চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
গ্রেপ্তার আতঙ্কে রাতে বাড়িতে থাকতেন না
পরিবারের সদস্য ও নিহতের ছেলে তামিমের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান।
পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শরীরে আঘাতের চিহ্ন
উদ্ধার করা মরদেহের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।
এদিকে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।












