আফ্রিকার এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গোতে শুরু হওয়া সংক্রমণ ইতোমধ্যে কেনিয়া ও নাইজেরিয়ায় পৌঁছেছে। নতুন দেশে আক্রান্ত শনাক্ত হওয়ায় মহামারির বিস্তার ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে আগামী এক বছরের মধ্যে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে।
২০২৬ সালের মে মাসে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলার প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর থেকে ১০ হাজার ৫০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজার ১৩০ জন। নিহতদের প্রায় সবাই কঙ্গোর পূর্বাঞ্চলের বাসিন্দা।
তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে অক্টোবরে। গত মাসে কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা সংক্রমণ শনাক্ত হয়। কঙ্গোর পূর্বাঞ্চলে বসবাসকারী এক ব্যবসায়ী উগান্ডা হয়ে ৩ অক্টোবর কেনিয়ায় ফেরেন। দুই দিন পর তাঁর মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাঁর সংস্পর্শে আসা আরও আটজন আক্রান্ত হন। তাঁদের মধ্যে আরেকজনের মৃত্যু হয়েছে।
এরপর ২০ অক্টোবর নাইজেরিয়ায় এক দশকের মধ্যে প্রথম ইবোলা সংক্রমণ শনাক্ত হয়। উগান্ডা সফর করে আসা এক নারী দেশটির রাজধানী আবুজায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
সংক্রমণের উৎস শনাক্ত করতে ব্যর্থতা বড় বিপদ
ইবোলা নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংক্রমণের উৎস এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের দ্রুত শনাক্ত করা। কিন্তু বর্তমান প্রাদুর্ভাবে নতুন আক্রান্তদের এক-চতুর্থাংশেরও কম আগে শনাক্ত হওয়া রোগীদের পরিচিত সংস্পর্শে ছিলেন।
আফ্রিকা সিডিসির প্রধান জ্যাঁ কাসেয়া মনে করেন, সংক্রমণের প্রকৃত বিস্তার সম্পর্কে কর্তৃপক্ষ অন্ধকারে থাকলে মহামারি আরও ছড়িয়ে পড়বে।
ইবোলা মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শে ছড়ায়। ফলে সন্দেহভাজন রোগীকে দ্রুত পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিকে বিচ্ছিন্ন রাখা এবং তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে শনাক্ত করা জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী নিশ্চিত করতে হয়।
কিন্তু কঙ্গোর পূর্বাঞ্চলে এসব ব্যবস্থা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। সেখানে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম, তাঁদের বেতনও অপ্রতুল। পরীক্ষার সরঞ্জাম ও আইসোলেশন কেন্দ্রের সংকট রয়েছে। দুর্বল সড়ক যোগাযোগের কারণে রোগীদের কাছে পৌঁছানো এবং চিকিৎসাসামগ্রী সরবরাহ করাও কঠিন। এর সঙ্গে রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা।
অবিশ্বাস ও সহিংসতা বাধা হয়ে দাঁড়িয়েছে
কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা মোকাবিলায় আরেকটি বড় সমস্যা সাধারণ মানুষের অবিশ্বাস। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অনাস্থার কারণে অনেকেই মনে করেন, ইবোলা আসলে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তৈরি করা একটি প্রচারণা।
এই অবিশ্বাস ভয়াবহ সহিংসতায়ও রূপ নিয়েছে। ২৪ অক্টোবর কঙ্গোর পূর্বাঞ্চলে একদল মানুষ একজন নার্সকে হত্যা করে। তাঁদের অভিযোগ ছিল, ওই নার্স পানির উৎস দূষিত করে ইবোলা ছড়াচ্ছেন। এর আগে সেপ্টেম্বরে ইবোলা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানোয় ক্ষমতাসীন দলের এক রাজনীতিককে পিটিয়ে হত্যা করা হয়।
এ ধরনের ঘটনা শুধু স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাই বিপন্ন করছে না, বরং সংক্রমণ শনাক্ত ও চিকিৎসার কার্যক্রমও বাধাগ্রস্ত করছে।
আগের মহামারির চেয়েও ভয়াবহ হওয়ার আশঙ্কা
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলার সবচেয়ে বড় প্রাদুর্ভাব ঘটেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ওই সময় অন্তত ২৮ হাজার ৬০০ মানুষ আক্রান্ত এবং ১১ হাজার ৩২৫ জন মারা যান।
বর্তমান প্রাদুর্ভাবের সঙ্গে আগেরটির সরাসরি তুলনা করা কঠিন। কারণ, এবার সংক্রমণ নজরদারির ব্যবস্থা যথেষ্ট দুর্বল। তবে এবারের প্রাদুর্ভাবে ইবোলার তুলনামূলক বিরল ‘বান্দিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এটি দ্রুত ছড়াচ্ছে এবং প্রাণহানির হারও উদ্বেগজনক।
জ্যাঁ কাসেয়ার আশঙ্কা, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে।
সীমান্ত পেরিয়ে ছড়ানোর ঝুঁকি
আফ্রিকার সবচেয়ে বেশি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে কঙ্গোর। ফলে দেশটির পূর্বাঞ্চলে সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতা প্রতিবেশী দেশগুলোর জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।
উগান্ডা মে মাসে কঙ্গোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সীমান্ত বন্ধ করলেও বাস্তবে সীমান্তের অনেক অংশ দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করা কঠিন। কেনিয়ার প্রথম আক্রান্ত ব্যক্তি কঙ্গো থেকে উগান্ডা হয়ে বিমানে নাইরোবি পৌঁছেছিলেন। যাত্রাপথে তাঁর শরীরে ইবোলার উপসর্গ থাকলেও কেনিয়ার বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষায় তিনি শনাক্ত হননি।
নাইজেরিয়ার ঘটনাটি আরও বেশি উদ্বেগ তৈরি করেছে। উগান্ডার কর্মকর্তারা প্রথমে দাবি করেছিলেন, আক্রান্ত নারী কঙ্গোর পূর্বাঞ্চল সফর করেছিলেন। কিন্তু পরবর্তী তথ্য সেই দাবিকে সমর্থন করছে না। ধারণা করা হচ্ছে, কেনিয়ার প্রথম আক্রান্ত ব্যক্তির উগান্ডার প্রধান বিমানবন্দরে অবস্থানের দিনই ওই নারীও সেখানে ছিলেন। তবে তাঁদের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি।
এই পরিস্থিতি উগান্ডায় সংক্রমণের অজানা উৎস কিংবা শনাক্ত না হওয়া রোগী থাকার আশঙ্কা তৈরি করেছে।
ইবোলার পাশাপাশি বাড়ছে অন্য রোগের ঝুঁকি
মহামারির প্রভাব শুধু ইবোলা আক্রান্ত ও মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিন সংক্রমণ চলতে থাকলে অন্যান্য স্বাস্থ্যসেবাও ব্যাহত হয়।
২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাবের সময় চিকিৎসাব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় হাজার হাজার বেশি মা ও শিশুর মৃত্যু হয়েছিল।
কঙ্গোতেও এখন একই ধরনের পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কমে যাচ্ছে এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। অর্থাৎ ইবোলা নিয়ন্ত্রণে ব্যর্থতা আরও বহু মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।
কার্যকর টিকার অপেক্ষা
এই পরিস্থিতিতে বান্দিবুগিও ধরনের ইবোলার বিরুদ্ধে কার্যকর টিকা তৈরির চেষ্টা চলছে। ২৩ অক্টোবর কঙ্গোর পূর্বাঞ্চলে পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এতে অংশ নেওয়া প্রথম ব্যক্তিদের ‘এরভেবো’ নামের একটি টিকা দেওয়া হয়েছে। এটি ইবোলার অপেক্ষাকৃত পরিচিত আরেকটি ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেয়।
পাশাপাশি বান্দিবুগিও ধরনের জন্য বিশেষভাবে কার্যকর টিকা তৈরির কাজও করছেন বিজ্ঞানীরা। তবে পরীক্ষায় কার্যকারিতা প্রমাণ করে ব্যাপকভাবে ব্যবহারযোগ্য টিকা তৈরি করতে কয়েক মাস সময় লাগতে পারে।
সমস্যা হলো, এই সময়ের মধ্যে সংক্রমণ আরও বহু দেশে ছড়িয়ে পড়তে পারে। কঙ্গোর চলমান যুদ্ধ, দুর্বল স্বাস্থ্য অবকাঠামো, সীমান্ত নজরদারির ঘাটতি এবং সাধারণ মানুষের অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ইবোলা মোকাবিলায় এখন শুধু চিকিৎসা ও টিকা উন্নয়ন যথেষ্ট নয়। প্রয়োজন দ্রুত রোগী শনাক্তকরণ, সীমান্তে কার্যকর নজরদারি, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগণের আস্থা ফিরিয়ে আনা। এসব ক্ষেত্রে দ্রুত অগ্রগতি না হলে আফ্রিকার বর্তমান সংকট আরও বড় আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিপর্যয়ে রূপ নিতে পারে।












