ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি এলাকায় সহিংস ঘটনা ঘটে। সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। অন্যদিকে, কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেখানে পুলিশের একটি বক্সেও আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
সফিপুরে গাড়িতে আগুন, স্লোগান ‘আমরা চালাচ্ছি’
সকাল ১১টার দিকে সফিপুর এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে ‘শফিপুর আমরা চালাচ্ছি’ বলে স্লোগান দিতে শোনা যায়। শ্রমিকদের বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকে হামলা
শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তবে ব্যাংকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কোনাবাড়ীতে পুলিশের বক্সে আগুন, সংঘর্ষ
অন্যদিকে, কোনাবাড়ীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি বক্সে আগুন দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনাবাড়ী এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছিল। শ্রমিকদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংক ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। কোনাবাড়ীতে পুলিশের বক্সে আগুন দেওয়ার খবরও পেয়েছেন তাঁরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।












