকে পণ্য তোলার ক্ষেত্রেও কেসি নতুন নিয়ম চালু করেন। যে পণ্যটি সবার আগে পৌঁছে দিতে হবে, সেটি এমনভাবে সাজানো হতো যেন চালককে সেটি খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে না হয়।
এ ছাড়া সরবরাহের সময় ও কর্মদক্ষতা পরিমাপ করতে পর্যবেক্ষকদের স্টপওয়াচ দিয়ে মাঠে পাঠানো হতো। প্রতিটি পথে আদর্শ সরবরাহ সময় নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের তুলনায় বেশি পণ্য সরবরাহ করতে পারলে চালকেরা বোনাস পেতেন।
বর্তমানে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে কর্মীদের উৎপাদনশীলতা পরিমাপ ও কাজের গতি বাড়ানোর যেসব পদ্ধতি দেখা যায়, তার অনেক কিছুর প্রাথমিক রূপ ইউপিএসের কর্মব্যবস্থায় পাওয়া যায়।
প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠোর অবস্থান
কেসির ব্যবসায়িক দর্শনের আরেকটি দিক ছিল প্রতিযোগীদের কোনো ছাড় না দেওয়া। বাজারে আধিপত্য ধরে রাখতে তিনি কঠোর এবং অনেক ক্ষেত্রে বিতর্কিত কৌশল গ্রহণ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও আপত্তি তুলে তাদের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হতো। প্রতিযোগীদের কিনে নেওয়া, খুচরা বিক্রেতাদের একচেটিয়া চুক্তিতে আবদ্ধ করা এবং বাজার ভাগাভাগি নিয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতার মতো কর্মকাণ্ডও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠে।
কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা নিয়ন্ত্রণসংক্রান্ত আইন এড়িয়ে যাওয়ার অভিযোগও ছিল। পাশাপাশি নিজেদের ব্যবসার সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণমূলক বিধিবিধান প্রণয়নে কর্তৃপক্ষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল।
কেসির ব্যবস্থাপনার ধরন ছিল কঠোর। ব্যবসায় জিততে হলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে—এমন মানসিকতা তাঁর সিদ্ধান্ত ও প্রতিষ্ঠানের পরিচালনায় স্পষ্ট ছিল।
আধুনিক ই-কমার্সের পেছনে যে উত্তরাধিকার
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি মিনিটে তিন লাখের বেশি পার্সেল সরবরাহ করা হয়। অনলাইন কেনাকাটার প্রসারের সঙ্গে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যাশাও বেড়েছে।
এই বাস্তবতায় কেসির তৈরি করা কেন্দ্রীয় বাছাই, দক্ষ পরিবহন রুট, সময়ভিত্তিক কর্মমূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তির ধারণাগুলো আধুনিক সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।
তাঁর জীবন থেকে উদ্যোক্তাদের জন্য একটি বড় শিক্ষা পাওয়া যায়—ব্যবসায় শুধু নতুন পণ্য বা সেবা তৈরি করাই যথেষ্ট নয়; সেই সেবা কীভাবে আরও দ্রুত, কম খরচে এবং ধারাবাহিকভাবে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
তবে তাঁর সাফল্যের গল্পের সঙ্গে কঠোর প্রতিযোগিতা ও একচেটিয়া আধিপত্যের বিতর্কও জড়িয়ে আছে। ফলে জেমস কেসির উত্তরাধিকার একদিকে ব্যবসায়িক দক্ষতা ও উদ্ভাবনের ইতিহাস, অন্যদিকে বাজার দখলের নির্মম প্রতিযোগিতারও প্রতিচ্ছবি।












