বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে পরিচিত কাল্পনিক গুপ্তচর জেমস বন্ড আবারও নতুন রূপে পর্দায় ফিরছেন। আর এবার ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর দুর্ধর্ষ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। আগামী ২৬তম আনুষ্ঠানিক জেমস বন্ড চলচ্চিত্রে তাঁর অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। নতুন এই নির্বাচন ঘিরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি পুরোনো ভক্তদের মধ্যে দেখা দিয়েছে সংশয়।
জেমস বন্ড শুধু একটি চলচ্চিত্রের চরিত্র নয়, এটি ব্রিটিশ সংস্কৃতি, ক্ষমতা, গোয়েন্দা রোমাঞ্চ এবং জনপ্রিয় বিনোদনের দীর্ঘস্থায়ী প্রতীক। ফলে বন্ড চরিত্রে নতুন অভিনেতার আগমন কেবল অভিনয়শিল্পী পরিবর্তনের ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে চরিত্রটির ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিচয়।
যেভাবে জন্ম হয়েছিল জেমস বন্ড নামের
১৯৫২ সালে ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং একটি গুপ্তচর উপন্যাস লেখার পরিকল্পনা করেন। তাঁর লক্ষ্য ছিল এমন একটি গল্প তৈরি করা, যা গুপ্তচর কাহিনির জগতে নতুন মাত্রা যোগ করবে। নায়ক কেমন হবেন, নারী চরিত্রগুলো কেমন হবে, এমনকি বইটি থেকে কত আয় হতে পারে—এসব নিয়েও তাঁর ধারণা ছিল। কিন্তু নায়কের নাম নিয়ে তিনি তখনো সিদ্ধান্ত নিতে পারেননি।
একদিন নিজের ডেস্কের ওপরের তাকের দিকে তাকিয়ে একটি বই তাঁর চোখে পড়ে। বইটির নাম ‘ফিল্ড গাইড টু বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ’। বইটির লেখক ছিলেন পাখিবিষয়ক গবেষক জেমস বন্ড। নামটি ফ্লেমিংয়ের পছন্দ হয়ে যায়। তাঁর কাছে এটি ছিল সংক্ষিপ্ত, রোমান্টিকতাহীন, ইংরেজি ঐতিহ্যসম্পন্ন এবং পুরুষালি একটি নাম।
সেখান থেকেই জন্ম নেয় ‘বন্ড—জেমস বন্ড’। পরবর্তী সময়ে এই নাম বিশ্বজুড়ে গুপ্তচর চরিত্রের সমার্থক হয়ে ওঠে।
কেন রবার্ট প্যাটিনসন?
বন্ড চরিত্রে সাধারণত এমন অভিনেতাদের বেছে নেওয়া হয়েছে, যাঁরা নির্বাচনের সময় আন্তর্জাতিক তারকা হিসেবে খুব বেশি পরিচিত ছিলেন না। কিন্তু রবার্ট প্যাটিনসনের ক্ষেত্রে বিষয়টি আলাদা।
২০০৮ সালে ‘টোয়াইলাইট’ চলচ্চিত্রমালায় ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। এরপর বড় বাজেটের একাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন। ফলে প্রতিষ্ঠিত তারকাকে বন্ড হিসেবে নেওয়া ফ্র্যাঞ্চাইজির প্রচলিত ধারায় পরিবর্তন আনতে পারে।
শারীরিক গড়ন ও পর্দায় উপস্থিতির দিক থেকেও প্যাটিনসনকে চরিত্রটির সঙ্গে মানানসই মনে করা হচ্ছে। লম্বা গড়ন, গাঢ় চেহারা এবং দৃঢ় মুখাবয়বের পাশাপাশি তাঁর অভিনয়ে নায়ক ও খলনায়ক—দুই ধরনের বৈশিষ্ট্যই ফুটে ওঠে। জেমস বন্ডের চরিত্রেও এই দ্বৈততা গুরুত্বপূর্ণ।
তবে জনপ্রিয় অভিনেতাকে বন্ড হিসেবে নির্বাচন করায় একটি প্রশ্ন উঠেছে—নিজস্ব তারকাখ্যাতি কি চরিত্রটির পরিচয়কে ছাপিয়ে যাবে?
তিন সময়ের চরিত্র জেমস বন্ড
জেমস বন্ডকে নতুন করে পর্দায় তুলে ধরা কঠিন হওয়ার একটি বড় কারণ হলো, চরিত্রটি একাধিক ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে।
প্রথমত, এটি ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাসের সময়কে ধারণ করে। দ্বিতীয়ত, প্রতিটি চলচ্চিত্র নির্মাণের সময়কার সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা এর ওপর প্রভাব ফেলে। তৃতীয়ত, বন্ডের চরিত্রের শিকড় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ গোয়েন্দা ও সামরিক সংস্কৃতিতে।
ফ্লেমিং ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করার সময় যেসব দুর্ধর্ষ, সাহসী ও ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের বৈশিষ্ট্য থেকেই বন্ড চরিত্রের নানা উপাদান তৈরি করেছিলেন।
কনরাড ও’ব্রায়েন-ফ্রেঞ্চ এবং প্যাট্রিক ডালজেল-জবের মতো ব্যক্তিদের জীবন ও কর্মকাণ্ড বন্ডের চরিত্র নির্মাণে প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। তাঁদের মধ্যে ছিল দুঃসাহসিক অভিযান, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার দক্ষতা।
এমনকি বন্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ‘এম’ চরিত্রটির পেছনেও বাস্তব গোয়েন্দা কর্মকর্তা ম্যাক্সওয়েল নাইটের প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়।
পুরোনো বন্ডের বিতর্কিত বৈশিষ্ট্য
জেমস বন্ডের জনপ্রিয়তার পাশাপাশি তাঁর চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বিশেষ করে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক আচরণ এবং সহিংসতার বিষয়গুলো বর্তমান সময়ের সামাজিক মূল্যবোধের সঙ্গে অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক।
ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাসে বন্ডকে প্রায়ই নারীদের প্রতি অতিরিক্ত আকৃষ্ট, আত্মকেন্দ্রিক এবং কঠোর একজন পুরুষ হিসেবে তুলে ধরা হয়েছে। লেখক নিজেও তাঁর বইগুলোকে কৈশোরের কল্পনানির্ভর রচনা হিসেবে বর্ণনা করেছিলেন।
চলচ্চিত্রেও এই প্রবণতা অনেক সময় বজায় ছিল। নারী চরিত্রগুলোকে প্রায়ই বন্ডের রোমান্টিক আগ্রহ কিংবা অভিযানের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যৌন ইঙ্গিতপূর্ণ সংলাপ ও দৃশ্যও ছিল উল্লেখযোগ্য।
এমন চরিত্র বর্তমান সময়ের দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সেটি নতুন চলচ্চিত্রের নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ।
জুডি ডেঞ্চ অভিনীত ‘এম’ একসময় ‘গোল্ডেনআই’ চলচ্চিত্রে বন্ডকে পুরুষতান্ত্রিক ও নারীবিদ্বেষী মানসিকতার পুরোনো প্রতীক হিসেবে সমালোচনা করেছিলেন। এই সংলাপের মধ্য দিয়েই চরিত্রটির সীমাবদ্ধতা নিয়ে চলচ্চিত্রের ভেতরেও প্রশ্ন তোলা হয়েছিল।
ব্রিটেনের জাতীয় পরিচয়ের সঙ্গেও জড়িয়ে বন্ড
জেমস বন্ডের গুরুত্ব শুধু বিনোদনজগতে সীমাবদ্ধ নয়। ব্রিটেনের জাতীয় মনস্তত্ত্বেও এই চরিত্রের একটি বিশেষ অবস্থান রয়েছে।
বন্ড উপন্যাসের সময়ের মতো বর্তমানেও ব্রিটেনের আন্তর্জাতিক প্রভাব নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অর্থনৈতিক দুর্বলতা, সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং বিশ্বরাজনীতিতে পরিবর্তিত অবস্থানের মধ্যে জেমস বন্ড যেন ব্রিটিশ শক্তি ও আত্মবিশ্বাসের কাল্পনিক প্রতীক।
তাঁর কাছে উন্নত প্রযুক্তি, বিপজ্জনক শত্রুকে পরাস্ত করার দক্ষতা এবং সংকট মোকাবিলার অসাধারণ ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে বিখ্যাত মার্টিনি পানীয় তৈরির নিজস্ব ভঙ্গিও চরিত্রটির পরিচয়ের অংশ।
এ কারণেই বন্ড চরিত্রে কে অভিনয় করবেন, তা ব্রিটেনে অনেক সময় জাতীয় গুরুত্বের বিষয় হিসেবে বিবেচিত হয়।
এবার বিষয়টি আরও সংবেদনশীল। কারণ, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম এখন বন্ড চলচ্চিত্রমালার সৃজনশীল নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে ব্রিটিশ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীকী চরিত্রের ভবিষ্যৎ নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
নতুন বন্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ
জেমস বন্ডকে নতুন করে নির্মাণ করতে গেলে দুটি বিপরীত প্রত্যাশার মধ্যে ভারসাম্য রাখতে হবে। একদিকে পুরোনো দর্শকদের কাছে চরিত্রটির পরিচিত বৈশিষ্ট্য ধরে রাখতে হবে, অন্যদিকে বর্তমান সময়ের সামাজিক মূল্যবোধ ও দর্শকের প্রত্যাশার সঙ্গে মানিয়ে নিতে হবে।
বন্ডের চরিত্রে অতিরিক্ত পরিবর্তন আনলে ঐতিহ্যপন্থীরা অসন্তুষ্ট হতে পারেন। আবার পুরোনো বৈশিষ্ট্যগুলো অপরিবর্তিত রাখলে আধুনিক দর্শকদের সমালোচনার মুখে পড়তে হবে।
সিনেমার ইতিহাসেও এই বিতর্ক নতুন নয়। শন কনারি কিংবা ড্যানিয়েল ক্রেগ যখন বন্ড চরিত্রে নির্বাচিত হয়েছিলেন, তখনো তাঁদের নিয়ে আপত্তি উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকেই চরিত্রটির নতুন পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রবার্ট প্যাটিনসনের ক্ষেত্রেও একই পরীক্ষা অপেক্ষা করছে। তিনি বন্ডকে কতটা নতুনভাবে উপস্থাপন করতে পারবেন, আবার কতটা ধরে রাখতে পারবেন ইয়ান ফ্লেমিংয়ের তৈরি মূল চরিত্রের বৈশিষ্ট্য—তার ওপরই নির্ভর করবে নতুন চলচ্চিত্রমালার সাফল্য।
একটি বিষয় অবশ্য নিশ্চিত, জেমস বন্ডকে নিয়ে বিতর্ক যতই থাকুক, নতুন বন্ডকে দেখার জন্য দর্শকদের আগ্রহ কমার সম্ভাবনা নেই।











