মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে হাসিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে এ ঘটনা ঘটে। হাসিনা বেগম ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল মিয়া পেশায় দিনমজুর। এই দম্পতির কোনো সন্তান নেই। তাঁদের বাড়ির পাশেই হাসিনার বাবার বাড়ি।
রোববার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল মিয়া। দুপুর দেড়টার দিকে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকান তিনি। এ সময় বসতঘরের পাকা তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কবির উদ্দিন জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, হাসিনার বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।












