শৈশবে দেখা একটি ভয়াবহ ঘটনা কীভাবে একটি শিশুর মনোজগৎ, আচরণ ও স্বাভাবিক জীবনকে আমূল বদলে দিতে পারে, সেই সংবেদনশীল বাস্তবতা উঠে এসেছে চলচ্চিত্র ‘জোসেফিন’-এ। হলিউড অভিনেতা চ্যানিং ট্যাটাম অভিনীত এই চলচ্চিত্রে আট বছর বয়সী এক মেয়ের চোখ দিয়ে তুলে ধরা হয়েছে যৌন সহিংসতার প্রত্যক্ষদর্শী হওয়ার মানসিক অভিঘাত এবং সেই অভিজ্ঞতা কাটিয়ে ওঠার কঠিন লড়াই।
চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রে রয়েছে ছোট্ট জোসেফিন। এক সকালে বাবা ডেমিয়েনের সঙ্গে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্কে ফুটবল খেলতে গিয়ে সে একটি ধর্ষণের ঘটনা প্রত্যক্ষ করে। ঘটনাটি থেকে প্রায় ৫০ ফুট দূরে থাকলেও দৃশ্যটি তার মনে গভীর ছাপ ফেলে। কী ঘটেছে, তা সে পুরোপুরি বুঝতে পারে না। কিন্তু আশপাশের প্রাপ্তবয়স্কদের অস্বাভাবিক প্রতিক্রিয়া তাকে বুঝিয়ে দেয়, ভয়াবহ কিছু ঘটে গেছে।
শিশুমনে ট্রমার অদৃশ্য অভিঘাত
এরপরের গল্প মূলত জোসেফিনের মানসিক পরিবর্তনকে ঘিরে। সে ঘটনাটি বোঝার চেষ্টা করে, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। ভয়, বিভ্রান্তি ও অস্বস্তি ধীরে ধীরে তার আচরণে প্রকাশ পেতে থাকে।
কখনো সে অন্যের মুঠোফোন নিয়ে ধর্ষণ শব্দটির অর্থ খুঁজতে যায়, আবার কখনো খেলার মাঠে এমন আচরণ করে, যা তার স্বাভাবিক স্বভাবের সঙ্গে মেলে না। একপর্যায়ে অন্তঃসত্ত্বা মাকেও আঘাত করে সে।
সবচেয়ে অস্বস্তিকর দৃশ্যগুলোর একটি হলো, বাবা-মায়ের ব্যক্তিগত মুহূর্তে ঘরে ঢুকে বাবার ওপর চিৎকার করে ওঠে জোসেফিন। তার শিশুমনে তখন এমন ধারণা তৈরি হয়েছে, বাবা হয়তো মায়ের ওপর আক্রমণ করছেন। বাস্তবতা ও ভয় মিশে গিয়ে কীভাবে একটি শিশুর উপলব্ধিকে বদলে দিতে পারে, দৃশ্যটি তারই উদাহরণ।
বাবা-মায়ের দুই ধরনের অবস্থান
চলচ্চিত্রে জোসেফিনের বাবা ডেমিয়েনের চরিত্রে অভিনয় করেছেন চ্যানিং ট্যাটাম। মেয়ের সঙ্গে তার সম্পর্ক সহজ, স্বাভাবিক ও স্নেহপূর্ণ। মেয়েকে সাহসী হতে শেখানোর চেষ্টা করেন তিনি। তার বিশ্বাস, জীবনের কঠিন বাস্তবতা থেকে শিশুদের সব সময় আড়াল করে রাখা সম্ভব নয়।
অন্যদিকে, জোসেফিনের মা ক্লেয়ারের চরিত্রে রয়েছেন জেমা চ্যান। তিনি উদ্বিগ্ন এবং ঝুঁকি এড়িয়ে চলতে চান। মেয়েকে সম্ভাব্য বিপদ থেকে দূরে রাখাই তার প্রধান লক্ষ্য। ধর্ষণের ঘটনায় জোসেফিন একমাত্র প্রত্যক্ষদর্শী হওয়ায় আদালতে তার সাক্ষ্য প্রয়োজন হতে পারে। কিন্তু মা চান না, নতুন করে কোনো মানসিক চাপের মুখোমুখি হোক তার মেয়ে।
এই দ্বন্দ্ব চলচ্চিত্রে অভিভাবকত্বের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। একদিকে শিশুকে নিরাপদ রাখার চেষ্টা, অন্যদিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস জোগানো।
নির্মাণে বাস্তবতার ছাপ
চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন নির্মাতা বেথ দে আরাউহো। নিজের শৈশবের একটি কাছাকাছি অভিজ্ঞতার স্মৃতি থেকে তিনি গল্পটির অনুপ্রেরণা পেয়েছেন।
নির্মাতা প্রচলিত নাটকীয়তা এড়িয়ে ক্যামেরার ব্যবহার, শব্দ এবং দৈনন্দিন কথোপকথনের মধ্য দিয়ে শিশুটির মানসিক জগৎ তুলে ধরেছেন। প্রাপ্তবয়স্কদের কথাবার্তা শিশুরা যেভাবে আংশিক বোঝে, আবার অনেক কিছু উপলব্ধি করতে না পেরে বিভ্রান্ত হয়, চলচ্চিত্রের শব্দ পরিকল্পনায় সেই অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়েছে।
ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিকেও জোসেফিনের কল্পনায় নিজের বাড়িতে নির্বিকারভাবে অবস্থান করতে দেখা যায়। এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে, অপরাধী বাস্তবে উপস্থিত না থাকলেও তার স্মৃতি শিশুটির চিন্তাজগৎ দখল করে রেখেছে।
বিচার নয়, শিশুর মানসিক সুস্থতাই মূল প্রশ্ন
চলচ্চিত্রের একপর্যায়ে ধর্ষণের অভিযোগের বিচার শুরু হয়। কিন্তু অপরাধীর শাস্তি হবে কি না, সেটিই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। বরং বড় প্রশ্ন—জোসেফিন কি এই ভয়াবহ অভিজ্ঞতার মানসিক ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে?
প্রায় দুই ঘণ্টার চলচ্চিত্রটিতে আদালতের লড়াইয়ের চেয়ে শিশুটির ভেতরের পরিবর্তন বেশি গুরুত্ব পেয়েছে। শেষ দিকে তার মানসিক মুক্তির সম্ভাবনা দেখানো হলেও সেই সমাপ্তি পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
তবে শৈশবের ট্রমা, যৌন সহিংসতার মানসিক প্রভাব এবং সন্তানকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্ব নিয়ে চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করেছে। এর শক্তি বড় কোনো নাটকীয় ঘটনায় নয়, বরং একটি শিশুর নীরব পরিবর্তন ও অপ্রকাশিত যন্ত্রণার সূক্ষ্ম চিত্রণে।











