মানুষের মৃত্যু অনিবার্য। কিন্তু জীবনের শেষ সময়ে চিকিৎসাসেবা পাওয়া, ধর্মীয় আচার পালনের সুযোগ এবং প্রিয়জন হারানোর পর মানসিক সহায়তা সব মানুষের জন্য সমান নয়। জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে অনেক মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে, বিশেষ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে এই বৈষম্য আরও স্পষ্ট।
গবেষণায় দেখা গেছে, জীবনের শেষ সময়ে চিকিৎসা ও স্বজন হারানোর পর শোক সামলানোর ক্ষেত্রে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রায়ই নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সহায়তা পান না। ফলে মৃত্যুপথযাত্রী ব্যক্তির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। লন্ডনের কিংস কলেজ এবং শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এই গবেষণায় এমন কিছু অভিজ্ঞতা উঠে এসেছে, যা স্বাস্থ্যসেবায় সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাবকে সামনে এনেছে।
একজন নারী গবেষকদের জানিয়েছেন, তাঁর হিন্দু পরিবারের একজন সদস্য মৃত্যুশয্যায় থাকা অবস্থায় হাসপাতাল থেকে একজন ইমামকে পাঠানো হয়েছিল। অথচ তাঁদের পরিবারের ধর্মীয় পরিচয় ছিল হিন্দু। এমন ঘটনা শুধু বিব্রতকর নয়, বরং সংকটের মুহূর্তে পরিবারটির মানসিক কষ্টও বাড়িয়ে দেয়। গবেষণার সহলেখক সাবরিনা বাজওয়াহ বলেন, প্রয়োজনীয় সাংস্কৃতিক সম্পদ ও প্রশিক্ষণের অভাব মানুষের জীবনের অত্যন্ত সংবেদনশীল সময়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
সমান চিকিৎসা মানেই সবার প্রয়োজন পূরণ নয়
গবেষকদের মতে, স্বাস্থ্যসেবায় বৈষম্যের দুটি ধরন রয়েছে। প্রথমটি কাঠামোগত বৈষম্য, যেখানে সবাইকে একইভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের ভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয় না। দ্বিতীয়টি সরাসরি বৈষম্যমূলক আচরণ।
অর্থাৎ, প্রত্যেক রোগীকে একই ধরনের সেবা দেওয়া হলেই যে সবাই সমানভাবে উপকৃত হবেন, তা নয়। কারও ধর্মীয় বিশ্বাস, খাদ্যাভ্যাস, পারিবারিক রীতি কিংবা মৃত্যুর পর শেষকৃত্যের প্রস্তুতির বিষয়গুলোও চিকিৎসাসেবার অংশ হওয়া প্রয়োজন।
যুক্তরাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় জাতিগত বৈষম্য কমাতে ২০২১ সালে গঠিত এনএইচএস রেস অ্যান্ড হেলথ অবজারভেটরির গত বছরের এক গবেষণাতেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছিল। এতে দেখা যায়, বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিয়ে আস্থার ঘাটতি রয়েছে। গবেষণায় অংশ নেওয়া অর্ধেকের কিছু বেশি মানুষ জানিয়েছেন, তাঁরা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছ থেকে কোনো না কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ জানিয়েছে, জাতিগত বা সাংস্কৃতিক পরিচয় কখনোই শোক সামলানোর সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়। প্রত্যেক মানুষের সমান মানের সেবা পাওয়ার অধিকার রয়েছে। নতুন গবেষণার ফলাফল ভবিষ্যৎ নীতিনির্ধারণে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে বিভাগটি।
চিকিৎসায় সংস্কৃতির গুরুত্ব কতটা?
লেস্টারের বাসিন্দা প্রবীণ নাভেকারের অভিজ্ঞতা স্বাস্থ্যসেবায় সাংস্কৃতিক প্রয়োজন উপেক্ষার একটি উদাহরণ। তাঁর স্ত্রী গীতা ২০১০ সালে কোমর ও পায়ে দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগতে শুরু করেন। প্রায় দুই বছর ধরে একাধিকবার চিকিৎসকের কাছে গেলেও তাঁকে মূলত ব্যথার ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হতো। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।
পরে তাঁরা নিজেদের খরচে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। তাঁর পরামর্শে সিটি স্ক্যান করানোর পর গীতার পেলভিসে বিরল ধরনের ক্যানসার শনাক্ত হয়। রোগ নির্ণয়ের সময় চিকিৎসকেরা তাঁকে পাঁচ বছরের কম সময় বাঁচার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে দীর্ঘ ১১ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২১ সালের এপ্রিলে মারা যান গীতা।
প্রবীণ মনে করেন, হাসপাতালে চিকিৎসার সময় তাঁর স্ত্রীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব চাহিদা ও বিশ্বাস রয়েছে। সেগুলোকে সম্মান করা জরুরি। দীপাবলির সময় তাঁর স্ত্রী হাসপাতালে থাকলেও দিনটিকে অন্য সাধারণ দিনের মতোই বিবেচনা করা হতো। অথচ বড়দিনের সময় হাসপাতালগুলোতে বিশেষ আয়োজন দেখা যেত। তাঁর মতে, দীপাবলির দিনে একজন নার্স বা চিকিৎসক শুভেচ্ছা জানালেও রোগী ও তাঁর পরিবারের কাছে সেটি অনেক অর্থবহ হতে পারত।
প্রবীণের বক্তব্য, রোগীকে শুধু হাসপাতালের একটি শয্যায় থাকা চিকিৎসাপ্রার্থী হিসেবে দেখলে চলবে না। তাঁকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।
শোক সামলাতে কমিউনিটির শক্তি
মৃত্যুর পর স্বজনদের মানসিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৩ সালে মারওয়া সোলাইমানের বাবা মারা যান। তখন তিনি মিসর থেকে যুক্তরাজ্যে এসেছেন মাত্র। তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছিলেন। নতুন দেশে পরিচিত কেউ ছিল না, নিজের মতো কোনো সামাজিক পরিমণ্ডলও গড়ে ওঠেনি। বাবার মৃত্যুর পর তিনি গভীর অসহায়ত্ব ও একাকিত্বে ভেঙে পড়েছিলেন। কী করবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝতে পারছিলেন না।
এই অভিজ্ঞতার ছয় বছর পর ২০১৯ সালে তিনি মুসলিম ও আরবিভাষী নারীদের জন্য ‘হেয়া’ নামে একটি সহায়তা সংগঠন গড়ে তোলেন। আরবি ভাষায় হেয়া শব্দের অর্থ ‘সে’ বা ‘নারী’। শুরুতে সংগঠনটির সদস্য ছিলেন মাত্র ৫০ জন। বর্তমানে সদস্যসংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
সংগঠনের কোনো সদস্যের পরিবারে কেউ মারা গেলে অন্যরা তাঁর পাশে দাঁড়ান। শোকবার্তা পাঠানো, কোরআন তিলাওয়াত, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজন অনুযায়ী বাড়িতে গিয়ে সময় দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে মারওয়া তাঁর মা-সহ আরও তিনজন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছেন। তবে এবার পরিস্থিতি ছিল ভিন্ন। সংগঠনের সদস্যরা তাঁর পাশে ছিলেন। কেউ খাবার নিয়ে এসেছেন, কেউ ফোন করেছেন, কেউ বাড়িতে গিয়ে সময় দিয়েছেন। মারওয়ার মতে, কঠিন সময়ে পরিচিত মানুষের এমন উপস্থিতি শোক সামলানোর ক্ষেত্রে বড় শক্তি হয়ে ওঠে।
তবে তাঁর আশঙ্কা, অন্যান্য সম্প্রদায়ের অনেক মানুষের জন্য এ ধরনের সহায়তা পাওয়ার সুযোগ নেই। যেসব সংগঠন কাজ করছে, সেগুলোরও পর্যাপ্ত অর্থায়নের অভাব রয়েছে। তিনি মনে করেন, শোকগ্রস্ত মানুষের জন্য কোথায় যেতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কী ধরনের সহায়তা পাওয়া যাবে, এসব বিষয়ে সুস্পষ্ট ব্যবস্থা থাকা প্রয়োজন।
বিদ্যমান সামাজিক উদ্যোগকে যুক্ত করার আহ্বান
গবেষণার আরেক সহলেখক শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাটরিওনা মেল্যান্ড মনে করেন, মারওয়ার প্রতিষ্ঠিত সংগঠনটি স্বাস্থ্য ও সামাজিক সেবার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। তাঁর মতে, সরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত নয় বিদ্যমান সামাজিক উদ্যোগগুলোকে সরিয়ে দিয়ে নিজেদের ব্যবস্থা চাপিয়ে দেওয়া। বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আগে থেকেই যে সহায়তা ও পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে, সেগুলোকে শক্তিশালী করতে হবে।
মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি হলেও সেই সময় একজন মানুষ কী ধরনের চিকিৎসা, মর্যাদা ও মানসিক সহায়তা পাবেন, তা অনেকটাই নির্ভর করে সমাজ ও স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতির ওপর। গবেষণাটি দেখাচ্ছে, উন্নত স্বাস্থ্যব্যবস্থাতেও শুধু জীবনের শেষ সময়ে চিকিৎসার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়। মানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় এবং পারিবারিক মূল্যবোধকে সম্মান করার মধ্য দিয়েই জীবনের শেষ সময়কে আরও মানবিক করে তোলা সম্ভব।












