২০১০ সালের এপ্রিলে ভিয়েতনামের ক্যাট তিয়েন জাতীয় উদ্যানে একটি জাভান গন্ডারের মৃতদেহ পাওয়া যায়। প্রাণীটির পায়ে গুলির ক্ষত ছিল, আর শিংটি কেটে নেওয়া হয়েছিল। পরে মৃতদেহ থেকে সংগৃহীত জিনগত নমুনার সঙ্গে আগে সংগ্রহ করা গন্ডারের বিষ্ঠার নমুনা বিশ্লেষণ করে গবেষকেরা নিশ্চিত হন, ভিয়েতনামের ওই অঞ্চলে এটিই ছিল প্রজাতিটির শেষ জীবিত সদস্য।
ঘটনাটি শুধু একটি বিরল প্রাণীর মৃত্যু ছিল না; এটি ছিল একটি প্রজাতিকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার চূড়ান্ত প্রমাণ। ইন্দোনেশিয়ার জন্য এই ইতিহাস এখন বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ পৃথিবীর সব জীবিত জাভান গন্ডার বর্তমানে দেশটির উজুং কুলন জাতীয় উদ্যানের একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। সেখানে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ, রোগের প্রাদুর্ভাব কিংবা অন্য বিপর্যয় ঘটলে পুরো প্রজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
এই ঝুঁকি কমাতে উজুং কুলনের বাইরে দ্বিতীয় একটি প্রজননক্ষম গন্ডার-জনসংখ্যা গড়ে তোলার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। পূর্ব জাভার আলাস পুরও জাতীয় উদ্যানকে সম্ভাব্য নতুন আবাসস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্যোগটি প্রয়োজনীয় হলেও শুধু কয়েকটি গন্ডার অন্য জায়গায় সরিয়ে নিলেই সংরক্ষণ নিশ্চিত হবে না। নতুন আবাসস্থলের উপযোগিতা, প্রাণীর স্বাস্থ্য, প্রজননক্ষমতা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা—সবকিছু নিশ্চিত করতে হবে বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে।
ভিয়েতনামের ব্যর্থতা কেন গুরুত্বপূর্ণ
ভিয়েতনামের অভিজ্ঞতা দেখিয়েছে, কোনো প্রজাতির সংখ্যা কমে গেলে শুধু প্রাণী রক্ষা করার ঘোষণা যথেষ্ট নয়। ২০১২ সালে ‘বায়োলজিক্যাল কনজারভেশন’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় সারাহ ব্রুক ও তাঁর সহকর্মীরা মাঠপর্যায়ের জরিপের সঙ্গে জিনগত বিশ্লেষণ যুক্ত করেন। ২০০৯-২০১০ সালের জরিপে সংগ্রহ করা ২২টি বিষ্ঠার নমুনার মধ্যে ১৭টি জিনগত পরীক্ষার উপযোগী ছিল। সব কটির সঙ্গে ২০১০ সালে পাওয়া মৃত গন্ডারটির নমুনার মিল পাওয়া যায়।
অর্থাৎ, যে প্রাণীটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেটিই ছিল ওই অঞ্চলের শেষ জাভান গন্ডার। ২০১৪ সালের আরেক মূল্যায়নে বিলুপ্তির তাৎক্ষণিক কারণ হিসেবে চোরাশিকারকে চিহ্নিত করা হয়। পাশাপাশি দুর্বল নিরাপত্তাব্যবস্থা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং গন্ডারের সংখ্যা ও প্রজনন সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকাকেও দায়ী করা হয়। ভিয়েতনামে সর্বশেষ নিশ্চিত জন্মের ঘটনা ঘটেছিল ১৯৯৩ সালে।
একটি ক্ষুদ্র প্রাণী-জনসংখ্যার ক্ষেত্রে এত দীর্ঘ সময় নতুন বাচ্চা জন্ম না নেওয়া বড় সতর্কসংকেত। কতগুলো প্রাণী বেঁচে আছে, তাদের মধ্যে প্রজনন হচ্ছে কি না, কোনো প্রাণী মারা গেলে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব তথ্য নিয়মিত হালনাগাদ না থাকলে বিলুপ্তির ঝুঁকি শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে।
ইন্দোনেশিয়ার ইতিহাসেও একই ধরনের বিপদের নজির রয়েছে। জাভান গন্ডারের সাবেক বিস্তৃত আবাসস্থলে একসময় ব্যাপক শিকার চলেছে। বাণিজ্য, বিনোদন এবং কৃষিজমি রক্ষার অজুহাতে প্রাণীগুলো হত্যা করা হতো। ঐতিহাসিক নথিতে এমন পুরস্কার ঘোষণার তথ্যও রয়েছে, যার উদ্দেশ্য ছিল ফসলের ক্ষতি ঠেকাতে গন্ডার নির্মূল করা।
সুমাত্রায় জাভান গন্ডারের শেষ পরিচিত প্রাণীগুলো ১৯২৭ থেকে ১৯৩৩ সালের মধ্যে নিহত হয়েছিল বলে ২০১১ সালের এক পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। অতীতের জরিপ অসম্পূর্ণ হওয়ায় ঠিক কখন ওই অঞ্চলে প্রজাতিটি বিলুপ্ত হয়েছিল, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে এই ইতিহাস প্রমাণ করে, আবাসস্থল থাকা সত্ত্বেও দীর্ঘদিনের শিকার একটি প্রজাতিকে আঞ্চলিকভাবে নিশ্চিহ্ন করে দিতে পারে।
দ্বিতীয় আবাসস্থল মানেই শুধু নতুন বন নয়
শিকার ছাড়াও আবাসস্থল ধ্বংস জাভান গন্ডারের অস্তিত্ব সংকুচিত করেছে। কৃষিজমি, বসতি ও সড়ক নির্মাণের ফলে বনভূমি বিচ্ছিন্ন হয়েছে। এতে ছোট ছোট প্রাণী-গোষ্ঠীর মধ্যে চলাচল ও প্রজননের সুযোগ কমে গেছে। ভিয়েতনামের ক্যাট তিয়েনের ক্যাট লোক এলাকায় মানুষের অনুপ্রবেশ গন্ডারের ব্যবহারযোগ্য আবাসস্থলকে আরও সীমিত করে দিয়েছিল।
তাই ইন্দোনেশিয়ার নতুন সংরক্ষণকেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে শুধু বনভূমির আয়তন বিবেচনা করলে চলবে না। সেখানে পর্যাপ্ত খাদ্য, পানি, কাদায় গড়াগড়ি দেওয়ার জায়গা এবং বিভিন্ন অংশের মধ্যে চলাচলের সংযোগ থাকতে হবে। একই সঙ্গে শিকার ঠেকানোর মতো কার্যকর নিরাপত্তাব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
২০২৬ সালে ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। ম্যাথিউ গ্রেঞ্জারের নেতৃত্বে গবেষকেরা ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও জীবাশ্মসংক্রান্ত তথ্য ব্যবহার করে জাভান ও সুমাত্রান গন্ডারের অতীত আবাসস্থলের পরিবেশগত বৈশিষ্ট্য পুনর্গঠন করেন। এতে দেখা যায়, বর্তমানে যেসব সীমিত এলাকায় প্রজাতিগুলো টিকে আছে, অতীতে তাদের বিস্তৃতি ছিল আরও বড় এবং পরিবেশগত বৈচিত্র্যও ছিল বেশি।
এই গবেষণা ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সংরক্ষণ এলাকা বাছাইয়ের জন্য বৈজ্ঞানিক ভিত্তি দিতে পারে। বিভিন্ন জাতীয় উদ্যানের পরিবেশগত বৈশিষ্ট্য তুলনা করে পরে মাঠপর্যায়ে খাদ্য, পানির উৎস, জলাভূমি, বনভূমির সংযোগ এবং শুষ্ক ও বর্ষা মৌসুমে পরিবেশের পরিবর্তন যাচাই করা সম্ভব।
আলাস পুরওর সম্ভাবনা ও প্রাকৃতিক ঝুঁকি
আলাস পুরওকে সম্ভাব্য দ্বিতীয় আবাসস্থল হিসেবে মূল্যায়ন করতে হলে এই তুলনামূলক বৈজ্ঞানিক কাঠামো অনুসরণ করা প্রয়োজন। সুন্দা প্রণালি থেকে দূরে হওয়ায় উজুং কুলনের কিছু স্থানীয় ঝুঁকি থেকে এলাকাটি আলাদা। তবে উপকূলীয় অবস্থানের কারণে সুনামির আশঙ্কা গুরুত্ব দিয়ে পরীক্ষা করতে হবে।
গন্ডারগুলো বাস্তবে কোন ধরনের বনভূমি ব্যবহার করবে, বিপদের সময় উঁচু এলাকায় যাওয়ার পথ পাবে কি না এবং চরম আবহাওয়ায় তাদের নিরাপদ আশ্রয় থাকবে কি না—এসব প্রশ্নের উত্তর জরুরি। শুধু মানচিত্রে উপযুক্ত দেখালেই কোনো স্থান দীর্ঘমেয়াদি আবাসস্থল হয়ে ওঠে না।
ইন্দোনেশিয়ার সাম্প্রতিক একটি স্থানান্তর-অভিজ্ঞতাও নতুন পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের ৫ নভেম্বর মুসোফা নামের একটি জাভান গন্ডারকে উজুং কুলনের ভেতরে অবস্থিত জাভান রাইনো স্টাডি অ্যান্ড কনজারভেশন এরিয়ায় নেওয়া হয়। দুই দিন পর প্রাণীটি মারা যায়। ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে বন মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিনের জটিল রোগে তার মৃত্যু হয়েছে।
এই ঘটনার চিকিৎসাগত ও ব্যবস্থাপনাগত দিক নিয়ে স্বাধীন পর্যালোচনা প্রয়োজন। প্রাণী স্থানান্তরের আগে স্বাস্থ্য পরীক্ষা, ধরার পদ্ধতি, পরিবহন এবং নতুন পরিবেশে ছেড়ে দেওয়ার পর পর্যবেক্ষণ—প্রতিটি ধাপে কী উন্নতি করা দরকার, তা নির্ধারণ করতে হবে। একটি প্রাণীর মৃত্যু থেকে পাওয়া শিক্ষা পরবর্তী স্থানান্তরের ঝুঁকি কমাতে কাজে লাগতে পারে।
কোন গন্ডার সরানো হবে, সেটিও বড় সিদ্ধান্ত
দ্বিতীয় জনসংখ্যা গড়ে তোলার জন্য কোন প্রাণীগুলোকে বেছে নেওয়া হবে, তা সংরক্ষণ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। উজুং কুলন থেকে প্রজননে সক্ষম ও সফল গন্ডার সরিয়ে নিলে সেখানে বিদ্যমান জনসংখ্যার পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে। আবার নতুন স্থানে খুব কমসংখ্যক প্রাণী পাঠানো হলে তারা বেঁচে থাকলেও প্রজননক্ষম স্থিতিশীল জনসংখ্যা গড়ে উঠবে না।
তাই প্রতিটি গন্ডারের বয়স, স্বাস্থ্য, প্রজননের ইতিহাস এবং জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে হালনাগাদ তথ্য থাকা দরকার। নতুন এলাকায় প্রাণীগুলোর টিকে থাকা ও বংশবিস্তারের সম্ভাবনা যেমন বিবেচনা করতে হবে, তেমনি উজুং কুলন থেকে তাদের সরিয়ে নেওয়ার ফলে মূল জনসংখ্যার ওপর কী প্রভাব পড়বে, সেটিও হিসাব করতে হবে।
প্রাণী পৌঁছানোর পর নিরাপত্তাব্যবস্থা তৈরি করার চিন্তা করলে চলবে না। নিয়মিত টহল, পশুচিকিৎসা সহায়তা, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন আগে থেকেই নিশ্চিত করতে হবে। ভিয়েতনামের ক্যাট তিয়েন জাতীয় উদ্যানের উদাহরণ মনে রাখা জরুরি—জাতীয় উদ্যানের মর্যাদা থাকা সত্ত্বেও সেখানে শেষ জাভান গন্ডারটি চোরাশিকারের শিকার হয়েছিল। অর্থাৎ, কাগজে-কলমে সংরক্ষিত এলাকা ঘোষণা করলেই প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হয় না।
দেরি করাও বিপজ্জনক
দ্বিতীয় আবাসস্থল গড়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত বিলম্বও ঝুঁকিমুক্ত নয়। রিদওয়ান সেতিয়াওয়ান ও তাঁর সহকর্মীদের গবেষণায় দেখা গেছে, উজুং কুলনে গন্ডারের ঘনত্ব বেশি এমন এলাকাগুলো সুনামির ঝুঁকির মুখে রয়েছে। ফলে সব প্রাণীকে একটি জায়গায় রেখে দেওয়ার বিপদ এবং নতুন স্থানে স্থানান্তরের ঝুঁকি—দুটিই পাশাপাশি বিবেচনা করতে হবে।
সরকারের উচিত এখনই সম্ভাব্য স্থানগুলোর তুলনামূলক বৈজ্ঞানিক মূল্যায়নে অর্থায়ন করা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ রাখা। তবে গন্ডারের সুনির্দিষ্ট অবস্থানসংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না, কারণ তা শিকারিদের হাতে গেলে প্রাণীগুলোর নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে কোন প্রতিষ্ঠান পুরো প্রক্রিয়ার দায়িত্ব নেবে, জরুরি পরিস্থিতিতে কে দ্রুত সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে—এসব স্পষ্ট করতে হবে।
ভিয়েতনামে জাভান গন্ডারের বিলুপ্তি নিশ্চিত হয়েছিল মৃত প্রাণীর সঙ্গে সংগৃহীত নমুনার জিনগত মিল পাওয়ার পর। ইন্দোনেশিয়ার হাতে এখনো সময় আছে। কিন্তু সেই সময়কে কাজে লাগাতে হলে পরিকল্পনা, অর্থায়ন, বৈজ্ঞানিক তথ্য এবং মাঠপর্যায়ের নিরাপত্তাকে একই ব্যবস্থার অংশ করতে হবে।
দ্বিতীয় আবাসস্থল গড়ে তোলার সাফল্য শুধু সেখানে কয়েকটি গন্ডার স্থানান্তরের মধ্য দিয়ে বিচার করা যাবে না। প্রকৃত সাফল্য হবে নতুন এলাকায় তাদের নিয়মিত প্রজনন, জন্ম নেওয়া বাচ্চাদের বেঁচে থাকা এবং একই সঙ্গে উজুং কুলনের মূল জনসংখ্যার পুনরুদ্ধারের সক্ষমতা অক্ষুণ্ন রাখা। জাভান গন্ডারের ভবিষ্যৎ নির্ভর করছে এই দুই লক্ষ্য একসঙ্গে অর্জন করতে পারার ওপর।












