তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সময়সীমা নিয়ে তীব্র মতবিরোধে ভেঙে পড়েছে প্রায় ২০০ দেশের অংশগ্রহণে চলা আলোচনা। নির্ধারিত সময়ের দুই দিন পেরিয়ে রেকর্ড সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত একটি অভিন্ন চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশগুলো।
রোববার (২২ নভেম্বর) সম্মেলনের চূড়ান্ত সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় এবারের জলবায়ু সম্মেলন। এতে বৈশ্বিক জলবায়ু কূটনীতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন। এর আগে তিনি জীবাশ্ম জ্বালানিকে ‘ডাইনোসরের যুগে পাঠানোর’ আহ্বান জানিয়েছিলেন।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় সরকারগুলো যে ধরনের পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় তিনি গভীরভাবে হতাশ।
সম্মেলনের আলোচনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন স্বীকার করেন, প্রায় ২০০ দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তাঁর ভাষায়, আলোচনায় এমন কিছু বিরোধ তৈরি হয়েছিল, যেগুলোর মধ্যে সমঝোতার কোনো পথ খুঁজে পাওয়া যায়নি।
নির্ধারিত সময়ের ৪৯ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের পরিবেশমন্ত্রী ও কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম হাতুড়ি বাজিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
জীবাশ্ম জ্বালানি নিয়ে মুখোমুখি ইউরোপ ও সৌদি আরব
সম্মেলনের ব্যর্থতার কেন্দ্রে ছিল কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে দ্রুত সরে আসার পক্ষে অবস্থান নিলেও সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত ঘোষণায় এ বিষয়ে স্পষ্ট উল্লেখের বিরোধিতা করে।
আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানি। অথচ চূড়ান্ত ঘোষণায় এর উল্লেখই না থাকলে সেই সমঝোতা গ্রহণযোগ্য হতে পারে না।
পানামা, ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জও জীবাশ্ম জ্বালানি বিষয়ে অস্পষ্ট অবস্থানের বিরোধিতা করে।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু আন্দোলনের কর্মী আল গোর বলেন, কয়েকটি তেলসমৃদ্ধ দেশের কারণে জীবাশ্ম জ্বালানি নিয়ে আলোচনার পথ আটকে যাওয়া অত্যন্ত হতাশাজনক। তাঁর মতে, কপ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার প্রয়োজন।
জলবায়ু কূটনীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন
কপ৩১-এর ব্যর্থতা ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের ব্যর্থতার স্মৃতি ফিরিয়ে এনেছে। জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেন, এবারের সম্মেলনের ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশ্ব আর এ ধরনের ব্যর্থতার পুনরাবৃত্তি সহ্য করতে পারবে না।
সম্মেলনের বাইরে অবশ্য জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার উদ্যোগ অব্যাহত রয়েছে। গত এপ্রিলে প্রায় ৬০টি দেশ প্রথমবারের মতো একটি বিশেষ সম্মেলনে অংশ নেয়, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়টি আলোচিত হয়।
কপ৩১-এও কয়েকটি দেশ কয়লা, তেল ও গ্যাস থেকে বেরিয়ে আসার নিজস্ব পরিকল্পনা প্রকাশ করে।
শেষ মুহূর্তে তুরস্ক ও অস্ট্রেলিয়া একটি আপসের চেষ্টা চালায়। তবে তাদের প্রস্তাবিত চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে পরোক্ষভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে কার্বন ধারণ প্রযুক্তির সম্প্রসারণের আহ্বান রাখা হয়। এই প্রযুক্তি ব্যয়বহুল এবং জীবাশ্ম জ্বালানি শিল্পের সমর্থনপুষ্ট হওয়ায় প্রস্তাবটি সমালোচনার মুখে পড়ে।
সৌদি আরবের জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধানের পথ খোলা রাখা প্রয়োজন।
প্যারিস চুক্তির লক্ষ্যও অনিশ্চয়তায়
সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যকে আরও শক্তিশালী করার সুযোগও হাতছাড়া হয়েছে।
বিজ্ঞানীদের আশঙ্কা, কার্বন নিঃসরণ কমানোর বর্তমান উদ্যোগ যথেষ্ট না হওয়ায় আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রম করতে পারে।
জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতিসংঘের আন্তসরকার প্যানেল—আইপিসিসির বৈজ্ঞানিক গবেষণার বিষয়টিও সম্মেলনে বিতর্কের জন্ম দেয়।
যুক্তরাজ্যের জলবায়ু আলোচক কেট হিউজ বলেন, চূড়ান্ত ঘোষণার বিষয়বস্তুতে তারা গভীরভাবে হতাশ। তাঁর মতে, বৈজ্ঞানিক অবস্থানকে এগিয়ে নেওয়ার বদলে এই সিদ্ধান্ত বিশ্বকে পিছিয়ে দিয়েছে। যেখানে জলবায়ু পদক্ষেপে উচ্চাভিলাষী সম্মিলিত উদ্যোগ প্রয়োজন ছিল, সেখানে সর্বনিম্ন সমঝোতার পথ বেছে নেওয়া হয়েছে।
সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু তহবিলের জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠার দাবি তুলেছিল। কিন্তু ব্যর্থ চুক্তির চূড়ান্ত খসড়া থেকে সেই লক্ষ্যও বাদ পড়ে যায়।
ফলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে এর সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা ছোট ও উন্নয়নশীল দেশগুলোর দূরত্ব আরও স্পষ্ট হয়েছে।












