ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকার পদত্যাগে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু তাঁর শিক্ষাগত যোগ্যতা ও পদে থাকার বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের প্রেক্ষাপটে এই পদত্যাগ দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহি এবং নির্বাহী ও আইনসভার ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। এখন মূল প্রশ্ন শুধু কে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, তা নয়; বরং রাজনৈতিক ক্ষমতার প্রয়োজনে সাংবিধানিক নজরদারির প্রক্রিয়া থামিয়ে দেওয়া যায় কি না।
গত ১২ নভেম্বর প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পর গিবরান পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির (এমপিআর) নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর যোগ্যতা ও পদে থাকার বৈধতা নিয়ে প্রতিনিধি পরিষদে একটি মতামত প্রস্তাবের আলোচনা শুরুর প্রস্তুতি চলছিল। আটটি সংসদীয় গোষ্ঠীর ১২০ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া ওই প্রস্তাব নিয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ অধিবেশন গিবরানের পদত্যাগের ঘোষণার পর বাতিল হয়ে যায়।
ঘটনার সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংসদীয় প্রক্রিয়াটি যখন আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে, ঠিক তখনই তা থেমে যায়। পদত্যাগের ফলে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি বদলেছে ঠিকই, কিন্তু যে প্রশ্নগুলোকে কেন্দ্র করে আইনপ্রণেতারা উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোর উত্তর পাওয়া যায়নি। একজন পদত্যাগ করেছেন বলেই তাঁর যোগ্যতা, দায়িত্ব পালন কিংবা রাজনৈতিক জবাবদিহি নিয়ে সংসদের অনুসন্ধানের প্রয়োজন শেষ হয়ে যায় না।
পদত্যাগ কি সংসদীয় নজরদারি থামিয়ে দিতে পারে?
ইন্দোনেশিয়ার সংবিধানের ২০এ অনুচ্ছেদ আইনসভাকে প্রশ্ন উত্থাপন, তদন্ত এবং মতামত প্রকাশের অধিকার দিয়েছে। এই অধিকার নির্বাহী বিভাগের ওপর সংসদের সাংবিধানিক নজরদারির অন্যতম প্রধান উপায়। অবশ্য সংসদের মতামত প্রস্তাব নিজে থেকে অভিশংসন নয়। সংবিধানের ৭বি অনুচ্ছেদে নির্ধারিত সাংবিধানিক আদালত ও এমপিআরের প্রক্রিয়া আলাদা। তবে কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা পর্যালোচনার জন্য সংসদের মতামত প্রকাশের অধিকার গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পথ তৈরি করে।
এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ করার অধিকার এক বিষয়, আর সংসদের সাংবিধানিক দায়িত্ব পালন আরেক বিষয়। পদত্যাগের পর সংসদ যদি মনে করে যে আগের প্রস্তাবের আর প্রয়োজন নেই, তবে সেই সিদ্ধান্তের সাংবিধানিক ভিত্তি ব্যাখ্যা করা তার দায়িত্ব। শুধু সংশ্লিষ্ট ব্যক্তি পদ ছেড়েছেন—এই যুক্তিতে জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্নগুলো বন্ধ করে দেওয়া হলে সংসদের নজরদারি ক্ষমতার কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।
আর যদি নির্বাহী বিভাগের চাপ বা হস্তক্ষেপের কারণে সংসদ প্রস্তাবটি প্রত্যাহার করে থাকে, তাহলে বিষয়টি আরও গুরুতর। কারণ তাতে আইনসভা নিজের সাংবিধানিক দায়িত্ব পালনের স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়বে। সংসদের কাছে জনগণের সরাসরি প্রশ্ন থাকা উচিত: প্রস্তাবটি কি স্বাধীন বিবেচনায় বাতিল হয়েছে, নাকি নির্বাহী বিভাগের রাজনৈতিক প্রয়োজনের কাছে সংসদ নতি স্বীকার করেছে?
এই প্রশ্ন ইন্দোনেশিয়ার ক্ষমতার পৃথকীকরণ নীতির কেন্দ্রবিন্দুতে আঘাত করে। বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগ—প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়, সংসদের নজরদারি উদ্যোগ এবং ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের পর শূন্য পদ পূরণের প্রক্রিয়া—সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজস্ব ক্ষমতা স্বাধীনভাবে প্রয়োগ করতে হবে। এক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যেন অন্য প্রতিষ্ঠানের সাংবিধানিক দায়িত্বকে অকার্যকর করে না দেয়।
পদত্যাগের রাজনৈতিক দায় কোথায় শেষ?
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে একজন ভাইস প্রেসিডেন্ট কোন ভিত্তিতে পদত্যাগ করতে পারেন। ১৯৪৫ সালের সংবিধানে স্বেচ্ছায় পদত্যাগের কারণ কিংবা তার বিস্তারিত প্রক্রিয়া স্পষ্টভাবে নির্ধারিত নেই। সংবিধানের ৮(২) অনুচ্ছেদে ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে তা পূরণের নিয়ম রয়েছে। অন্যদিকে ৭এ অনুচ্ছেদে পদ থেকে অপসারণের ভিত্তি নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্বেচ্ছায় পদত্যাগের গ্রহণযোগ্য কারণ কী হবে এবং সেই কারণ কীভাবে পর্যালোচনা করা হবে, তা স্পষ্ট নয়।
এই অস্পষ্টতা একটি মৌলিক পার্থক্য সামনে আনে। পদত্যাগের ফলে সাংবিধানিকভাবে একটি পদ শূন্য হয়, কিন্তু তাতে পদত্যাগকারীর রাজনৈতিক দায় শেষ হয়ে যায় না। ভাইস প্রেসিডেন্ট কোনো সাধারণ প্রশাসনিক কর্মকর্তা নন, যিনি ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব ছেড়ে চলে যেতে পারেন। এই পদে অধিষ্ঠিত ব্যক্তি জাতীয় নির্বাচনের মাধ্যমে পাওয়া জনসমর্থনের প্রতিনিধিত্ব করেন এবং সংবিধান রক্ষার শপথ নেন।
পদত্যাগের সিদ্ধান্ত যদি সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনার বিষয় হয় এবং তার পেছনের কারণ জনগণের কাছে ব্যাখ্যা করার বাধ্যবাধকতা না থাকে, তাহলে গণতান্ত্রিক জবাবদিহির ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। পদত্যাগ একটি সাংবিধানিক শূন্যতা তৈরি করতে পারে, কিন্তু তা রাজনৈতিক দায়িত্বের হিসাব মুছে দিতে পারে না।
উত্তরসূরি নির্বাচনে স্বাধীনতার প্রশ্ন
গিবরানের পদত্যাগের পর এমপিআরের প্রতিক্রিয়াও পর্যবেক্ষণের দাবি রাখে। ভাইস প্রেসিডেন্টের শূন্য পদ পূরণে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ১৬ নভেম্বর অ্যাসেম্বলির নেতৃত্ব জানায়, নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের পূর্ণাঙ্গ অধিবেশন ২ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট প্রাবোওর অনুরোধে রাজনৈতিক জোটের দল ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আরও আলোচনার জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
রাজনৈতিক পরামর্শ ও আলোচনা স্বাভাবিক বিষয়। কিন্তু এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সীমারেখা অক্ষুণ্ন রাখা জরুরি। সংবিধানের ৮(২) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হলে প্রেসিডেন্ট দুইজন প্রার্থীর নাম প্রস্তাব করবেন এবং অ্যাসেম্বলি তাঁদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবে। অর্থাৎ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রেসিডেন্টের ভূমিকা রয়েছে। কিন্তু সেই ক্ষমতাকে অ্যাসেম্বলির নিজস্ব কার্যসূচি ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণের অধিকার হিসেবে দেখা যায় না।
অধিবেশনের সময়সূচি পরিবর্তনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত অ্যাসেম্বলির। তাই তাদের দেখাতে হবে, সময় পরিবর্তনের সিদ্ধান্তটি নিজস্ব প্রাতিষ্ঠানিক বিবেচনা থেকে নেওয়া হয়েছে, নাকি নির্বাহী বিভাগের পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে রাজনৈতিক জোটের নেতারা আগেই উত্তরসূরি নিয়ে আলোচনা করে থাকতে পারেন। তবে গিবরানের পদত্যাগের আগে কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল—এমন তথ্য প্রকাশ্যে নেই। ফলে বিষয়টি নিয়ে অনুমান না করে প্রক্রিয়ার স্বচ্ছতার দিকেই নজর দেওয়া প্রয়োজন।
ভাইস প্রেসিডেন্টের পদ পূরণ করা সাংবিধানিক প্রয়োজন। কিন্তু উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া যেন বিদায়ী কর্মকর্তাকে ঘিরে অমীমাংসিত প্রশ্ন চাপা দেওয়ার রাজনৈতিক উপায় হয়ে না ওঠে। সাংবিধানিক নিয়ম মেনে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর পদে অধিষ্ঠিত হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। তবে আইনি বৈধতা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা এক বিষয় নয়।
সংসদের নজরদারি প্রক্রিয়া কেন বন্ধ হলো, তার ব্যাখ্যা না থাকলে নতুন ভাইস প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে গিবরানের দায় বহন না করলেও দায়িত্ব গ্রহণের শুরুতেই রাজনৈতিক সংশয়ের মুখে পড়তে পারেন। কারণ জনগণের কাছে তখন পুরো পরিবর্তনপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন থেকে যাবে।
আইনি বিতর্কের স্বচ্ছ নিষ্পত্তি প্রয়োজন
গিবরানের প্রার্থিতা-সংক্রান্ত নথি ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাংবিধানিক আদালত এবং সুপ্রিম কোর্টের রায় ঘিরেও বিতর্ক রয়েছে। এসব রায় অতীতের নির্বাচনী ফলাফলকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে না। তবে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর তাৎপর্য ও আইনি প্রভাব সম্পর্কে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। অস্পষ্টতা রেখে দিলে রাজনৈতিক বিতর্ক আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে।
ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি মূলত দেশটির ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির কাঠামোর পরীক্ষা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি জনগণের স্বার্থে স্বাধীনভাবে কাজ করছে, নাকি ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীগুলোর সমঝোতার ক্ষেত্র হয়ে উঠছে—সেই প্রশ্ন সামনে এসেছে। সাংবিধানিক গণতন্ত্রের শক্তি শুধু প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরোধ দেখা দিলে বোঝা যায় না। রাজনৈতিক সুবিধার কারণে কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হলেও তার প্রকৃত পরীক্ষা হয়।
গিবরানের পদত্যাগ তাঁর ভাইস প্রেসিডেন্টের মেয়াদের অবসান ঘটিয়েছে। কিন্তু তাঁর যোগ্যতা, দায়িত্ব এবং রাজনৈতিক জবাবদিহি নিয়ে উত্থাপিত প্রশ্নের নিষ্পত্তি করেনি। এখন দায়িত্ব প্রতিনিধি পরিষদ ও এমপিআরের। তাদের প্রমাণ করতে হবে, তারা কোনো রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা রক্ষার জন্য নয়, সংবিধান ও জনগণের কাছে দায়বদ্ধ থেকেই কাজ করে। এই পরীক্ষায় তাদের ব্যর্থতা শুধু একটি পদত্যাগের বিতর্কে সীমাবদ্ধ থাকবে না; তা ইন্দোনেশিয়ার সাংবিধানিক গণতন্ত্রের ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।












