নারীর শরীরের হরমোনের পরিবর্তনের সঙ্গে দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস, ব্যায়াম ও কাজের ধরন সমন্বয় করার ধারণা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ‘সাইকেল-সিঙ্কিং’ নামে পরিচিত এই পদ্ধতিতে মাসিক চক্রের বিভিন্ন পর্যায় অনুযায়ী কখন ব্যায়াম করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কী ধরনের খাবার খেতে হবে, এমনকি কোন সময়ে সৃজনশীল কাজ করা ভালো—সেসব বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জনপ্রিয় এই ধারণার পেছনে কতটা বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকেরা।
নারীদের মাসিক চক্রের সঙ্গে শারীরিক সক্ষমতার সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। ২০১৬ সালে গবেষণা সাময়িকী প্লস ওয়ানে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, অভিজাত পর্যায়ের অর্ধেকের বেশি নারী ক্রীড়াবিদ মনে করেন, মাসিক চক্র তাঁদের ক্রীড়া পারফরম্যান্সে প্রভাব ফেলে। ২০২৪ সালে ব্রিটিশ অ্যাথলেটদের ওপর পরিচালিত আরেকটি গবেষণায় এই হার ৭৫ শতাংশের বেশি পাওয়া যায়।
এই বাস্তবতা থেকেই মাসিক চক্রকে কেন্দ্র করে জীবনযাপনের পরিকল্পনা করার প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রভাবক বিষয়টিকে জনপ্রিয় করে তুলেছেন। কিন্তু ব্যক্তিভেদে শরীরের গঠন, হরমোনের মাত্রা এবং উপসর্গের পার্থক্য থাকায় সবার জন্য একই নিয়ম কার্যকর হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
মাসিক চক্রে হরমোনের ওঠানামা
সাধারণত একটি মাসিক চক্র প্রায় এক মাসের হলেও এর দৈর্ঘ্য ব্যক্তিভেদে আলাদা হতে পারে। এই চক্রের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ডিম্বস্ফোটন এবং মাসিক। ডিম্বস্ফোটনের সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়। অন্যদিকে নিষেক না ঘটলে জরায়ুর অভ্যন্তরীণ আবরণ ঝরে পড়ে এবং মাসিকের রক্তপাত শুরু হয়।
এই পুরো প্রক্রিয়ায় শরীরে বিভিন্ন হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। ডিম্বস্ফোটনের কাছাকাছি সময়ে ইস্ট্রোজেনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর প্রোজেস্টেরনের মাত্রা বাড়তে থাকে। মাসিক শুরুর আগে এই দুই হরমোনের মাত্রাই দ্রুত কমে যায়।
সাইকেল-সিঙ্কিংয়ের সমর্থকেরা এই পরিবর্তনের ভিত্তিতে মাসিক চক্রকে চারটি পর্যায়ে ভাগ করেন। এগুলো হলো মাসিক, ফলিকুলার, ডিম্বস্ফোটন এবং লুটিয়াল পর্যায়।
চার পর্যায়ে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পরামর্শ
সাইকেল-সিঙ্কিংয়ের প্রচলিত ধারণা অনুযায়ী, মাসিকের সময় শরীরে শক্তির ঘাটতি দেখা দিতে পারে। এ সময় তুলনামূলক হালকা ব্যায়াম এবং আয়রনসমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়। রক্তপাতের কারণে শরীরে আয়রনের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকায় এ ধরনের খাবারকে গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তী ফলিকুলার পর্যায়ে ডিম্বাশয়ে ডিম্বাণুবাহী ফলিকল বিকশিত হয়। এই সময়ে শরীরের শক্তি বাড়তে পারে—এমন ধারণা থেকে ব্যায়ামের তীব্রতা ধীরে ধীরে বাড়ানো এবং সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন সাইকেল-সিঙ্কিংয়ের প্রবক্তারা।
ডিম্বস্ফোটনের সময় ডিম্বাণু নিঃসৃত হয়। এরপর শুরু হয় লুটিয়াল পর্যায়। এ সময় প্রোজেস্টেরনের প্রভাবে হজমের গতি ধীর হওয়া এবং পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। মাসিক শুরুর আগে হরমোনের মাত্রা কমে যাওয়ার সঙ্গে মাথাব্যথা, পেটে ব্যথা এবং বিষণ্নতার মতো উপসর্গও দেখা দিতে পারে।
এ কারণে লুটিয়াল পর্যায়ে ভারী ব্যায়ামের পরিবর্তে যোগব্যায়াম বা তুলনামূলক হালকা শরীরচর্চার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত চিনিযুক্ত খাবার কমানোর কথাও বলা হয়।
জনপ্রিয়তা থাকলেও বৈজ্ঞানিক প্রমাণ সীমিত
সাইকেল-সিঙ্কিং নারীদের শরীর সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি কাঠামো দিতে পারে। তবে এর প্রতিটি পরামর্শ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়। গবেষকদের মতে, মাসিক চক্রের বিভিন্ন পর্যায় অনুযায়ী খাদ্যাভ্যাস, ব্যায়াম ও কাজের সময়সূচি নির্ধারণের কার্যকারিতা প্রমাণ করার মতো কঠোর ও নিয়ন্ত্রিত দৈবচয়নভিত্তিক গবেষণা এখনো পর্যাপ্ত নয়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের নারীস্বাস্থ্য গবেষক লিসা হ্যানসু মনে করেন, এ বিষয়ে প্রচলিত অনেক পরামর্শ ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। ফলে সেগুলোকে সবার জন্য কার্যকর বৈজ্ঞানিক নিয়ম হিসেবে গ্রহণ করা ঠিক নয়।
প্রত্যেক নারীর শরীরের প্রতিক্রিয়া এক নয়
সাইকেল-সিঙ্কিংয়ের অন্যতম বড় সীমাবদ্ধতা হলো, নারীদের মাসিক চক্রের দৈর্ঘ্য এবং শারীরিক উপসর্গে ব্যাপক পার্থক্য রয়েছে। কারও মাসিক চক্র তুলনামূলক ছোট, আবার কারও ক্ষেত্রে দীর্ঘ হতে পারে। এমনকি একই নারীর ক্ষেত্রেও বয়স বাড়ার সঙ্গে কিংবা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পরিবর্তনের কারণে চক্রের দৈর্ঘ্য বদলে যেতে পারে।
ফলিকুলার পর্যায়ের দৈর্ঘ্যও সবার ক্ষেত্রে এক নয়। এটি সাত থেকে ২১ দিন পর্যন্ত হতে পারে। ফলে নির্দিষ্ট ক্যালেন্ডার ধরে ব্যায়াম, খাবার কিংবা কাজের পরিকল্পনা করলে অনেকের ক্ষেত্রে তা বাস্তবসম্মত নাও হতে পারে।
মাসিকের সময় কারও ক্লান্তি বেশি হয়, কারও ব্যথা বা অস্বস্তি তুলনামূলক কম থাকে। আবার কারও ক্ষেত্রে মাসিকের আগের সময়টি দৈনন্দিন কাজকর্মে বড় ধরনের প্রভাব ফেলে। তাই একটি নির্দিষ্ট নিয়ম দিয়ে সব নারীর অভিজ্ঞতা ব্যাখ্যা করা সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের পরামর্শ নয়, নিজের শরীরকে বোঝা জরুরি
বিশেষজ্ঞদের মতে, মাসিক চক্রের কারণে দৈনন্দিন জীবনে ক্লান্তি বা শারীরিক অস্বস্তি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নেওয়া যুক্তিসংগত। তবে শুধু মাসিক চক্রের নির্দিষ্ট পর্যায়ের কারণে ব্যায়াম বন্ধ করা বা কাজের ধরন পরিবর্তন করার কোনো সর্বজনীন নিয়ম নেই।
বরং নিজের মাসিক চক্র, শারীরিক উপসর্গ, শক্তির মাত্রা এবং ব্যায়ামের প্রতিক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করা বেশি কার্যকর হতে পারে। এতে কোন সময়ে শরীর ভালো থাকে, কখন ক্লান্তি বাড়ে এবং কোন ধরনের খাদ্যাভ্যাস বা শরীরচর্চা স্বস্তি দেয়, তা বোঝা সহজ হয়।
সাইকেল-সিঙ্কিংয়ের জনপ্রিয়তা নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর একটি ইতিবাচক দিক তুলে ধরেছে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করার ঝুঁকিও রয়েছে। মূল বিষয়টি হলো, মাসিক চক্র সম্পর্কে সচেতন থাকা জরুরি, তবে অন্যের অভিজ্ঞতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের নির্ধারিত নিয়ম নিজের শরীরের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।












