শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বিবেচনায় ১৬ বছর বা তার কম বয়সীদের জন্য এ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু চিকিৎসক ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত অবিলম্বে এ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা না করার বৈধতা নিয়ে প্রশ্ন
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো নীতিমালা তৈরি না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
একই সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব মূল্যায়ন এবং এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীরের দায়ের করা একটি জনস্বার্থমূলক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানিতে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, বাংলাদেশে শিশুরা কোনো কার্যকর নীতিমালা বা নিয়ন্ত্রণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা বিভিন্ন ধরনের ঝুঁকির মুখে পড়ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও বিষণ্নতা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শিশুদের প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা পর্দায় কাটে
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে।
গবেষণায় শিশুদের অবসর সময়ে পর্দা ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমা অতিক্রমের বিষয়টিও উঠে এসেছে।
গবেষণায় অংশ নেওয়া শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। এ ছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথার সমস্যায় আক্রান্ত হচ্ছে।
ঘুম কমছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দার সামনে কাটানো শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। এসব শিশু রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়।
অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এ বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় অংশ নেওয়া প্রায় ১৪ শতাংশ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি অথবা তারা স্থূলতায় আক্রান্ত। অতিরিক্ত সময় পর্দার সামনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
রিট আবেদনে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি এবং সামগ্রিক মানসিক সুস্থতাও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিরাপদ করতে প্রস্তাবিত নীতিমালায় বয়সভিত্তিক বিধিনিষেধ, স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন এবং অভিভাবকীয় তদারকির মতো বিষয়গুলো বিবেচনায় আসতে পারে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি।












