ঢাকার মধ্যবিত্তদের একটি আবাসস্থল নিউ ইস্কাটন রোড। এ পথে অনেকেই সকালে ঢাকার বড় পার্ক রমনায় হাঁটতে যান। ফেরার পথে অনেকের হাতে দেখা যায় কিছু সবজি। তারা সকলেই সাইকেল ভ্যানে বসা সবজির দোকানিদের কাছ থেকে সবজি কেনেন। তাছাড়া আশপাশের লেন থেকেও এই ভ্যানের বিক্রেতাদের কাছ থেকে সবজি কিনতে অনেকেই আসেন। কারণ, এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ঢাকার বড় পাইকারি সবজি বাজার, কাওরান বাজার। তাই এখানকার সবজি বিক্রেতারা দ্রুত পাইকারি বাজার থেকে টাটকা সবজি আনতে পারেন। পরিবহন খরচ কম হওয়ায় তারা তুলনামূলক কম দামে বিক্রি করতে পারেন।
জুন ২০২৪-এ এই সব ভ্যানে যে পরিমাণ সবজি দেখা যেত, বর্তমানে সেখানে অর্ধেক সবজি দেখা যায়। ষাটোর্ধ্ব এক সবজি বিক্রেতাকে এই সবজির পরিমাণ কমে গেছে কেন জানতে চাইলে তিনি উত্তর দেন, সবজির দাম বেড়ে গেছে, কিন্তু তার পুঁজি তো বাড়েনি। আগে তিনি হয়তো চার কেজি পটল আনতেন, এখন দুই কেজি আনেন। তাছাড়া তার কিছু পুঁজিও কমে গেছে।

পুঁজি কমে গেছে কেন জানতে চাইলে তিনি একটি বিস্মিত চোখে তাকিয়ে কিছুটা বিরক্তির স্বরে বললেন, আপনি এই দেশে থাকেন না? পুঁজি কেন কমে গেছে বোঝেন না? তার কঠোর জবাবের বিপরীতে খুবই বিনয়ের সঙ্গে বলি, দেখুন, সবজির দাম বেড়েছে, আপনি বেশি দামে বিক্রি করছেন, লাভ তো সমানই হচ্ছে—তা পুঁজি কমবে কেন?
তিনি আরও বিরক্ত হয়ে বললেন, ভাই, আমি কি শুধু সারাদিন সবজি বেচি? আমার সংসার নেই? মাংস না হয় বাদ দেন, সপ্তাহে একদিন মাছ বা ডিম তো আমাকে কিনতে হয়। ডাল না হয় বাদ দিলাম, চাল, আটা তো কিনতে হয়, সয়াবিন বা পাম তেল তো কিনতে হয়। সিলিন্ডারের গ্যাসে রান্না করতে হয়। এগুলোর দামের অবস্থা কী?
ততক্ষণে তিনি বেশ বিরক্ত। তারপরও তাকে প্রশ্ন করি, কিন্তু দাম বাড়াতে আপনার লাভ বেড়েছে না কমেছে? আমার নাছোড়বান্দা অবস্থায় তিনি কিছুটা বিরক্ত হয়েও উত্তর দিলেন, দেখুন, কোনো একটা ভালো শাক বা সবজির দাম কম থাকলে মানুষ এক কেজির জায়গায় দেড় কেজি কেনে। একটু বেশি খায়। আর দাম বাড়লে তখন এক কেজির জায়গায় কেউ ৫০০ গ্রাম, কেউ ৪০০ গ্রাম কেনে। বিক্রি বেশি হলে লাভ বেশি হয়, না বিক্রি কম হলে লাভ বেশি হয়?
মানুষটিকে আর বিরক্ত করি না। যেদিন ভোরে তার সঙ্গে কথা হচ্ছিল, তার আগের দিন বিকেলে সরকার সিলিন্ডারে থাকা ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১,৫৮৫ থেকে ১,৮৩৭ টাকা করেছে। তার একদিন আগেই বাংলাদেশের অধিকাংশ মিডিয়ায় খবর ছিল, ১২ কেজি এলপিজির সরকার ঘোষিত দাম ১,৫৮৫ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ২,৪৫০ থেকে ২,৫০০ টাকা। এটা রাজধানীর বাজারের দাম। গ্রামের দিকে খোঁজ নিয়ে জানি, সেখানে ২,৫০০ টাকার সঙ্গে আরও ৫০ থেকে ৬০ টাকা যোগ হচ্ছে। তাই নতুন দাম ১,৮৩৭ টাকা হওয়ায় ঢাকার বাজারে এর দাম নিঃসন্দেহে ৩ হাজার টাকা ছাড়াবে। গ্রামে এর সঙ্গে যোগ হবে ওই ৫০ থেকে ৬০ টাকা। গ্রামে এই দাম বাড়ার কারণ, ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। ঠিক একই অবস্থা গ্রামের দিকে সয়াবিন, পাম তেল ও কেরোসিনের।
বাস্তবে বাংলাদেশে সার্বিক পণ্যের মূল্যস্তর ২০২৪ থেকে ২০২৬-এ এসে বেড়েছে ১৫ শতাংশ। অন্যদিকে, খাদ্যপণ্যের মূল্যস্তর বাড়ার হিসাব নিয়ে ২০২৬-এ সরকারি হিসাবে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ২০২৬-এ খাদ্যপণ্যের মূল্যস্তর বেড়েছে ৭ থেকে ৮ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতিও কমে ৮ শতাংশের কিছু বেশি হয়েছে। কিন্তু এই ৮ শতাংশ যোগ হচ্ছে ২০২৫ সালে খাদ্যপণ্যে বাড়া ২০ শতাংশের ওপরে। তাই প্রকৃত হিসাবে ২০২৪-এর জুন থেকে ২০২৬-এর জুনে খাদ্যপণ্যের মূল্যস্তর বেড়েছে ২৮ শতাংশ।

সার্বিক পণ্যের মূল্যস্তর ১৫ শতাংশে থেমে থাকার একটি বড় কারণ, মানুষ অনেক পণ্য কেনা কমিয়ে দিয়েছে। পাশাপাশি বিলাসসামগ্রী বলে চিহ্নিত প্রয়োজনীয় পণ্যগুলোর আমদানি একপ্রকার বন্ধ করে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে ভারত, থাইল্যান্ড প্রভৃতি দেশ থেকে আসা ‘লাগেজ পার্টি’ বলে চিহ্নিত এক ধরনের আমদানিকারকের ওপর নির্ভর করতে হচ্ছে বিক্রেতাদের। বাংলাদেশের উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্তরা এসব পণ্যের ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার পণ্যে অভ্যস্ত। তাই তারা এগুলো কিনছে না বা কিনলেও কম কিনছে।
আর এই কম কেনার আরও অনেক কারণ আছে। যার ভেতর অন্যতম হলো, বাংলাদেশের শিল্প পুলিশের হিসাব অনুযায়ী এ যাবৎ মোট ৪৫৭টি শিল্পকারখানা বন্ধ হয়েছে। যারা শিল্প বা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত, তারা জানেন, ৪৫৭টি কারখানার সঙ্গে জড়িত বা সাবকন্ট্রাক্ট নেওয়া কারখানা অন্তত কয়েক হাজার থাকে। একটি ছোটখাটো বিস্কুট ব্র্যান্ডেরই তো সাবকন্ট্রাক্টে উৎপাদন করা বিস্কুট কারখানা থাকে কমপক্ষে ১০ থেকে ১৫টি।
তাহলে সরকারি হিসাবে ৪৫৭টি কারখানায় যে সংখ্যক মানুষ বেকার হয়েছেন, তার থেকে বাস্তবে এ মুহূর্তে বাংলাদেশে গত দুই বছরে বেকার হয়েছেন অনেক বেশি—তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া শ্রমবাজারের আরও একটি বিষয় আছে। একজন সাধারণ শ্রমিকের কাজ গেলে সে পরদিন দিনমজুরি বা রিকশা চালিয়ে রোজগারের দিকে যেতে পারে। কম হলেও সে কিছু রোজগার করতে পারে।
কিন্তু একজন এক্সিকিউটিভের চাকরি গেলে তার ওই মুহূর্তে সংসারে ব্যয় সংকোচন ছাড়া অন্য কোনো পথ থাকে না। আবার নতুন কিছু খরচ এসে তার সংসারে যোগ হয়। যেমন, কোম্পানির গাড়িটি হারিয়ে তখন তাকে উবার ব্যবহার করতে হয়। ছেলে-মেয়েদের জন্যও উবার ভাড়া দিতে হয়। এমনকি সেলফোন বিলটিও তাকে নিজে দিতে হয়।
একদিকে আয় না থাকা, অন্যদিকে নতুন নতুন খরচ যোগ হওয়ায় এই মানুষগুলো আর পোশাক-আশাকসহ নানান বিলাসসামগ্রীর বাজারে যেতে পারছে না, নিতান্ত প্রয়োজন ছাড়া। যার ফলে এই বিশাল ক্ষেত্রে পণ্য ও ক্রেতার অভাবে সামগ্রিক পণ্যমূল্য কম থাকছে। অর্থাৎ খাদ্যপণ্য থেকে পোশাক-আশাকসহ অন্যান্য পণ্য কম কেনার ভেতর যখন একটি বড় জনগোষ্ঠী ঢুকে যায়, তখন ধরেই নেওয়া হয় এক ধরনের নীরব দুর্ভিক্ষের মধ্যে ঢুকে যাচ্ছে দেশ। যা হয়তো এখনো খাদ্যাভাবে মৃত্যুর কারণ হচ্ছে না, তবে বড় অভাবের কারণ হচ্ছে। কারও কারও শরীর নীরব ক্ষয়ের দিকে চলে যাচ্ছে।
যেমন রাজধানীর গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় ২০২৪-এর জুন মাসে দিনমজুর, রিকশাওয়ালা, গাড়ির ড্রাইভার বা অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য রাস্তার পাশে সরবরাহকৃত দুই বেলার খাবারের মাসিক মূল্য ছিল ৩ হাজার টাকা। বর্তমানে সেটা ৬ হাজার টাকা। তারপরও সেখান থেকে বাদ গেছে মাংস, ডিম ও মাছের পরিমাণ। একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর মাসিক বেতন ১০ থেকে ১২ হাজার টাকা। ৬ হাজার টাকা নিজ খাবারের জন্য গেলে সে বাড়িতে কী নিয়ে যাবে? এ কারণে কেউ এক বেলা খাচ্ছে, কেউ বা ভাত, মাছ, মাংসের বদলে কলা, বিস্কুট আর চায়ের মাধ্যমে ক্ষুধা থামাচ্ছে।

অন্যদিকে, এই সরকার আসার পরে শেখ হাসিনার সরকারের চুক্তি করা আইএমএফের বাজেট সহায়তার কোনো কিস্তি পায়নি। কারণ, আইএমএফের পক্ষ থেকে বাজেট সহায়তা পাওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি শর্তগুলো অনেক কঠিন। এর ভেতর রিজার্ভ বাড়ানো, তেল-গ্যাস, বিদ্যুৎ ও সারে ভর্তুকি না দেওয়া, রাজস্ব আদায়ে সংস্কার, ব্যাংক খাতে সংস্কার ও দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা।
সরকার রিজার্ভ বাড়ানোর জন্য একদিকে যেমন বাজার থেকে ডলার কিনছে, অন্যদিকে কারখানার মেশিনারি আমদানিতেও অলিখিতভাবে ডলার সরবরাহ বন্ধ রেখেছে। জ্বালানি খাতে ভর্তুকি তো দিচ্ছেই না। বরং সাধারণত বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়লে সরকারি কর কমিয়ে দিয়ে বা কখনও কোনো রকম কর না নিয়েই বাজারে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়ে থাকে। কারণ, জ্বালানির দাম বাড়ার অর্থই হচ্ছে সবকিছুর মূল্য বেড়ে যাওয়া। এর ফলে সরকারের কাছে পরোক্ষ কর পৌঁছায় বেশি, কিন্তু সাধারণ মানুষের পকেট খালি হয়ে যায়।
তারপরও আইএমএফের সঙ্গে ২৯ অক্টোবর বৈঠক সামনে রেখে এই সরকার ৭ মাসে তিন দফা জ্বালানির মূল্য বাড়িয়েছে। যা বাংলাদেশের এ পর্যন্ত সময়ের রেকর্ড। অন্যদিকে, জ্বালানি অভাবে সার কারখানা বন্ধ ও ডলার অভাবে যথেষ্ট পরিমাণ সার আমদানি না হওয়ায় সার পাওয়ার জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি সারের গুদাম লুট হয়েছে—দেশের দুটি জেলায়।
ব্যাংক সংস্কার! ২০২৪-এর জুনে দেশে ঋণখেলাপির পরিমাণ ছিল ২ লাখ কোটি টাকার নিচে। এ মুহূর্তে ঋণখেলাপির পরিমাণ ৬ লাখ কোটি টাকার ওপরে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু আছে, তা বুঝতে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাই যথেষ্ট। তিনি বলেছেন, কোনো আওয়ামী লীগারকে পুলিশে ধরিয়ে দিতে পারলেই পুরস্কার। বাংলাদেশে সর্বশেষ ভালো নির্বাচন, ২০০৮ সালের নির্বাচনের ভোটের হার অনুযায়ী- দেশের ৫০ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতায় সরকারের উদ্যোগ নিয়ে কারও বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

অন্যদিকে, মেশিনারি আমদানি কমিয়ে দিয়ে বা বন্ধ রেখে এবং বাজার থেকে ডলার কিনে ডলার ধরে রাখা ও তার দাম ধরে রাখার একটি বিপরীত প্রতিক্রিয়ার জন্যও তো দেশের অর্থনীতিকে প্রস্তুত থাকতে হবে। একদিকে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। এ সময়ে নতুন কারখানা স্থাপনের জন্য অবাধে মেশিনারি আমদানি করতে পারছে না। এর ফলে কিছু দিনের মধ্যেই দেশে পণ্য উৎপাদন ও রপ্তানিতে ধাক্কা এবং নতুন শ্রমবাজার সৃষ্টি না হওয়ার একটি আঘাত অপেক্ষা করছে।
আর একটা পর্যায়ে গিয়ে তো ডলারকে বাজার দরে ছাড়তে হবে। তখন স্বাভাবিকভাবেই অতি দ্রুত ডলারের দাম বেড়ে যাবে। যা ২০২৩-এর দিকে বাংলাদেশে একবার ঘটেছে। ডলার ৮০ টাকা থেকে প্রায় এক লাফে একশ টাকা ছুঁয়েছিল। বর্তমানে ডলারপ্রতি প্রায় ১২২ টাকা। এতে যদি কম করেও ২০ টাকা লাফ দেয়, তাহলে ১৪২ টাকা হবে। ১৪২ টাকা ডলারের দামের ধাক্কা এই দুর্বল অর্থনীতির বাজারে কত জোরে লাগবে, তা বলার অপেক্ষা রাখে না।
আর ওই ধাক্কা ভ্যানে রেখে বিক্রি করা সবজিওয়ালার জীবন থেকে করপোরেট হাউস ও আমদানি-রপ্তানির জাহাজেও লাগবে।
লেখক: সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, সম্পাদক, সারাক্ষণ, The Present World.
(৮ অক্টোবর India Today-তে প্রকাশিত লেখার ভাষান্তর। মূল লেখার লিংক: https://www.indiatoday.in/opinion/story/bangladesh-economy-news-dhaka-inflation-rate-energy-crisis-imf-budget-tarique-rahman-government-itspc-3011379-2026-10-08 )
স্বদেশ রায়ের আরও লেখা
যখন শকুন নামে এই বাংলায়
ইন্দিরা গান্ধীর জন্মদিন: বাংলাদেশে সেক্যুলারিজমের জন্য সংগ্রাম
মৃত্যুর পরে
সরকারের কোর্টে প্রথম রাজনৈতিক বল ঠেলে দিলেন শেখ হাসিনা











