যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নাগরিক নন—এমন ব্যক্তিদের ভোট দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান আরও জোরদার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে দেশটির অন্তত ১৩টি অঙ্গরাজ্যে কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার ভোটারের তথ্য চেয়ে ১০০টির বেশি আইনি সমন জারি করা হয়েছে। এসব সমনের মাধ্যমে ভোটারদের নিবন্ধন, ভোট দেওয়ার তথ্য এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহের চেষ্টা চলছে।
গত তিন মাসে জারি করা সমনগুলোর বেশির ভাগই রাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তবে কিছু সমন বছরের শুরুতেই জারি করা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আগে যতটা জানা গিয়েছিল, তার চেয়ে অনেক বিস্তৃত পরিসরে এই উদ্যোগ চলছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে দেশটির নাগরিক নন—এমন ব্যক্তিদের ভোট দেওয়া বেআইনি। তবে আইন বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে ব্যাপক হারে অনাগরিকদের ভোট দেওয়ার অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ নেই।
নির্বাচনের ফলাফল খুব কাছাকাছি হলে এসব তদন্তের তথ্য পরবর্তী সময়ে ফল চ্যালেঞ্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছেন আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, অনাগরিকদের ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে। এতে অল্প ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়া আসনগুলোর ফল নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে।
১৩ অঙ্গরাজ্যে বিস্তৃত তদন্ত
প্রকাশ্য নথি চেয়ে করা আবেদন এবং রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাক্ষাৎকারের মাধ্যমে সমনগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের আওতায় রয়েছে ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত মিনিয়াপোলিস, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেসসহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর। পাশাপাশি টেক্সাস, কানসাস ও জর্জিয়ার মতো রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্যেও এই উদ্যোগ চলছে। এসব রাজ্যের কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র।
চিহ্নিত সমনগুলোর অন্তত ৪৯টি জারি করা হয়েছে গ্র্যান্ড জুরির ক্ষমতাবলে। অর্থাৎ, এগুলোর সঙ্গে ফৌজদারি তদন্তের সম্পর্ক রয়েছে। সাধারণত ফেডারেল সংস্থার সরাসরি জারি করা প্রশাসনিক সমনের তুলনায় গ্র্যান্ড জুরির সমন আদালতে চ্যালেঞ্জ করা কঠিন।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দাবি, অনাগরিকদের ভোট দেওয়ার ঘটনা নির্বাচনী ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য সমস্যা। এ ধরনের ঘটনা শনাক্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে ব্যাপক ফেডারেল উদ্যোগ প্রয়োজন। এ কাজে শত শত ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাকে নিয়োজিত করার কথাও জানিয়েছে প্রশাসন।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, নির্বাচনে বেআইনিভাবে ভোট দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির মুখোমুখি হতে হবে—এমন স্পষ্ট বার্তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নির্বাচনের অধিকার কেবল মার্কিন নাগরিকদেরই থাকা উচিত।
তবে একাধিক গবেষণা এবং বিভিন্ন নির্বাচনী তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, দেশটির ফেডারেল নির্বাচনে অনাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ফলে এ ধরনের ঘটনা মোকাবিলার নামে দেশজুড়ে বিস্তৃত তদন্ত চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভোটার তালিকা নিয়ে আদালতে ধাক্কা
অনাগরিক ভোটার শনাক্ত করার উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তর নির্বাচনী অভিযানের একটি অংশ। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সশস্ত্র কর্মকর্তারা কয়েকটি অঙ্গরাজ্যে বাসিন্দাদের অভিবাসন-সংক্রান্ত অবস্থান ও ভোট দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।
অন্যদিকে, সংবেদনশীল ব্যক্তিগত তথ্য রয়েছে—এমন ভোটার তালিকা দিতে অস্বীকৃতি জানানো ৩০টি অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা করেছে বিচার বিভাগ। এসব তথ্যের মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং সামাজিক নিরাপত্তা নম্বরের আংশিক তথ্য।
গত ২১ অক্টোবর ফেডারেল আদালত নয়টি অঙ্গরাজ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রমের বড় অংশ স্থগিত করে দেন। ভোটার তালিকা চেয়ে বিচার বিভাগের করা মামলাগুলোতেও আদালত এখন পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন। এসব মামলার অনেকগুলো অবশ্য এখনো আপিল পর্যায়ে রয়েছে।
এ অবস্থায় সমনের মাধ্যমে একই ধরনের ভোটার-সংক্রান্ত তথ্য সংগ্রহের আরেকটি পথ তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে বিরোধ দেখা দিলে এসব তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর। ফেডারেল সরকারের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত। অধিকাংশ অঙ্গরাজ্যের আইনে পরাজিত প্রার্থী বা ভোটারদের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার সুযোগ থাকলেও, ফলের স্বীকৃতি বা আনুষ্ঠানিক অনুমোদন বিলম্বিত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে বিচার বিভাগও।
ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বিতর্ক
ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি ক্যালিফোর্নিয়ায় এই বিরোধের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণে রাজ্যটির কয়েকটি আসনের ফল গুরুত্বপূর্ণ হতে পারে। ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা শেষ হতে প্রায়ই দীর্ঘ সময় লাগে। চূড়ান্ত ফল প্রকাশে কয়েক সপ্তাহও লেগে যায়।
চলতি মাসে বিচার বিভাগ দাবি করে, ক্যালিফোর্নিয়ায় ২০ হাজারের বেশি এমন ব্যক্তি ডাকযোগে ভোট দেওয়ার ব্যালট পেয়েছেন, যাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের ‘সম্ভাব্য অনাগরিক’ হিসেবে চিহ্নিত করে নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত তাঁদের দেওয়া ভোট গণনা না করার দাবি জানায় বিভাগটি।
ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, ফেডারেল সরকারের তৈরি তালিকাটি নির্ভরযোগ্য নয়। তালিকায় থাকা ২০০টি ভোটার নিবন্ধন পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ ব্যক্তির জন্ম যুক্তরাষ্ট্রে হয়ে থাকতে পারে। ফলে তালিকায় ভুলভাবে নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিচার বিভাগ অনাগরিক ভোটার-সংক্রান্ত তদন্তে সমন ব্যবহারের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। তবে বিভাগটি জানিয়েছে, প্রমাণ যে দিকেই নিয়ে যাক, আইন প্রয়োগ করা হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি।
নির্বাচন কর্মকর্তা ও আইনজীবীদের একাংশ মনে করছেন, এ ধরনের তদন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়—এমন একটি ভুল ধারণাকে আরও শক্তিশালী করতে পারে। দেশটির রাজনৈতিক পরিবেশ যখন গভীরভাবে বিভক্ত, তখন অল্প ব্যবধানে পরাজিত ট্রাম্প-সমর্থিত প্রার্থীরা এসব অভিযোগকে নিজেদের পরাজয়ের বৈধতা প্রশ্নবিদ্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।
জর্জ ডব্লিউ বুশের রিপাবলিকান প্রশাসনের সময় অ্যারিজোনার ফেডারেল কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করা পল চার্লটন এই সমন অভিযানকে স্থানীয় ও রাজ্য নির্বাচন কর্মকর্তাদের জন্য ‘স্পষ্টতই মনোযোগ সরিয়ে দেওয়ার উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিজ্ঞতায়, যাঁদের ভোট দেওয়ার অধিকার নেই, এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে ঠিকই; কিন্তু ঘটনা এতটাই বিরল ছিল যে নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
অভিযোগ বাড়লেও প্রমাণ কতটা?
ট্রাম্প আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে অনাগরিকদের ভোট দেওয়ার অভিযোগে অন্তত ১৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন কৌঁসুলিরা। আদালতের নথি ও ফেডারেল রেকর্ড বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত ১০২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তবে এসব মামলার অধিকাংশের নিষ্পত্তি এখনো হয়নি। ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়া মানুষের সংখ্যার তুলনায় অভিযোগের সংখ্যা প্রতি ১০ লাখ ভোটারের একজনেরও কম।
বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প—দুই প্রশাসনেই বিচার বিভাগের আইনজীবী হিসেবে কাজ করা বেন বারউইক মনে করেন, এসব তদন্ত নির্বাচনের পর আইনি চ্যালেঞ্জ তৈরির ক্ষেত্র প্রস্তুত করছে। তাঁর মতে, এমন চ্যালেঞ্জের আইনি ভিত্তি দুর্বল হলেও তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
বারউইক বর্তমানে নির্বাচন আইন ও মামলা পরিচালনা নিয়ে কাজ করা সংগঠন প্রটেক্ট ডেমোক্রেসির একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর আশঙ্কা, ট্রাম্প-সমর্থিত কোনো প্রার্থী পরাজিত হলে তিনি দাবি করতে পারেন যে সন্দেহভাজন অনাগরিক ভোটের কারণে প্রকৃত বিজয়ী নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। এমন যুক্তিতে কিছু ব্যালট কিংবা পুরো নির্বাচনের ফল বাতিলের আবেদনও করা হতে পারে।
এবারের নির্বাচনে ঝুঁকিও অনেক বেশি। কংগ্রেসের সিনেটে নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের চারটি আসন এবং প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পেতে পাঁচটি আসন বাড়াতে হবে। যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ পেলেই তারা ট্রাম্প প্রশাসন এবং তাঁর পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার ক্ষমতা পাবে।
ম্যাসাচুসেটস থেকে মিনেসোটা—বিভিন্ন রাজ্যে সমন
মিনেসোটা ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের শক্তিশালী রাজ্য হলেও এবার সেখানে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে কঠিন হয়ে উঠেছে। রাজ্যটির অ্যানোকা ও হেনেপিন কাউন্টিতে কয়েক ডজন ব্যক্তির ভোটের রেকর্ড চেয়ে সমন জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই এলাকাগুলোতে অভিবাসনবিরোধী ফেডারেল অভিযানও জোরদার করা হয়েছে।
এখন পর্যন্ত ওই দুই কাউন্টির অন্তত আটজনের বিরুদ্ধে অনাগরিক হিসেবে ভোট দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তবে সব মামলাই চলমান; এখনো কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি।
ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো কাউন্টিসহ ডেমোক্র্যাট-সমর্থিত এলাকাগুলোর সরকারকে অন্তত ১৭টি সমন দিয়েছে বিচার বিভাগ। রাজ্যটিতে প্রতিনিধি পরিষদের অন্তত দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। ভোট গণনায় বিলম্বের কারণে ফল প্রকাশের আগের সময়টিতে অনাগরিক ভোটের অভিযোগ আরও জোরালোভাবে প্রচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।
অনুসন্ধানে মারিন ও ফ্রেসনো কাউন্টির ভোটারদের তথ্য চেয়ে আগে প্রকাশ্যে না আসা সমনের তথ্যও পাওয়া গেছে। ফ্রেসনো ক্যালিফোর্নিয়ার ২২তম কংগ্রেসনাল জেলার অন্তর্ভুক্ত, যা এবারের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিলাডেলফিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভোটের নথি চেয়ে তাঁরা অন্তত চারটি সমন পেয়েছেন। অন্যদিকে, ম্যাসাচুসেটসের অন্তত আটটি শহর ও জনপদে গ্র্যান্ড জুরির সমন পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়টির তথ্য আগে প্রকাশ্যে আসেনি। রাজ্যটির ভোটার তালিকা চেয়ে প্রশাসনের করা কিছু দাবি আদালতে বাধার মুখে পড়েছিল।
ম্যাসাচুসেটসের অন্তত তিনটি সমনে নিবন্ধিত সব ভোটারের তালিকা চাওয়া হয়েছে। এতে নাম, ঠিকানা, দলীয় পরিচয়, জন্মতারিখ, ভোটার নিবন্ধনের অবস্থা এবং পরিচয় শনাক্তকরণ নম্বরের মতো তথ্য অন্তর্ভুক্ত ছিল।
একটি শহর থেকে প্রকাশ্য নথি চেয়ে পাওয়া চিঠিতে সমন পাওয়ার বিষয়টি বা তা মেনে চলার তথ্য অন্য কারও কাছে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছিল। তবে চিঠিতে স্পষ্ট করা হয়, গোপনীয়তা বজায় রাখার অনুরোধটি বাধ্যতামূলক নয়।
ম্যাসাচুসেটসের লিন শহরে বিপুলসংখ্যক হিস্পানিক বাসিন্দা রয়েছেন। সেখানে ২৫ থেকে ৩০ জনের ভোটের নথি চেয়ে সমন পাঠানো হয়। শহরটির নির্বাচনপ্রধান জেমস লামান্না জানান, এখন পর্যন্ত এমন একজনের ঘটনা পাওয়া গেছে, যিনি ভোট দেওয়ার যোগ্য না হয়েও নির্বাচনে ভোট দিয়েছিলেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা নির্বাচনের সামগ্রিক বিশ্বাসযোগ্যতা বিপন্ন করার মতো ব্যাপক সমস্যার প্রমাণ নয়।
অ্যারিজোনা, ওয়াশিংটন, নিউইয়র্ক, কানেকটিকাট, ইউটাহ ও মিশিগানেও ভোটার-সংক্রান্ত সমন জারি করা হয়েছে।
ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন
ট্রাম্প বারবার দাবি করেছেন, অনাগরিকদের ভোট দেওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার জন্য বড় হুমকি। রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনও দীর্ঘদিন ধরে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তাদের বক্তব্য, ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের দুর্বল পদ্ধতি বেআইনি ভোট দেওয়ার সুযোগ তৈরি করে এবং অল্প ব্যবধানে নির্বাচনের ফল বদলে যেতে পারে।
তবে ভোটাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, বিভিন্ন সময়ের পর্যালোচনায় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো ব্যাপক অনাগরিক ভোটের প্রমাণ পাওয়া যায়নি। প্রশাসনিক ভুল বা সফটওয়্যারের ত্রুটির কারণে অনেক অনাগরিকের নাম ভোটার তালিকায় উঠে আসতে পারে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় এমন ভুল নিবন্ধন ঘটেছে। কিন্তু রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য, তাঁদের মধ্যে খুব অল্পসংখ্যক ব্যক্তি বাস্তবে ভোট দিয়েছেন।
জুলাইয়ে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর প্রশাসন ২ লাখ ৭৫ হাজারের বেশি অনাগরিক ভোটার শনাক্ত করেছে। হোয়াইট হাউস জানিয়েছিল, ডেমোক্র্যাট-সমর্থিত চারটি রাজ্যে এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্যগুলোর কর্মকর্তারা এই দাবির বিরোধিতা করেন।
নেভাদায় ফেডারেল কর্মকর্তারা প্রথমে ভোটার তালিকায় প্রায় ১৬ হাজার সম্ভাব্য অনাগরিক থাকার কথা বলেছিলেন। পরে তাঁরা সেই সংখ্যা কমিয়ে ২০০-এর নিচে নামিয়ে আনেন। পরবর্তী যাচাইয়ে নেভাদার কর্মকর্তারা জানান, তালিকায় অবশিষ্ট ব্যক্তিরাও সবাই মার্কিন নাগরিক।
তা সত্ত্বেও নতুন নতুন অভিযোগ সামনে আনা হচ্ছে। চলতি সপ্তাহে ওয়াশিংটন অঙ্গরাজ্যে ফেডারেল কৌঁসুলিরা দাবি করেন, ৪০০ জনের বেশি অনাগরিককে ভোটার হিসেবে নিবন্ধিত বলে শনাক্ত করা হয়েছে। নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত তাঁদের দেওয়া বর্তমান ব্যালটগুলো আলাদা করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
ওয়াশিংটনের পররাষ্ট্রসচিবের কার্যালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পৃথক ভোটারদের তথ্য চেয়ে তারা ফেডারেল কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ৬০টি সমন পেয়েছে।
ক্যালিফোর্নিয়ায় নাগরিকত্ব যাচাই নিয়ে টানাপোড়েন
গত ১৯ অক্টোবর বিচার বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই বৈধ স্থায়ী বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে অনাগরিক হিসেবে ভোট দেওয়া অথবা ভোটদান ও নাগরিকত্ব পাওয়ার আবেদনের নথিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।
ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তারা এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মনোযোগ সরিয়ে দেওয়ার প্রচেষ্টা বলে সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যটিতে ২ কোটি ৩০ লাখের বেশি নিবন্ধিত ভোটারের তুলনায় এখন পর্যন্ত সামনে আসা অভিযোগের সংখ্যা অত্যন্ত নগণ্য।
অন্যদিকে, প্রশাসন তার দাবি বাস্তবায়নে সহযোগিতা না করলে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, ২০ হাজার সম্ভাব্য অনাগরিক ভোটারের তালিকা নিয়ে ব্যবস্থা না নিলে তাঁদের বিচারের মুখোমুখি করার হুমকি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপসহকারী অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটারের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ায় এসব অভিযোগ সামনে আনা হয়েছে। তবে গত সপ্তাহে ম্যাককটার স্বীকার করেছেন, তালিকায় মার্কিন নাগরিকও থাকতে পারেন।
তিনি বলেন, “আমরা নিখুঁত নই।”
সব মিলিয়ে, অনাগরিকদের ভোট দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার নামে ট্রাম্প প্রশাসনের এই বিস্তৃত অভিযান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি করেছে। বেআইনি ভোটের ঘটনা শনাক্ত করা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা রক্ষা—দুটিই গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগের যথার্থতা নিশ্চিত না করে বিপুলসংখ্যক ভোটারের তথ্য সংগ্রহ কিংবা তাঁদের ভোট নিয়ে আগাম প্রশ্ন তোলা হলে তা নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনসাধারণের আস্থা দুর্বল করতে পারে। বিশেষ করে ফলাফল যখন অল্প ব্যবধানে নির্ধারিত হবে, তখন এই তদন্তের প্রভাব নির্বাচনের পরও দীর্ঘস্থায়ী হতে পারে।












