কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল প্রযুক্তি খাতের প্রবৃদ্ধির গল্প নয়। এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি, সুদের হার, আন্তর্জাতিক বিনিয়োগ এবং ডলারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও ক্রমবর্ধমান ভূমিকা রাখছে। গত দুই বছরে মার্কিন অর্থনীতির প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সের পেছনে এআই বিনিয়োগের অবদান উল্লেখযোগ্য। কিন্তু এই প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি ডলারের জন্য শেষ পর্যন্ত আশীর্বাদ হবে, নাকি নতুন ধরনের আর্থিক অস্থিরতা তৈরি করবে, তা নিয়ে আন্তর্জাতিক মুদ্রাবাজারে মতভেদ বাড়ছে।
এআইকে ঘিরে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের ব্যাপ্তি অভূতপূর্ব। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর, উন্নত কম্পিউটিং অবকাঠামো এবং সংশ্লিষ্ট প্রযুক্তিতে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ অর্থনীতিতে নতুন গতি তৈরি করেছে। এর পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধি বিনিয়োগকারী ও সম্পদশালী পরিবারের মধ্যে সম্পদের ইতিবাচক প্রভাব তৈরি করেছে। ফলে ভোগব্যয় ও বিনিয়োগ—দুই ক্ষেত্রেই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হয়েছে।
বিভিন্ন বিশ্লেষকের হিসাব অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির অন্তত এক-তৃতীয়াংশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআইয়ের সম্পর্ক রয়েছে। অর্থাৎ প্রযুক্তিগত উদ্ভাবন এখন দেশটির সামষ্টিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেই ডলারের শক্তি বাড়বে—বিষয়টি এত সরল নয়। এআইয়ের প্রভাব মুদ্রাবাজারে কতটা স্থায়ী হবে, তা নির্ভর করছে বিনিয়োগের ধারাবাহিকতা, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব এবং আন্তর্জাতিক পুঁজিপ্রবাহের ওপর।
প্রবৃদ্ধি ও সুদের হারের সমীকরণে ডলারের সুবিধা
এআই বিনিয়োগের প্রথম এবং সবচেয়ে সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রত্যাশায়। বিপুল বিনিয়োগ অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছে, কর্মসংস্থান ও চাহিদা তৈরি করছে এবং অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডারেল রিজার্ভকে সুদের হার তুলনামূলক বেশি রাখার কথা বিবেচনা করতে হতে পারে।
আন্তর্জাতিক মুদ্রাবাজারে সুদের হারের এই প্রত্যাশা ডলারের পক্ষে কাজ করছে। কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা থাকলে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে ডলারে সম্পদ রাখা তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। অন্যদিকে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক দুর্বলতার কারণে একই ধরনের কঠোর অবস্থান নিতে দ্বিধায় রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতি সেই ধাক্কা তুলনামূলক সহজে সামাল দিয়েছে। এআই খাতের বিনিয়োগ ও প্রবৃদ্ধি এই সক্ষমতার অন্যতম ব্যাখ্যা।
অর্থনৈতিক পূর্বাভাসের ব্যবধানেও বিষয়টি স্পষ্ট। চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা গত তিন বছরের মধ্যে সবচেয়ে ইতিবাচক অবস্থানে পৌঁছেছে। বিপরীতে ইউরোজোনের অর্থনৈতিক সূচক আবারও নেতিবাচক হয়েছে।
এই ব্যবধান ডলারের বিনিময়মূল্যে প্রতিফলিত হচ্ছে। চলতি সপ্তাহে ইউরোর বিপরীতে ডলারের দর ১.১০ ডলারের নিচে নেমেছে, যা গত বছরের মার্চের পর প্রথম। একই সময়ে ডলার সূচক ১৯ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রযুক্তি শেয়ারের পতন কি ডলারের জন্য সতর্কবার্তা?
তবে এই ইতিবাচক চিত্রের মধ্যে একটি বড় অসংগতি রয়েছে। এআইয়ের কারণে ডলার শক্তিশালী হচ্ছে—এমন ধারণা যখন বাজারে প্রতিষ্ঠা পাচ্ছে, তখন এআই কোম্পানিগুলোর শেয়ার নিয়েই বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে।
গত ছয় সপ্তাহে প্রযুক্তি খাতের শেয়ারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। অক্টোবরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক প্রায় ৩০ শতাংশ হারিয়েছে। এআই কোম্পানিগুলোর অতিমূল্যায়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাব্য মন্দা নিয়ে উদ্বেগ এই পতনের পেছনে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ডেটা সেন্টার সম্প্রসারণের পরিবেশগত ও অন্যান্য ব্যয় নিয়ে রাজনৈতিক আপত্তিও জোরালো হয়েছে। ফলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল মূলধনি ব্যয় অব্যাহত থাকবে কি না, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
কিন্তু প্রযুক্তি শেয়ারের এমন পতনের পরও ডলারের শক্তি কেন কমছে না?
এর একটি ব্যাখ্যা হলো, মুদ্রাবাজার এখনো শেয়ারদরের ওঠানামার চেয়ে এআই অবকাঠামোয় প্রকৃত বিনিয়োগের পরিমাণকে বেশি গুরুত্ব দিচ্ছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলো আগামী বছরও বিপুল অর্থ ব্যয় করবে—এমন পূর্বাভাস এখনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। ফলে এআই বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং ফেডারেল রিজার্ভকে সুদের হার নিয়ে কঠোর অবস্থান নিতে হতে পারে—এই ধারণা ডলারের পক্ষে কাজ করছে।
তবে এই যুক্তির মধ্যেই ঝুঁকি রয়েছে। প্রযুক্তি শেয়ারের পতন যদি আরও গভীর হয়, তাহলে কোম্পানিগুলোর বিনিয়োগ পরিকল্পনা দ্রুত সংকুচিত হতে পারে। একই সঙ্গে শেয়ারবাজারে সম্পদের মূল্যবৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভোগ ও বিনিয়োগ তৈরি হয়েছিল, সেটিও দুর্বল হয়ে পড়তে পারে।
এআই অবকাঠামো নির্মাণের গতি কমে গেলে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাসও সংশোধন করতে হবে। এতে সুদের হার বাড়ানোর চাপ কমবে এবং ডলারের বর্তমান শক্তির ভিত্তি দুর্বল হতে পারে।
বিনিয়োগকারীদের সাম্প্রতিক অবস্থান এই আশঙ্কাকে আরও গুরুত্ব দিচ্ছে। ব্যাংক অব আমেরিকার নভেম্বরের বৈশ্বিক তহবিল ব্যবস্থাপকদের জরিপে দেখা গেছে, দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি হারে প্রযুক্তি খাতে বিনিয়োগ কমিয়েছেন সম্পদ ব্যবস্থাপকেরা। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৪০ শতাংশের নিট অবস্থান হলো, কোম্পানিগুলো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিনিয়োগ করছে। অর্ধেকেরও বেশি তহবিল ব্যবস্থাপক মনে করছেন, আগামী ছয় মাসের মধ্যে অন্তত একটি বড় ক্লাউড কম্পিউটিং ও ডেটা অবকাঠামো কোম্পানি তাদের মূলধনি ব্যয় কমাবে।
এ কারণে এআই বিনিয়োগকে ডলারের ভবিষ্যৎ শক্তির প্রধান নির্দেশক হিসেবে বিবেচনা করা গেলেও, ২০২৭ সালে ডলারের আরও উত্থান নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই।
চিপ বাণিজ্য কি ডলারের নতুন শক্তি, নাকি দুর্বলতার উৎস?
এআই ও ডলারের সম্পর্ক বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এসেছে আন্তর্জাতিক বাণিজ্য ও পুঁজিপ্রবাহের বিশ্লেষণ থেকে। ডয়েচে ব্যাংক এ ক্ষেত্রে ‘চিপডলার’ ধারণা সামনে এনেছে। একসময় তেল বাণিজ্যকে কেন্দ্র করে যেমন বিশ্ব অর্থনীতিতে পেট্রোডলারের প্রভাব তৈরি হয়েছিল, তেমনি সেমিকন্ডাক্টর বাণিজ্যও ডলারের জন্য নতুন আর্থিক কাঠামো তৈরি করছে।
ব্যাংকটির বিশ্লেষণ অনুযায়ী, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে চিপের বাণিজ্যের পরিমাণ তেল ও গ্যাসের বাণিজ্যকে ছাড়িয়ে গেছে। এই পরিবর্তন আন্তর্জাতিক অর্থনীতিতে প্রযুক্তিপণ্যের ক্রমবর্ধমান গুরুত্বের পাশাপাশি ডলারের ভবিষ্যৎ সম্পর্কেও নতুন প্রশ্ন তুলছে।
এখানে মূল বিষয় হলো, যুক্তরাষ্ট্রে নকশা করা অধিকাংশ চিপ দেশটির ভেতরে উৎপাদিত হয় না। উৎপাদনের বড় অংশ এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে এ অঞ্চলের সেমিকন্ডাক্টর উৎপাদনকেন্দ্রগুলোতে সম্পন্ন হয়। এআইয়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এসব দেশের চিপ রপ্তানি ও বাণিজ্য উদ্বৃত্তও বাড়ছে।
এই অর্থের বড় একটি অংশ আবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ফিরে আসছে। অতীতে বৈদেশিক উদ্বৃত্তের অর্থ যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিনিয়োগের প্রবণতা বেশি ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের বড় অংশ চলে যাচ্ছে মার্কিন শেয়ারবাজারে।
ডয়েচে ব্যাংকের হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বিদেশি অর্থের প্রবাহ এক ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে। এই অর্থ একদিকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক অর্থায়নের চাহিদা পূরণ করছে, অন্যদিকে এআই অবকাঠামো নির্মাণে জড়িত কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ও বিনিয়োগ সক্ষমতা বাড়াচ্ছে। পরে সেই বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত চিপ আবার আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে। এভাবে একটি আন্তদেশীয় আর্থিক ও বাণিজ্যিক চক্র তৈরি হয়েছে।
এই চক্র আপাতদৃষ্টিতে ডলারের জন্য ইতিবাচক। এশিয়ার চিপ উৎপাদনকারী দেশগুলো থেকে অর্থ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো সেই অর্থের সুবিধা পাচ্ছে এবং এআই খাতের সম্প্রসারণ অব্যাহত থাকছে।
কিন্তু এই ব্যবস্থার দুর্বলতাও রয়েছে।
ডলারের সামনে নতুন অস্থিরতার ঝুঁকি
সরকারি বন্ড ও শেয়ারের মধ্যে ঝুঁকির মৌলিক পার্থক্য রয়েছে। শেয়ারবাজার সাধারণত সরকারি বন্ডের তুলনায় প্রায় তিন গুণ বেশি অস্থির। প্রযুক্তি খাতের শেয়ারের ক্ষেত্রে এই অস্থিরতা আরও বেশি; কিছু ক্ষেত্রে তা বন্ডের তুলনায় দশ গুণ পর্যন্ত হতে পারে।
ফলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন যদি ক্রমেই তুলনামূলক ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ডলারের স্থিতিশীলতা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হবে। ডয়েচে ব্যাংকের বিশ্লেষকদের মতে, এই ধরনের পুঁজির ওপর নির্ভরতা বাড়লে দীর্ঘ মেয়াদে ডলারের বিনিময়মূল্যে ওঠানামাও বাড়তে পারে।
এখানে ডলারের জন্য একটি দ্বিমুখী বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে এআই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়াচ্ছে, সুদের হার তুলনামূলক উঁচু রাখার সম্ভাবনা তৈরি করছে এবং আন্তর্জাতিক পুঁজি আকর্ষণ করছে। অন্যদিকে সেই বিনিয়োগের বড় অংশ প্রযুক্তি শেয়ারের উচ্চ মূল্যায়ন ও অস্থিরতার সঙ্গে যুক্ত। ফলে প্রযুক্তি খাতে আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব শুধু শেয়ারবাজারে সীমাবদ্ধ থাকবে না; ডলারের ওপরও পড়তে পারে।
এআইয়ের উত্থান তাই ডলারের জন্য নিঃসন্দেহে একটি নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করেছে। কিন্তু এই বাস্তবতার দিকনির্দেশ এখনো নির্ধারিত নয়। ২০২৭ সালে ডলারের শক্তি কতটা বজায় থাকবে, তা নির্ভর করবে শুধু এআই প্রযুক্তির অগ্রগতির ওপর নয়, বরং সেই অগ্রগতিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিনিয়োগ কতটা টেকসই, আন্তর্জাতিক পুঁজিপ্রবাহ কতটা স্থিতিশীল এবং প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ব্যয়ের পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারে, তার ওপর।
ডলার আপাতত এআইয়ের প্রবৃদ্ধি থেকে সুবিধা পাচ্ছে। কিন্তু যে প্রযুক্তি তাকে শক্তিশালী করছে, সেই প্রযুক্তিকে ঘিরে অতিরিক্ত বিনিয়োগ ও আর্থিক ঝুঁকিই ভবিষ্যতে তার দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে। এ কারণেই এআইয়ের যুগে ডলারের শক্তি নিয়ে আশাবাদ যেমন যৌক্তিক, তেমনি অতিরিক্ত আত্মবিশ্বাসও বিপজ্জনক।
মাইক ডোলানের আরও লেখা
কেন্দ্রীয় ব্যাংকের সামনে কঠিন পরীক্ষা: সরকারকে বাঁচাবে, নাকি ঋণবাজারের আস্থা রক্ষা করবে?
রাশিয়ার জ্বালানি দুর্বলতা, শেয়ারবাজারের বাস্তবতা এবং ইউরোপের আত্মবিশ্বাসের সংকট
ব্রেক্সিট ও ট্রাম্পের শুল্ক নীতি: সমান্তরাল অর্থনৈতিক গল্প
ফেডের সুদের হার শিগগিরই কমছে না











