রংপুরের বদরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে মোকবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৌবিরডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, রোববার ভোরে চুরির অভিযোগে পালানোর সময় স্থানীয় লোকজন মোকবুলকে আটক করেন। পরে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সকাল ১০টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুঁই জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












