কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১৩টি গ্রেনেড, মেশিনগানের ৭৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।
রোববার (২২ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেচার পার্কের লাল গেটসংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ও ব্যাটারিচালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাটিও জব্দ করা হয়।
সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান
উদ্ধার করা বিস্ফোরকগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের নির্দেশনা নিয়ে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ (জিএস) শাখার বোমা নিষ্ক্রিয়করণ দল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
পরে শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।












