পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক মানুষ এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য দেন। প্রশ্নটি করেছিলেন বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
সরকারি হিসাব অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীগুলো বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি হামলা চালিয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ওপর হামলা হয়েছে ৮১টি। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যদের ওপর হামলা হয়েছে ৯৭টি। আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক মানুষ এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
হত্যা ও হামলার বাইরে অপহরণ আর চাঁদাবাজিও পাহাড়ের বড় সমস্যা। মন্ত্রীর দেওয়া তথ্যে পাঁচ বছরে ১৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রসংক্রান্ত ৩৭৭টি ঘটনার কথা বলা হয়েছে। পাহাড়ের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটন খাত এর সরাসরি শিকার।
সরকার বলছে, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন উত্তরণ” চলছে। এর লক্ষ্য কেএনএফ, ইউপিডিএফ ও জেএসএসের মতো গোষ্ঠী এবং অবৈধ অস্ত্র উদ্ধার। এসব গোষ্ঠীর কয়েক শ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিশেষ বাহিনী টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। গোষ্ঠীগুলোর অর্থের উৎসও নজরে রাখা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর অঞ্চলগুলোর একটি। কিন্তু অস্থিরতা সেখানকার মানুষের জীবন ও জীবিকাকে বারবার আটকে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে সাজেকে পর্যটন বন্ধ থাকাও তার একটি উদাহরণ। পাঁচ বছরে ৩১৬ প্রাণ, এই সংখ্যা মনে করিয়ে দেয়, পাহাড়ে টেকসই শান্তি এখনো অধরা। অভিযানের পাশাপাশি আস্থা ফেরানোর উদ্যোগও তাই জরুরি।












