চীনের শেনজেন শহরের একটি গবেষণাগারে দিনরাত কাজ করছে শত শত রোবট। মানুষের সরাসরি অংশগ্রহণ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নির্দেশনায় চলছে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা। কোনো গবেষণার ধারণা তৈরি করা, সেটি পরীক্ষার জন্য রোবটকে নির্দেশ দেওয়া, ফলাফল বিশ্লেষণ এবং পরবর্তী পরীক্ষার পরিকল্পনা—সবই করছে এআই। ওষুধ আবিষ্কারের লক্ষ্যে তৈরি এই গবেষণাগার কার্যত একটি স্বয়ংক্রিয় বৈজ্ঞানিক কারখানা।
চীনের ওষুধ আবিষ্কারকারী প্রতিষ্ঠান এক্সটালপাইয়ের (এক্সটালপাই) পরিচালিত এই গবেষণাগার ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম। চলতি বছরের শুরুতে এটি পরিদর্শন করে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছিলেন, এ ধরনের উদ্ভাবনই ভবিষ্যৎ জয়ের চাবিকাঠি।
চীনের এই উদ্যোগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা। দুই দেশই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বৈজ্ঞানিক গবেষণার গতি বাড়াতে চাইছে। কারণ নতুন ওষুধ, উন্নত উপকরণ কিংবা জ্বালানি প্রযুক্তির আবিষ্কার শুধু মানুষের জীবনমান উন্নত করে না, বরং অর্থনৈতিক ও সামরিক শক্তিও বাড়ায়।
মার্চে প্রকাশিত চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় এআইনির্ভর বৈজ্ঞানিক গবেষণার সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পক্ষেত্রে এআই ব্যবহারের নেতৃত্ব নেওয়াই এখন দেশটির অন্যতম লক্ষ্য।
এআই গবেষণার অবকাঠামো গড়ছে চীন
চীন শুধু রোবটনির্ভর গবেষণাগার তৈরি করছে না, বরং এসব প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য, এআই মডেল এবং উচ্চক্ষমতার কম্পিউটিং সুবিধা একসঙ্গে যুক্ত করছে। এই সমন্বিত ব্যবস্থাকে বলা হচ্ছে ‘এআই ফর সায়েন্স স্ট্যাক’।
এর প্রথম স্তর হলো গবেষণার মস্তিষ্ক। দ্বিতীয় স্তর হলো বাস্তবে পরীক্ষা চালানোর সক্ষমতা।
এপ্রিল মাসে চীনের বিজ্ঞান একাডেমি ‘সায়েন্সওয়ান’ নামে একটি এআই প্ল্যাটফর্ম চালু করেছে। চীনা ভাষায় যার নাম ‘পানশি’, অর্থ ভিত্তি। দেশটির শত শত বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার এই প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাচ্ছে।
এটি অনেকটা চ্যাটবটের মতো কাজ করলেও এর সক্ষমতা আরও বিস্তৃত। গবেষণাপত্রের পাশাপাশি ভূকম্পন পরিমাপের তরঙ্গসহ বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত এআই মডেল এতে যুক্ত করা হয়েছে। প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ণয়সহ কয়েক শ ধরনের বৈজ্ঞানিক কাজে এসব মডেল ব্যবহার করা সম্ভব।
বৈজ্ঞানিক গবেষণায় চীনের এআই মডেল এখনো যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুটা পিছিয়ে। তবে হংকং বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের মতে, বৈজ্ঞানিক তথ্যভান্ডার, এআই এজেন্ট এবং কম্পিউটিং সুবিধাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার ক্ষেত্রে সায়েন্সওয়ানের বিশেষ সক্ষমতা রয়েছে।
গবেষণাগারে মানুষের জায়গা নিচ্ছে রোবট
বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য শুধু তথ্য বিশ্লেষণ যথেষ্ট নয়। প্রয়োজন বাস্তব পরীক্ষা-নিরীক্ষা। রোবটনির্ভর গবেষণাগার কয়েক দশক ধরেই রয়েছে। কিন্তু আগে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং পরবর্তী পরীক্ষার পরিকল্পনা করতে মানুষের প্রয়োজন হতো।
এআই এই সীমাবদ্ধতা কমিয়ে দিচ্ছে। এখন মডেলগুলো পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করতে পারে এবং সেই অনুযায়ী পরবর্তী পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করতে পারে।
গত বছর এক্সটালপাইয়ের স্বয়ংক্রিয় গবেষণাগার পাকস্থলীর এক ধরনের ক্যানসারের সম্ভাব্য চিকিৎসায় ব্যবহারযোগ্য একটি অণু শনাক্ত করে। প্রতিষ্ঠানটি প্রথমে লাখ লাখ সম্ভাব্য অণু তৈরি করে। সেখান থেকে কয়েক শ সম্ভাবনাকে বাছাই করে পরীক্ষাগারে উৎপাদিত টিস্যুর ওপর রোবটের মাধ্যমে পরীক্ষা চালানো হয়।
এ ধরনের প্রযুক্তি গবেষণার সময় ও ব্যয় কমানোর পাশাপাশি নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনাও বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় চীনের কৌশল
যুক্তরাষ্ট্রও একই ধরনের উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের শেষ দিকে ‘জেনেসিস মিশন’ নামে একটি পরিকল্পনা ঘোষণা করেন। এর লক্ষ্য সরকারি উদ্যোগে এআই প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে বৈজ্ঞানিক অনুমান যাচাই এবং পরীক্ষাগারের কাজ স্বয়ংক্রিয় করা যায়।
দুই দেশই বুঝতে পারছে, এআইনির্ভর বৈজ্ঞানিক গবেষণার জন্য বিপুল পরিমাণ তথ্য এবং উন্নত কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন। জাতীয় গবেষণাগার ও সরকারি প্রতিষ্ঠানগুলো এসব তথ্যের বড় অংশ সংরক্ষণ করে। ফলে এই খাতে রাষ্ট্রের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তবে বিনিয়োগের ধরনে দুই দেশের পার্থক্য রয়েছে।
যুক্তরাষ্ট্রে গত বছর স্বয়ংক্রিয় গবেষণাগার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ১০০ কোটি ডলারের ভেঞ্চার ক্যাপিটাল পেয়েছে। এসব বিনিয়োগের বড় অংশ গেছে উচ্চাভিলাষী গবেষণায় নিয়োজিত নতুন প্রতিষ্ঠানগুলোর কাছে। যেমন স্বাভাবিক তাপমাত্রায় অতিপরিবাহী পদার্থ তৈরির মতো সম্ভাবনাময় গবেষণা।
অন্যদিকে চীনা প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে বাণিজ্যিক সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। যেসব গবেষণা দ্রুত বাজারে পণ্য আনতে বা মুনাফা অর্জনে সহায়তা করবে, সেগুলোর প্রতি তাদের আগ্রহ বেশি।
ওষুধ শিল্পে বাড়ছে চীনের প্রভাব
চীনের স্বয়ংক্রিয় গবেষণাগারের বাণিজ্যিক সম্ভাবনা ইতিমধ্যে দৃশ্যমান। এক্সটালপাইয়ের একজন কর্মকর্তা শি শুয়েখুনের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গবেষণাগার ২৪ ঘণ্টা কাজ করে। চালু হওয়ার পর এর প্রধান পরিচালন ব্যয় বিদ্যুৎ।
বিশ্বের শীর্ষ ২০টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি এখন এক্সটালপাইয়ের গ্রাহক।
চীনের জৈব চিকিৎসা শিল্পও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের হিসাবে, গত বছর বিশ্বে অনুমোদিত ওষুধের মোট আর্থিক মূল্যের প্রায় অর্ধেক এসেছে চীন থেকে। ২০২৪ সালে এই হার ছিল ২১ শতাংশ।
স্বয়ংক্রিয় গবেষণাগারের ব্যবহার বাড়লে এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হতে পারে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলি লিলি হংকংয়ের তালিকাভুক্ত ইনসিলিকো মেডিসিনের তৈরি সম্ভাব্য ওষুধের উন্নয়ন ও বিপণনের অধিকার পেয়েছে। প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় গবেষণাগার ব্যবহার করে। চুক্তিটির সম্ভাব্য মূল্য ২৭৫ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
সৌরবিদ্যুৎ ও শিল্প উপকরণেও নতুন সম্ভাবনা
ওষুধের পাশাপাশি শিল্পে ব্যবহৃত নতুন উপকরণ তৈরিতেও এআইনির্ভর গবেষণাগার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিজ্ঞান সাময়িকী নেচারের তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞানে চীন যুক্তরাষ্ট্রের তুলনায় চার গুণ বেশি গবেষণাপত্র প্রকাশ করে।
এপ্রিল মাসে হংকংয়ের সিটি ইউনিভার্সিটির গবেষকেরা দেখিয়েছেন, স্বয়ংক্রিয় গবেষণাগার ব্যবহার করে সৌরকোষে আলো শোষণকারী অণুর নকশা তৈরি ও পরীক্ষা করা সম্ভব। রোবট এসব সৌরকোষ মানুষের মতোই তৈরি করতে পারে, তবে উৎপাদনের ক্ষেত্রে তাদের ধারাবাহিকতা ও নির্ভুলতা বেশি।
বর্তমানে একজন গবেষক প্রতিদিন গড়ে এক বা দুটি নতুন সৌরকোষের নমুনা তৈরি করতে পারেন। কিন্তু এক্সটালপাই জানিয়েছে, সৌরকোষ উৎপাদনকারী জায়ান্ট জিনকোসোলারের সঙ্গে যৌথ উদ্যোগে তারা এমন একটি স্বয়ংক্রিয় গবেষণাগার তৈরি করছে, যেখানে প্রতিদিন এক হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।
ভবিষ্যতে গবেষণায় মানুষের প্রয়োজন কতটা থাকবে?
কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই তৈরির পথ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এজিআই বলতে এমন এআই ব্যবস্থাকে বোঝায়, যা মানুষের মতো বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম।
চীনের সাংহাই এআই ল্যাবের প্রধান ঝৌ বোয়েনসহ দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ মনে করেন, এজিআই অর্জনের আগে এআই মডেলকে বিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ করে তুলতে হবে। স্বয়ংক্রিয় গবেষণাগার সেই দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক্সটালপাইয়ের কর্মকর্তা শি শুয়েখুনের আশা, ভবিষ্যতের আরও উন্নত এআই মডেল নিজেদের পরিকল্পিত পরীক্ষার ফলাফল আগেই অনুমান করতে পারবে। তখন পরীক্ষার জন্য প্রয়োজনীয় রোবটের সংখ্যাও কমে আসতে পারে।
চীনের লক্ষ্য আপাতত বৈজ্ঞানিক গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া নয়, বরং গবেষণাকে শিল্প উৎপাদনের সঙ্গে যুক্ত করে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুবিধা অর্জন করা। তবে স্বয়ংক্রিয় গবেষণাগারের সক্ষমতা যত বাড়বে, ওষুধ আবিষ্কার থেকে শুরু করে নতুন উপকরণ ও জ্বালানি প্রযুক্তি—বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক প্রতিযোগিতার ধরনও তত বদলে যেতে পারে।












